২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের এআই চ্যাটবট খেলনায় নিষেধাজ্ঞা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের

এসব খেলনাতে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা একেবারেই নেই এবং এর কয়েকটি শিশুর কণ্ঠস্বর রেকর্ড করতে বা মুখমণ্ডলও স্ক্যান করতে পারে।

শিশুদের এআই চ্যাটবট খেলনায় নিষেধাজ্ঞা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের

নিজেকে নিউ ইয়র্কের প্রথম ‘মা গভর্নর’ হিসেবে উল্লেখ করে হোকুল বলেছেন, নতুন পদক্ষেপটি তার কাছে ‘ব্যক্তিগত’। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 04:07 PM

Updated : 26 Nov 2026, 04:07 PM

শিশুদের সঙ্গে কথা বলতে ইন্টারনেট ব্যবহার করে এমন পুতুল ও রোবটসহ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট খেলনা বিক্রির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে এক আইনে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যার আওতায় আইন লঙ্ঘনের জন্য মোটা অংকের দৈনিক জরিমানা কার্যকর করবেন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।

বিবৃতিতে হোকুল বলেছেন, “ছুটির মৌসুম বা অন্য যে কোনো উপলক্ষে উপহার কেনার সময় অভিভাবকদের যেন এই দুশ্চিন্তায় থাকতে না হয় যে, খেলনার ছদ্মবেশে বিপজ্জনক চ্যাটবটগুলো তাদের সন্তানদের অনুপযুক্ত কথাবার্তা ও তাদের প্রাইভেসি ঝুঁকির মুখে ফেলতে পারে।”

নিজেকে নিউ ইয়র্কের প্রথম ‘মা গভর্নর’ হিসেবে উল্লেখ করে হোকুল বলেছেন, নতুন পদক্ষেপটি তার কাছে ‘ব্যক্তিগত’।

গভর্নরের বিজ্ঞপ্তিতে ‘ইউএস পাবলিক ইন্টারেস্ট রিসার্চ গ্রুপ এডুকেশন ফান্ড’ বা পিআইআরজি’র এক পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ৩ থেকে ১২ বছর বয়সি শিশুদের লক্ষ্য করে বাজারজাত করা চ্যাটবট খেলনাগুলো পরীক্ষা করা হয়।

এসব খেলনার কয়েকটি যৌনতা বিষয়ক কথা বলেছে ও এমন পরামর্শ দিয়েছে, যা থেকে ঘরে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।

খেলনাগুলোতে অভিভাবকদের নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সামান্য বা একেবারেই নেই। এর সঙ্গে আলাপ যত দীর্ঘ হয়েছে, নিরাপত্তা সীমা ততই দুর্বল হয়ে পড়েছে। কয়েকটি খেলনা শিশুর কণ্ঠস্বর রেকর্ড করতে বা মুখমণ্ডলও স্ক্যান করেছিল।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, “শিশুদের খেলনায় থাকা এআই চ্যাটবটগুলো তরুণদের অনুপযোগী কনটেন্টের মুখে ও তাদের মানসিক স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে।”

গভর্নরের কার্যালয়ের তথ্য অনুসারে, এ আইন লঙ্ঘনের জন্য প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানার মুখে পড়তে হবে।

জেমস বলেছেন, এআই সিস্টেমের ক্ষতি ঠেকাতে এই আইন ও অন্যান্য পদক্ষেপ কার্যকর করতে তার দপ্তর ‘দ্বিধা করবে না। আমরা আমাদের সন্তানদের স্বাস্থ্যকে বড় প্রযুক্তি কোম্পানির ক্ষয়ক্ষতির শিকার হতে দেব না’।

হোকুল ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা সম্প্রতি ‘এআই চ্যাটবট রেস্ট্রিকশন ফর মাইনর’ নামে আরেকটি আইন প্রণয়ন করেছেন।

এর আওতায় ১৮ বছরের কম বয়সিদের জন্য অনিরাপদ চ্যাটবট ফিচার নিষিদ্ধ ও প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত দেওয়ানি জরিমানার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া গ্রীষ্মে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে ৫০ মেগাওয়াট বা তার বেশি বিদ্যুৎ ব্যবহারকারী ডেটা সেন্টারগুলোর ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছেন হোকুল।

এআই-বিরোধী বিভিন্ন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জনপ্রিয় ছিল। দেশটিতে ডেটা সেন্টারের দ্রুত বিস্তার সীমিত করার পক্ষে ভোট দিয়েছেন মার্কিন নাগরিকরা।

১০টি অঙ্গরাজ্যে ৪৫টি ব্যালট প্রস্তাবে ডেটা সেন্টারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ৩৯টি প্রস্তাবই কোনো না কোনোভাবে এসব স্থাপনা নিয়ন্ত্রণের পক্ষে পাস হয়েছে।

বিবৃতিতে অ্যামাজন বলেছে, তাদের প্ল্যাটফর্মে বিক্রি হওয়া পণ্যগুলোকে অবশ্যই যুক্তরাষ্ট্রের আইন মেনে চলতে হবে।

“আমাদের স্টোরে তৃতীয় পক্ষের বিক্রেতাদের বিক্রি করা সব পণ্যকে প্রযোজ্য আইন ও বিধিমালা মেনে চলতে হয়। শিশু ও পরিবারের নিরাপত্তার বিষয়ে অ্যামাজন প্রতিশ্রুতিবদ্ধ।

“এই প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে যথাযথ সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিল্পখাত ও সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে আমরা সমর্থন করি।”

তবে ২০২৩ সালের হিসাব অনুসারে, মার্কিন ই-কমার্স জায়ান্টটি যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ২০ লাখ ভিন্ন ধরনের খেলনা বিক্রি করে। ফলে নিউ ইয়র্কের এআই চ্যাটবট আইনটি পুরোপুরি মেনে চলা তাদের জন্য কঠিন হতে পারে।