পণ্যের দাম ঠিক করে দিচ্ছে এআই, বিপদে ব্ল্যাক ফ্রাইডের ক্রেতারা
পণ্যের মজুত নিয়ন্ত্রণ, খুচরা দাম নির্ধারণ এবং কখন ও কী পরিমাণ ছাড় দেওয়া হবে তা ঠিক করতে এআই টুল ব্যবহার করছে বিভিন্ন ব্র্যান্ড।
মুনাফার মার্জিন ধরে রাখতে পণ্যের দাম নির্ধারণে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে ভোগ্যপণ্য ব্র্যান্ডগুলো। যথাসম্ভব মূল্যছাড় কমিয়ে মুনাফা ধরে রাখাই তাদের লক্ষ্য।
ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের এআই টুল সরবরাহকারী পাঁচটি কোম্পানির সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে। তাদের মতে, মূল্যছাড়ের জন্য পরিচিত ‘ব্ল্যাক ফ্রাইডে’ দিয়ে শুরু হওয়া এবারের ছুটির মৌসুমে মার্কিন ক্রেতারা তুলনামূলক কম ছাড় পেতে পারেন। এর মধ্যে মূল্যস্ফীতির চাপে রয়েছেন দেশটির ক্রেতারা।
মূল্যস্ফীতি ও শুল্কজনিত দাম বাড়ার সঙ্গে লড়াই করা মার্কিন ভোক্তাদের জন্য এটা বাড়তি মাথাব্যথার কারণও হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিই ছিল মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের প্রধান উদ্বেগ। আর এ নির্বাচনেই ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
‘গ্যাপ’ থেকে শুরু করে ‘আন্ডার আর্মার’সহ বিভিন্ন ব্র্যান্ড এআই টুল ব্যবহার করছে। এর মাধ্যমে পণ্যের মজুত নিয়ন্ত্রণ, খুচরা দাম নির্ধারণ এবং কখন ও কী পরিমাণ ছাড় দেওয়া হবে তা ঠিক করছে তারা।
এআই প্রাইসিং কোম্পানিগুলো বলছে, এসব টুল প্রায়ই এমন সিদ্ধান্ত নেয়, যেখানে চাহিদা না কমিয়েই কোম্পানিগুলো মূল্যছাড়ে রাশ টানতে পারে।
খুচরা বিক্রয় নিয়ে সিদ্ধান্তের বেলায় সফটওয়্যার নির্মাতা কোম্পানি ‘ইমপ্যাক্ট অ্যানালিটিক্স’-এর সেবা নিচ্ছে ফ্যাশন ব্র্যান্ড গ্যাপ।
গ্যাপের একজন মুখপাত্র বলেছেন, চাহিদা ও মজুতের ওপর ভিত্তি করে মূল্যহ্রাসের বিষয়ে ‘আরও তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত’ নিতে ব্র্যান্ডটি ইমপ্যাক্ট অ্যানালিটিক্স ব্যবহার করছে।
সেই তথ্যসমৃদ্ধ সিদ্ধান্তটি কী? প্রধান নির্বাহী প্রশান্ত আগারওয়াল বলেছেন, তাদের সফটওয়্যার থেকে জানা যায় কীভাবে “কম পণ্যের ওপর, কম সময়ের জন্য ও কম সংখ্যক প্রোমোশনাল অফারই যথেষ্ট” হবে।
এআই প্রাইসিং ফার্ম ‘ক্যাপনোভা’র প্রধান নির্বাহী জেমস সান বলেছেন, তাদের টুল শত কোটি ডলারের এক বিউটি ব্র্যান্ডকে পরামর্শ দিয়েছে, যেন এবারের ব্ল্যাক ফ্রাইডেতে একটি স্কিনকেয়ার পণ্যের ছাড় প্রাথমিক পরিকল্পনার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়।
প্রাইভেসির কারণে তিনি গ্রাহক কোম্পানিটির নাম প্রকাশ করতে রাজি হননি।
জেমস সান বলেছেন, “যত বেশি কোম্পানি তাদের চাহিদা বুঝতে পারবে ও আরও নিখুঁতভাবে তা বিশ্লেষণ করবে, ব্ল্যাক ফ্রাইডেতে ভোক্তারা তত কম ছাড় দেখতে পাবেন।”
