১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

‘সহিংসতা শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে’—নারী নির্যাতন রোধে পুরুষদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার দাবিতে সুইজারল্যান্ডে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল।

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

সুইজারল্যান্ডের রাজধানীতে বিক্ষোভ। ছবি: ফেইসবুক/আল-জাজিরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 08:50 PM

Updated : 15 Nov 2026, 08:52 PM

নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সুইজারল্যান্ডের শত শত পুরুষ। বিক্ষোভে অংশ নিয়ে তারা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে লড়তে পুরুষদের আরও কার্যকর ভূমিকা পালনের দাবি জানান।

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে পার্লামেন্ট ভবনের সামনে শনিবার ‘নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এই বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

অনলাইনে কিশোর ও তরুণদের মধ্যে নারীবিদ্বেষ অনেক বেড়ে গেছে- এ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এর বিরুদ্ধে অন্য পুরুষদেরও জোরালো প্রতিবাদ গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকে রাজপথে এই বিক্ষোভ হয়।

“ডানপন্থি ‘ম্যানোস্ফিয়ার’ নেটওয়ার্ক এই নারীবিদ্বেষী ধারণাগুলো ছড়িয়ে দিচ্ছে। এটি মূলত অনলাইন ফোরাম ও ইনফ্লুয়েন্সারদের এমন একটি অনলাইন নেটওয়ার্ক, যারা পুরুষের শ্রেষ্ঠত্ব প্রচার করে, নারীবাদের বিরোধিতা করে এবং বিদ্বেষ ছড়ায়।”

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, “২০২৪ সালে ডনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর এই ধরনের ইনফ্লুয়েন্সাররা আরও সাহস পেয়ে গেছে। তারা এখন অনলাইনে নারীদের নিয়ে উপহাস এবং হুমকি দেওয়ার বিষয়গুলোকে বৈধতা দেওয়া এবং আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে উৎসাহিত হচ্ছে।”

মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে মিলে বিক্ষোভ সমাবেশের সহ-আয়োজক ছিলেন ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টোফ গোস্টেলি। তিনি বলেন, “নারী ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষদের ওপর যে সহিংসতা হচ্ছে, তার জন্য আমরা পুরুষরাও দায়ী।

“সেকারণেই আমাদের শক্ত অবস্থান নেওয়া এবং একথা বলা জরুরি যে, আমরা আর এই সমস্যার অংশ হতে চাই না, বরং সমাধানের অংশ হতে চাই।”

“সুইজারল্যান্ডের পুরুষ ও বাবাদের বিভিন্ন সংগঠনের জোট ‘মেনকেয়ার’ এবং জুরিখ বিশ্ববিদ্যালয় গত জুনে একটি যৌথ জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের অর্ধেকই পুরুষত্ব নিয়ে বেশ ‘রক্ষণশীল ও আধিপত্যবাদী ধারণা’ পোষণ করেন। তাদের ধারণা, সমাজে ‘আসল পুরুষরা’ দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে।”

জরিপে বলা হয়েছে, পুরুষত্বের যেসব পুরোনো ধারণা সহিংসতা বাড়ায়, তা নিয়ে গোটা সমাজে আলোচনা শুরু করতে হবে। আর এই আলোচনা স্কুল থেকেই শুরু করা উচিত।

নারীদের ওপর অনলাইন সহিংসতা বা অপব্যবহারের ঝুঁকি নিয়ে চলতি মাসের শুরুতে আয়োজিত একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন সুইজারল্যান্ডের আইন বিষয়ক মন্ত্রী বিট জান্স ।

২ নভেম্বরের বক্তব্যে তিনি বলেন, সুইজারল্যান্ডে সংঘটিত সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটি পুরুষেরা করে থাকেন। ধর্ষণের ক্ষেত্রে এ হার ৯৯ শতাংশ পর্যন্ত।

জান্স এও বলেন, “সব পুরুষই এমন তা নয়। তবে আমাদের এটিও স্বীকার করতে হবে যে, প্রায় সব ক্ষেত্রে পুরুষরাই এই কাজগুলো করে।”

“পুরুষদের সহিংসতা প্রথমে আঘাত করা দিয়েই শুরু হয় না; বরং এটি শুরু হয় অবমাননাকর বা তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য দিয়ে। এক্ষেত্রে আমাদের সব পুরুষেরই একটি দায়িত্ব রয়েছে।’”