১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বড়দিনের মৌসুমে এআই গ্যাজেট বিক্রির দৌড়ে টেক জায়ান্টরা

গেল সপ্তাহে নতুন পণ্যের ঘোষণা দিয়ে এ প্রতিযোগিতা শুরু করে মাইক্রোসফট। এরপর অ্যামাজন বাজারে আনে ট্যাবলেট ও অ্যাপল উন্মোচন করেছে সিরি এআইচালিত স্মার্ট হোম হাব।

বড়দিনের মৌসুমে এআই গ্যাজেট বিক্রির দৌড়ে টেক জায়ান্টরা

মঙ্গলবার অ্যাপল উন্মোচন করেছে তাদের সিরি এআই চালিত স্মার্ট হোম হাব ‘হোমভিউ’। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 08:10 PM

Updated : 15 Oct 2026, 08:10 PM

আর কয়েক মাস বাদেই শুরু হচ্ছে ছুটির মৌসুম। ক্রিসমাস ট্রি’র নিচে এ বছর উপহারের বাক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিওয়ালা ডিভাইস তুলে দিতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, চ্যাটজিপিটি চালুর প্রায় চার বছর পর এবার ঘরোয়া জীবনে জেনারেটিভ এআই’কে স্থায়ীভাবে থিতু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে প্রযুক্তি জায়ান্টরা।

গত এক সপ্তাহে অ্যাপল, অ্যামাজন ও মাইক্রোসফট তিন কোম্পানিই নতুন কিছু ডিভাইস বাজারে আনার ঘোষণা দিয়েছে, যেখানে ল্যাপটপ, ট্যাবলেট, ফোন ও স্মার্ট হোম কম্পিউটারের চাহিদা বাড়াতে উন্নত ব্যক্তিগত সহকারী ও দ্রুতগতির অন-ডিভাইস এআই চিপের কার্যকারিতা তুলে ধরছেন নির্মাতারা।

তবে এ বাণিজ্যিক সাফল্যে নিশ্চিতের পথ বেশ দীর্ঘ।

একদিকে, মূল্যস্ফীতির কারণে গত ১২ বছরের মধ্যে ভোক্তাদের মধ্যে সবচেয়ে দুর্বল মনোভাব দেখা যাচ্ছে। অন্যদিকে, এআইয়ের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ।

নতুন এ প্রযুক্তির সঙ্গে মানুষের অভ্যস্ত হওয়ার বিষয়টিও বড় চ্যালেঞ্জ।

বাজার গবেষণা কোম্পানি ‘আইডিসি’র বিশ্লেষক জিতেশ উব্রানি বলেছেন, আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে ডিভাইস বাজারে ছাড়ার প্রাথমিক প্রস্তুতি হিসেবেই এখন এআই গ্রাহকদের হাতে পৌঁছে দিতে চাইছে প্রযুক্তি বিভিন্ন কোম্পানি।

“ভোক্তাদের হাত ও ঘরে ঘরে ডিভাইস পৌঁছে দেওয়া, ধীরে ধীরে তাদের এআই ব্যবহারে অভ্যস্ত করে তোলা ও তাদের কাছ থেকে ফিডব্যাক সংগ্রহ করাই এখন মূল উদ্দেশ্য।”

অ্যাপল, অ্যামাজন ও মাইক্রোসফটের নতুন এসব গ্যাজেট এই মুহূর্তে খুব বড় পরিমাণে বিক্রির আশা করা হচ্ছে না বলেও মনে করেন উব্রানি।

সার্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মুখে এই মুহূর্তে সৌখিন ও প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের আকর্ষণ করতে পারাকেই বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এআই সার্ভারগুলো মেমোরি ও স্টোরেজের সিংহভাগ সক্ষমতা কুক্ষিগত করে রাখায় যন্ত্রাংশের দাম ব্যাপকভাবে বেড়েছে। ফলে সার্বিকভাবে হার্ডওয়্যারের দাম বেড়ে যাওয়ায় এ বছর নতুন স্মার্টফোন ও ল্যাপটপের চালান যথেষ্ট কমেছে।

গেল সপ্তাহে নতুন পণ্যের ঘোষণা দিয়ে এ প্রতিযোগিতা শুরু করে মাইক্রোসফট।

তারা এনভিডিয়ার তৈরি চিপে চলা একটি উইন্ডোজ ল্যাপটপ বাজারে এনেছে, যার দাম শুরু ২ হাজার ৫৯৯ ডলার থেকে।

