এবার গ্রাহকের হয়ে ফোনেও কথা বলবে মেটার এআই ‘মিউজ’
এরইমধ্যে যারা ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন তাদের কেউ কেউ বলেছেন, মিউজ বেশ সহজেই ফোন সংক্রান্ত কাজগুলো করতে পারছে।
মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক এজেন্ট মিউজ-এ যোগ হয়েছে ফোন কল করার নতুন সুবিধা।
এখন থেকে পেইড সাবস্ক্রাইবার গ্রাহকদের হয়ে বিভিন্ন জায়াগায় ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা টেবিল বুকিংয়ের মতো দৈনন্দিন কাজগুলো সেরে দিতে পারবে এই এআই সহকারী।
মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং বলেছেন, এ পরিবর্তনের ফলে মিউজ ব্যবহারকারীর হয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ফোন করে টেবিল বুকিং, অ্যাপয়েন্টমেন্ট সময়মতো নির্ধারণ ও ব্যবহারকারীর যে ধরনের ফোন কল করতে ইচ্ছে করে না সেগুলোর মতো কাজ করতে পারবে।
ফিচারটি তাদের জন্যই উন্মুক্ত রয়েছে যারা আলাদাভাবে ‘মিউজ’ সাবস্ক্রিপশনের জন্য অর্থ খরচ করেন, যার সঙ্গে অতিরিক্ত টোকেন ও কিছু বিশেষ সুবিধা পাওয়া যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
যারা এরইমধ্যে ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন তাদের কেউ কেউ বলেছেন, মিউজ বেশ সহজেই ফোন সংক্রান্ত কাজগুলো পরিচালনা করতে পারছে।
গেল মাসে মল্টবুক-এর প্রতিষ্ঠাতা ও মেটা সুপার ইন্টেলিজেন্সের কর্মী ম্যাট শ্লিখট ভলভোর এক ডিলারের সঙ্গে তার এআই এজেন্টের হওয়া একটি ফোনালাপের উদাহরণ শেয়ার করেছেন।
তিনি বলেছেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য এজেন্টটি সক্ষমতার সঙ্গেই লাইনে অপেক্ষা করেছিল।
শ্লিখটের শেয়ার করা ওই ফোনালাপে মিউজ নিজেকে সরাসরি একটি এআই এজেন্ট হিসেবে পরিচয় না দিয়ে বলেছে, এটা শ্লিখটের পক্ষ হয়ে কল করছে ও আলাপটি লিখিতভাবে সংরক্ষণ করছে।
কিছু সহজ কাজের জন্য মিউজ যথেষ্ট হলেও এ ধরনের কলগুলো যে কোনো সময় লক্ষ্যচ্যুত হওয়ার ঝুঁকি থাকে বা অপর প্রান্তে থাকা ব্যক্তি যখন বুঝতে পারেন যে তিনি এআইয়ের সঙ্গে কথা বলছেন তখন কল কেটে দেওয়ার সম্ভাবনাও থেকে যায়।
মেটা প্রতিনিয়ত মিউজের জন্য নতুন সব ফিচার আনছে। কোম্পানির তথ্যমতে, এটা এরইমধ্যেই এক কোটিরও বেশি ব্যবহারকারীকে আকৃষ্ট করেছে।
ব্যবহারকারীরা এখন তাদের ব্যক্তিগত ইনবক্সে পুরোপুরি প্রবেশাধিকার না দিয়েও গুরুত্বপূর্ণ ইমেইলগুলোতে এজেন্টকে যোগ করার জন্য এর নামে আলাদা বা নির্দিষ্ট ইমেইল ঠিকানাও বরাদ্দ করতে পারবেন।
তবে এআইয়ের জন্য ফোন কল করার এ প্রযুক্তি নিয়ে মেটাই প্রথম পরীক্ষা-নিরীক্ষা করছে না।
গুগল বিগত বছরগুলোতে এ ধরনের বেশ কিছু ফিচার এনেছে, যার মধ্যে পিক্সেল ফোনের জন্য ‘কল ফর মি’ অন্যতম।
এ ছাড়া, আরও জটিল ধরনের ফোন কল সামলানোর জন্য ‘ইনস্টিংক্ট’ সম্প্রতি তাদের এজেন্টের জন্য ‘কনসিয়ার্জ’ নামে ফিচার চালু করেছে।
