০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পারিশ্রমিক কমিয়ে চেন্নাইয়ে লিভিংস্টোন

সানরাইজার্স হায়দরাবাদকে খালিল আহমেদ ও ন্যাথান এলিসকে দিয়ে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

পারিশ্রমিক কমিয়ে চেন্নাইয়ে লিভিংস্টোন

লিয়াম লিভিংস্টোন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 07:23 PM

Updated : 05 Nov 2026, 07:23 PM

আইপিএলের নতুন আসরে নজর রেখে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দুই ক্রিকেটারের ‘ট্রেড’ করেছে চেন্নাই সুপার কিংস। খালিল আহমেদ ও ন্যাথান এলিসকে দিয়ে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

গত আইপিএল নিলামে ১৩ কোটি রুপিতে লিভিংস্টোনকে দলে টানে হায়দরাবাদ। তবে পারিশ্রমিক কমিয়ে ৬ কোটি রুপিতে চেন্নাইয়ে যোগ দেবেন ইংলিশ ক্রিকেটার।

গত আইপিএলে হায়দরাবাদের হয়ে স্রেফ দুটি ম্যাচ খেলেন লিভিংস্টোন। সব মিলিয়ে চার দলের হয়ে আইপিএলে মোট ৫১ ম্যাচে মাঠে নামেন তিনি। এই প্রতিযোগিতায় তার নামের পাশে রান এক হাজার ৬৬। পার্টটাইম স্পিনার হিসেবে হাত ঘুরিয়ে শিকার ধরেছেন ১৩টি।

অস্ট্রেলিয়ার উদীয়মান পেস বোলিং অলরাউন্ডার এডওয়ার্ডস চেন্নাইয়ে যোগ দেবেন তার বর্তমান পারিশ্রমিক তিন কোটি রুপিতেই। আর চার কোটি ৮০ লাখ রুপিতে ভারতীয় পেসার খালিল এবং দুই কোটি রুপিতে অস্ট্রেলিয়ান পেসার এলিসকে নিয়েছে হায়দরাবাদ।

২০২৬ এর নিলামে চেন্নাইয়ের চেয়ে বেশি দর হাঁকিয়ে এডওয়ার্ডসকে দলে নেয় হায়দরাবাদ। তবে পায়ের চোটে পুরো মৌসুমই খেলতে পারেননি তিনি। নিলামে না পেলেও এবার ‘ট্রেড’ করে এই ক্রিকেটারকে দলে টানল চেন্নাই।

চলতি বছর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়েছে এডওয়ার্ডসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই পাঁচ উইকেট নেন তিনি।

চলতি বছরের শুরুতে দা হানড্রেডে সানরাইজার্স লিডসের হয়ে খেলেন এলিস। আইপিএলের আগামী মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি। চোটের কারণে গত আইপিএলে খেলতে পারেননি এলিস। দুই মৌসুমে চেন্নাইয়ের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই দল ছাড়ছেন তিনি।

হায়দরাবাদেও পরিচিত মুখ খালিল। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দলটির হয়ে খেলেছেন তিনি। আর ২০২৬ আইপিএলে চেন্নাইয়ের হয়ে পাঁচ ম্যাচ খেলার পর উরুর চোটে ছিটকে যান এই বাঁহাতি পেসার। হায়দরাবাদে তার সঙ্গে থাকবেন থাঙ্গারাসু নাটারাজানও। দিল্লি ক্যাপিটালস থেকে ট্রেডের মাধ্যমে এই বাঁহাতি পেসারকেও দলে নিয়েছে তারা।

২০২৭ আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত করার সময়সীমা দুই দিন বাড়িয়ে ১৭ নভেম্বর করা হয়েছে। এক দিনের ‘মিনি’ নিলামটি হবে ১৬ ডিসেম্বর, গোয়ায়।