ক্লাউড নির্ভরতা ছাড়াই সরাসরি শক্তিশালী এআই চালাতে পারে ‘আরটিএক্স স্পার্ক’ নামের একটি এআই চিপের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ল্যাপটপটি।

এরপরই অ্যামাজন বাজারে আনে ‘অ্যালেক্সা ট্যাবলেট’। কোম্পানির নিজস্ব স্মার্ট সহকারীর নামে এ প্রথম কোনো হার্ডওয়্যার বাজারে আনল এ কমার্স জায়ান্টটি।

নতুন ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বড় ‘অ্যালেক্সা ট্যাবলেট ১২ প্রো’র দাম ৫৫০ ডলার। তাদের আগের মডেল ফায়ার ‘এইচডি টেন’-এর দাম ছিল ১৫৫ ডলার।

মঙ্গলবার অ্যাপল উন্মোচন করেছে সিরি এআই চালিত স্মার্ট হোম হাব ‘হোমভিউ’। ২৯৯ ডলারের ডিভাইসটিতে রয়েছে ৭ ইঞ্চি স্ক্রিন, যা দেওয়ালে ঝুলিয়ে রাখা যাবে।

এ ছাড়া, এতে চেহারা বা ফেইস রিকগনিশন সফটওয়্যার থাকায় পরিবারের একাধিক সদস্যের জন্য এটা আলাদাভাবে কাস্টমাইজ করা সম্ভব।

যন্ত্রাংশের ঘাটতির মধ্যেও তুলনামূলক সাশ্রয়ী দামে ‘হোমভিউ’ বাজারে আনার জন্য অ্যাপলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর এআই বিশেষজ্ঞ মোহিত আগরওয়াল বলেছেন, “তাৎক্ষণিকভাবে বড় মুনাফা পাওয়ার চেয়ে নিজেদের ইকোসিস্টেমে ব্যবহারকারীদের যোগ করাকেই বেশি প্রাধান্য দিয়েছে অ্যাপল।

“স্পেসিফিকেশন বিচারে ডিভাইসটির যে দাম হওয়া উচিত ছিল, লোকাল-এআই হাব হিসেবে তার চেয়ে কম দামে এটা বাজারে এনেছে তারা।”

‘এআই দিয়ে কী করা যায়?’ ভোক্তা চাহিদার নতুন পরীক্ষা

গবেষণা কোম্পানি ‘ফরেস্টার’-এর অ্যানালিস্ট দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেছেন, আসন্ন কেনাকাটার মৌসুমটি এআই প্রযুক্তির নতুন ঘরানার গ্যাজেটগুলোর প্রতি ক্রেতাদের কেমন চাহিদা রয়েছে তারই প্রাথমিক পরীক্ষা হতে যাচ্ছে।

“আমি মনে করি ভোক্তারা জানতে আগ্রহী যে, এআই কী করতে পারে। তবে কেবল একটি ডিভাইসে এআই প্রযুক্তি রয়েছে বলেই সেটা কিনতে তারা কতটা আগ্রহ দেখাবেন তা এখনও স্পষ্ট নয়।”

সার্বিক অর্থনীতির নানা প্রতিকূলতার পরও বড়দিনকেন্দ্রিক কেনাকাটার পূর্বাভাস বেশ ইতিবাচক।

Image

এনভিডিয়ার তৈরি চিপে চলা একটি উইন্ডোজ ল্যাপটপ বাজারে এনেছে মাইক্রোসফট। ছবি: রয়টার্স

অগাস্টে প্রকাশ পাওয়া ‘ম্যাককিনসি’র জরিপ অনুসারে, প্রায় অর্ধেক মার্কিন ভোক্তা গত বছরের চেয়ে এবার সমান বা বেশি খরচ করার আশা করছেন।

গেল মাসে প্রকাশিত ‘বেইন অ্যান্ড কোম্পানি’র প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি নতুন রেকর্ড গড়ে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এ বিক্রির প্রবৃদ্ধির অর্ধেকেরও বেশি আসবে মূল্যস্ফীতির কারণে পণ্যের দাম বেড়ে যাওয়া থেকে। কিছু ইলেকট্রনিক্স ও গৃহস্থালি ডিভাইসের বিক্রি গেল বছরের সমপর্যায়েই থমকে থাকতে পারে।