‘ন্যাশনাল রিটেইল ফেডারেশন’-এর অনুমান বলছে, ২০২৫ সালের তুলনায় এবার ছুটির মৌসুমে বিক্রি ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে এই বৃদ্ধির পেছনে ৩ দশমিক ৭ শতাংশে থাকা মূল্যস্ফীতির হারই বড় ভূমিকা রাখবে।
এআই প্রাইসিং ফার্মগুলোর অ্যালগরিদম মেশিন লার্নিং ব্যবহার করে। এর মাধ্যমে এরা বিক্রির তথ্য, পণ্যের মজুত, প্রতিযোগীদের দাম, আবহাওয়া ও অর্থনৈতিক পরিস্থিতি সমন্বয় করে রিয়াল-টাইমে পরিবর্তনশীল চাহিদার পূর্বাভাস দেয়।
বিশেষজ্ঞ ও শিল্প খাতের নির্বাহীরা বলছেন, এই প্রযুক্তি একেবারে নতুন না হলেও নির্দিষ্ট দামে পণ্যের চাহিদা অনুমানের ক্ষেত্রে গেল দুই বছরে এটা আরও সূক্ষ্ম ও উন্নত হয়েছে এবং এর ব্যবহার দ্রুত বাড়ছে।
‘আন্ডার আর্মার’ ও ‘ফ্যামিলি ডলার’-এর মতো কোম্পানির সফটওয়্যার সরবরাহকারী এআই কোম্পানি ‘ফার্স্ট ইনসাইট’-এর প্রতিষ্ঠাতা গ্রেগ পেট্রো বলেছেন, তাদের টুল সম্প্রতি একটি ব্র্যান্ডকে ‘বাই-ওয়ান-গেট-ওয়ান’ প্রোমোশনে ছাড়ের হার ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার পরামর্শ দিয়েছে।
তিনিও গ্রাহকের নাম প্রকাশ করেননি।
খুচরা বিক্রেতা থেকে বিলাসবহুল ব্র্যান্ড
ভোগ্যপণ্যের বাজারের প্রায় সব স্তরের কোম্পানিই এখন এআই নিয়ে কাজ করছে। তবে তারা কীভাবে এটা ব্যবহার করছে সে বিষয়ে খুব কম কোম্পানিই মুখ খুলছে।
খুচরা বিক্রয় প্রযুক্তি কোম্পানি ‘ফার্স্ট ইনসাইট’ বলেছে, কোনো পণ্যের দাম কত নির্ধারণ করা হবে ও দামের পরিবর্তনে বিক্রিতে কী প্রভাব পড়বে তা অনুমান করতে আন্ডার আর্মার ও ফ্যামিলি ডলার তাদের তৈরি এআই সমাধান ব্যবহার করছে।
এআই-চালিত পরিকল্পনা প্ল্যাটফর্ম ‘অ্যানাপ্ল্যান’ বলেছে, ‘এলভিএমএইচ’-এর মালিকানাধীন ‘টিফানি’, ‘ডলচে অ্যান্ড গাবানা’ ও কেরিংয়ের ‘ইভ সঁ লোঁ’ দাম নির্ধারণের জন্য তাদের সফটওয়্যার ব্যবহার করছে।
এই ব্র্যান্ডগুলোসহ ডজনখানেকের বেশি ব্র্যান্ডের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রাইস অপ্টিমাইজেশন প্ল্যাটফর্ম ‘স্পার্কবক্স’-এর সহ-প্রতিষ্ঠাতা লিন্ডসে ফিশার বলেছেন, অবিক্রিত পণ্য সরাতে বা নতুন ক্রেতা টানতে এইচআর’রা হয়ত বড় ধরনের মূল্যছাড় দেওয়ার প্রলোভনে পড়তে পারেন। তবে অল্প ছাড়েই কাজ হয়ে গেলে এআই সফটওয়্যার ‘নিজের অবস্থানে অটল থাকার আত্মবিশ্বাস রাখে’।
তাদের কোম্পানি নিউ ব্যালেন্সের সঙ্গে কাজ করে। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি নিউ ব্যালেন্সও।
‘স্পল্ডিং রিজ’-এর পরামর্শক রায়ান ওরাবোন বলেছেন, এর প্রভাব হতে পারে বেশ সূক্ষ্ম ও ‘সঠিকভাবে করা হলে... ক্রেতারা বুঝতেই পারবেন না যে এমন কিছু ঘটছে’।
তিনি নিজেও একটি এআই প্রাইসিং টুল তৈরি করেছেন।
বিতর্কিত টুল?
