পিএসএলে ৯ কোটি ১৫ লাখ রুপিতে রাওয়ালপিন্ডিজে শর্ট
নিউ জিল্যান্ডের দুই পেসার লকি ফার্গুসনকে ৭ কোটি ৬৩ লাখ রুপিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ম্যাট হেনরিকে ৭ কোটি ৭ লাখ রুপিতে ইসলামাবাদ ইউনাইটেড সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।
আগে একবার দল পেয়েও চোটের কারণে খেলা হয়নি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ আবারও এসেছে ম্যাথু শর্টের সামনে। দ্বাদশ আসরের জন্য অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটসম্যানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রাওয়ালপিন্ডিজ।
গত দুটি আসরে খেলেননি, এমন একজন করে বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ দেওয়া হয় পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের। আট দলের মধ্যে ছয় দল সুযোগটি কাজে লাগিয়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু গত আসরের ফাইনালিস্ট পেশাওয়ার জালমি ও হায়দরাবাদ কিংসমেন।
একাদশ আসরে ১০ ম্যাচে স্রেফ একটি জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রাওয়ালপিন্ডিজ সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। শর্টকে ৯ কোটি ১৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে তারা।
এর আগে ২০২৫ সালের আসরের জন্য শর্টকে দলে নিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড, কিন্তু চোটের কারণে পরে নাম প্রত্যাহার করে নেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি সেঞ্চুরি আছে ৩১ বছর বয়সি এই ক্রিকেটারের। ১৭৫ ম্যাচে ১৪৫.২৮ স্ট্রাইক রেটে তার রান সাড়ে চার হাজারের একটু বেশি। কার্যকর অফ স্পিন বোলিংও করেন তিনি, এই সংস্করণে উইকেট আছে ৮১টি।
সরাসরি চুক্তিতে দলে নেওয়া ছয় ক্রিকেটারের মধ্যে তিন জনই ফাস্ট বোলার। নিউ জিল্যান্ডের দুই পেসার লকি ফার্গুসনকে ৭ কোটি ৬৩ লাখ রুপিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও ম্যাট হেনরিকে ৭ কোটি ৭ লাখ রুপিতে ইসলামাবাদ ইউনাইটেড দলে নিয়েছে।
মুলতান সুলতান্স সাড়ে ৫ কোটি রুপিতে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান পেসার ল্যান্স মরিসকে। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি।
গত আসরে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে দলে রাখা করাচি কিংস এবার ইংলিশ লেগ স্পিনার আদিল রাশিদকে নিতে খরচ করেছে ৬ কোটি ২০ লাখ রুপি। এছাড়া লাহোর কালান্দার্স ৬ কোটি ৩৮ লাখ রুপিতে দলে নিয়েছে শ্রীলঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে।
সরাসরি চুক্তিবদ্ধ এই ছয় ক্রিকেটারের কেউই এর আগে পিএসএলে খেলেননি।
আগামী ২৩ জানুয়ারির নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আগের আসরের স্কোয়াড থেকে সর্বোচ্চ সাত জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তবে যেসব দল সরাসরি চুক্তির সুযোগ কাজে লাগিয়েছে, তারা গত বছরের স্কোয়াড থেকে ছয় জনকে ধরে রাখতে পারবে।
আগামী বছরের ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত হবে পিএসএল, যা আইপিএলের সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হবে। টানা তৃতীয়বারের মতো আইপিএল চলাকালীন সময়ে হতে যাচ্ছে পিএসএল।