বেইন-এর গ্লোবাল রিটেইল প্র্যাকটিসের প্রধান অ্যারন চেরিস বলেছেন, “মানুষ যখন একটু হিসাব করে টাকা খরচ করছে তখন তারা ভাবতেই পারে ‘আমার কি আসলেই নতুন আরেকটি ডিভাইসের প্রয়োজন আছে, নাকি বর্তমান যন্ত্রটি দিয়েই আরও কিছুদিন চালিয়ে নেওয়া যায়?’ আমরা লক্ষ্য করেছি, অপ্রয়োজনীয় বা শৌখিন কেনাকাটার ক্ষেত্রে মানুষ সিদ্ধান্ত নিতে আগের চেয়ে বেশি দেরি করছে।”

বাজারে আসা নতুন এআই গ্যাজেট নির্মাতারা প্রধানত তাদের এআইচালিত উন্নত অ্যাসিস্ট্যান্ট ও সেগুলো পরিচালনার জন্য শক্তিশালী অন-ডিভাইস চিপের ওপর জোর দিচ্ছে।

অ্যামাজন বলেছে, নিজেদের বাজেটবান্ধব ‘ফায়ার’ সিরিজের গ্যাজেটগুলো বাদ দিয়ে নতুন তিনটি ‘অ্যালেক্সা ট্যাবলেট’ নিয়ে আসছে। প্রিমিয়াম ডিজাইনের এসব ট্যাবলেটে মূল আকর্ষণ হিসেবে থাকছে তাদের নতুন ও উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট।

ব্যবহারকারীরা মুখে ‘অ্যালেক্সা’ বলে বা ‘আস্ক অ্যালেক্সা’ বাটনে ট্যাপ করেই তথ্য জানতে, নিজের পছন্দমতো পরামর্শ নিতে বা স্মার্ট হোমের নানাবিধ সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে পারবেন।

পাশাপাশি ‘অন-স্ক্রিন ইন্টেলিজেন্স’ নামের হ্যান্ডস-ফ্রি মোডও এনেছে অ্যামাজন। এর মাধ্যমে স্ক্রিনে থাকা কনটেন্ট পড়ে সে অনুসারে কাজ করতে পারবে অ্যালেক্সা।

যেমন, কোনো রান্নার ভিডিও দেখে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটার তালিকা তৈরি করে ফেলা। অন্যদিকে, এনভিডিয়া চিপচালিত মাইক্রোসফটের নতুন ল্যাপটপগুলো সরাসরি এআই কোডিং মডেল চালাতে পারে।

অ্যাপলের ‘হোমভিউ’ ডিভাইসটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ব্যবহার করে ব্যবহারকারীকে নিজের টেক্সট মেসেজ, ক্যালেন্ডারের শিডিউল ও ছবি আগ বাড়িয়ে দেখাবে।

আধুনিক চ্যাটবটের মতো সিরির মাধ্যমে বিস্তৃত নানা প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধা রাখা হয়েছে এতে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এ১৮ চিপ।

গবেষণা কোম্পানি ‘ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস’-এর অ্যানালিস্ট ক্যারোলিনা মিলানেসি বলেছেন, ডিভাইসের উন্নত প্রক্রিয়াকরণ সক্ষমতার জন্য বাড়তি দাম দিয়ে মানুষ কতটা আকৃষ্ট হবে, সেটা নির্মাতাদের দেখতে হবে।

এআই সফটওয়্যার স্টার্টআপ ‘ওলামা’র প্রধান নির্বাহী জেফ মরগান বলেছেন, নিজেদের ডিভাইসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চান এমন গ্রাহকের সংখ্যাও কম নয়। আর ওপেন-সোর্স সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারে সরাসরি এআই মডেল ইনস্টল করে ব্যবহার করা যায়।

“অন্য কারও এআই ভাড়া নেওয়ার চেয়ে নিজের ডিভাইসে নিজস্ব এআই থাকার আলাদা একটি গুরুত্বও রয়েছে।”

অন্যদিকে, প্রযুক্তি কোম্পানিগুলোর দৃষ্টি আরও দূরের দীর্ঘমেয়াদী আয়ের ওপর। ডিভাইস বিক্রির পাশাপাশি গ্রাহকদের বিভিন্ন সাবস্ক্রিপশন পরিষেবায় যোগ করে প্রতি মাসে নিয়মিত রাজস্ব নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

অ্যামাজনের নতুন অ্যালেক্সা সুবিধাটি ব্যবহার করতে মাসে ১৯.৯৯ ডলারের সাবস্ক্রিপশন বা প্রাইম মেম্বারশিপের প্রয়োজন হবে।

অন্যদিকে, নিরাপত্তা নিশ্চিত করে ভিডিও রেকর্ড রাখতে অ্যাপল ব্যবহারকারীদের কিনতে হবে আপগ্রেডেড আইক্লাউড সাবস্ক্রিপশন।