এআইনির্ভর দাম নির্ধারণের ফলে আর্থিক চাপে থাকা ক্রেতাদের তীব্র প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে।
ক্যাপনোভার জেমস সান বলেছেন, “বিষয়টি বিতর্কিত। ক্রেতারা বলেন, ‘আমরা ওই ছাড়গুলো চাই,’ কিন্তু খুচরা বিক্রেতারা এআই ব্যবহার করে দিন দিন আরও চতুর হয়ে উঠছেন।”
প্রযুক্তিটি এখনও বিকাশমান পর্যায়ে রয়েছে এবং দামের ওপর এর সার্বিক প্রভাবের পূর্ণ চিত্র এখনও অজানা। তবে সীমিত তথ্য ও খণ্ডচিত্রগুলো থেকে ইঙ্গিত মেলে, এসব মূল্যছাড় এখন আরও সুনির্দিষ্ট হয়ে উঠছে।
‘সেন্ট্রিক মার্কেট ইন্টেলিজেন্স’-এর তথ্যে দেখা গেছে, গত এক বছরে খেলাধুলার পোশাক বা স্পোর্টসওয়্যার খাতে ছাড় দেওয়া পণ্যের সংখ্যা বাড়লেও গড় ছাড়ের হার কমে এসেছে। ছাড়ে বিক্রি হওয়া একটি স্পোর্টস ব্রার গড় মূল্যছাড় ছিল ৩২ শতাংশ, যা আগের বছর ছিল ৩৬ শতাংশ।
ওয়ালমার্ট ২০১৯ সাল থেকেই পণ্যের মজুত ব্যবস্থাপনায় নিজেদের তৈরি মেশিন-লার্নিং সফটওয়্যার ব্যবহার করছে। অন্যদিকে, ‘ডিক’স স্পোর্টিং গুডস’ ও ‘রস স্টোর্স’ অন্তত দুই বছর ধরে মজুত পরিকল্পনার জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া এআই টুল ব্যবহার করছে।
পরামর্শক কোম্পানি ‘সাইমন-কুচার’-এর ভোগ্যপণ্য বিভাগের বৈশ্বিক প্রধান মার্টিন ক্রেপি বলেছেন, এআই-চালিত প্রাইসিং টুলগুলোর ব্যবহার ক্রমেই সাধারণ হয়ে উঠছে।
কোম্পানিটির ২০২৫ সালের জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ কোম্পানি এখন চাহিদার পূর্বাভাস পেতে ও ২৮ শতাংশ কোম্পানি রিয়াল-টাইমে দাম সমন্বয় করতে এআই প্রাইসিং ব্যবহার করছে।
পূর্বাভাসমূলক অ্যালগরিদমগুলো প্রতিটি ক্রেতার জন্য আলাদা দাম নির্ধারণের পর্যায়ে যায় না, যা একটি বিতর্কিত চর্চা।
ওয়ালমার্ট ও টার্গেটের মতো খুচরা বিক্রেতারা বলেছে, তারা এমনটা করে না ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য এটা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।
তবে ম্যাককিনজির সাবেক পরামর্শক ও ই-কমার্স নির্বাহী সোফিয়া সেরা বলেছেন, খুচরা বিক্রেতাদের দ্রুত দাম পরিবর্তনের সুযোগ দেওয়া টুলগুলো যাকে প্রায়ই ‘ডায়নামিক প্রাইসিং’ বলা হয় তা ব্যক্তিগতকৃত দাম নির্ধারনের চেয়ে ‘কেবল এক ধাপ দূরে’ রয়েছে।
“এ নিয়ে আইনি ও নৈতিক প্রশ্ন রয়েছে। এ সংক্রান্ত নীতিমালা এখন তৈরি হচ্ছে।”
