১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সকাল ও রাতে মোবাইল স্ক্রলিং বন্ধ রাখলে শরীরে যেসব বিস্ময়কর পরিবর্তন ঘটে

বেশি দিন নয়, মাত্র এক সপ্তাহের অভ্যাসেই বদলে যাবে জীবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 07:06 PM

Updated : 15 Nov 2026, 07:07 PM

ঘুম থেকে উঠে চোখ মেলার আগেই মোবাইলের স্ক্রিনে হাত রাখা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতে থাকা- আধুনিক সময়ে এটি যেন এক অদৃশ্য নেশায় পরিণত হয়েছে।

চিকিৎসাবিজ্ঞান ও মনস্তত্ত্ব বলছে, এই অভ্যাস শারীরিক, মানসিক এবং আবেগীয় স্বাস্থ্যের প্রায় প্রতিটি দিকেই নেতিবাচক প্রভাব ফেলে।

জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েলসিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে, মার্কিন মনোবিদ মিরান্ডা ডেনিসন বলেন, “তবে মাত্র এক সপ্তাহ সকাল ও রাতের এই স্ক্রলিং বন্ধ রাখলেই ঘুম, মেজাজ এবং কাজের একাগ্রতায় ইতিবাচক পরিবর্তন দেখা যায়।”

সকাল ও রাতের স্ক্রলিং যেভাবে ক্ষতি করে

যুক্তরাষ্ট্রের ‘ডেনিসন সাইকোলজিক্যাল সার্ভিসেস’-এর প্রতিষ্ঠাতা মিরান্ডা ডেনিসন জানান, ঘুমানোর ঠিক আগে ফোন স্ক্রল করলে শরীরের স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত করে। ফোনের আলো মস্তিস্ককে সংকেত দেয় যে এখনও জেগে থাকার সময়, অন্যদিকে স্ক্রিনে দেখা উত্তেজনাপূর্ণ বা উদ্বেগজনক বিষয়বস্তু মস্তিস্ককে শান্ত হতে না দিয়ে উল্টো মানসিক চাপ বাড়িয়ে দেয়।

দীর্ঘমেয়াদে এই কাজ করার ফলে খিটখিটে মেজাজ, ক্লান্তি এবং মনোযোগ ও স্মৃতিশক্তির ঘাটতি দেখা দেয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ঘুমবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়েস্পার’ -এর প্রধান ঘুম বিশেষজ্ঞ ও স্নায়ুবিজ্ঞানী ডা. চেলসি রোরশেইব বলেন, “সকালে ঘুম ভাঙার পর সূর্যের প্রাকৃতিক আলো মস্তিস্ককে দ্রুত সজাগ ও কর্মক্ষম হতে সাহায্য করে। বিছানায় শুয়ে ফোন স্ক্রল করলে এই প্রাকৃতিক প্রক্রিয়া বিলম্বিত হয়, ফলে সারাদিন শরীর ঝিমুনি ও অলসতায় আচ্ছন্ন থাকে।”

মিরান্ডা ডেনিসনের মতে, দিনের শুরুতেই অন্যের মতামত বা নেতিবাচক খবর পড়লে মস্তিস্ক নিজের সঙ্গে সংযোগ হারিয়ে সারাদিনের জন্য অস্থির ও প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।

এক সপ্তাহ স্ক্রলিং বন্ধ রাখলে যেসব পরিবর্তন ঘটে

বর্তমানে মনোযোগী হওয়ার ক্ষমতা বৃদ্ধি: মনস্তত্ত্ববিদ মিরান্ডা ডেনিসন জানান, এক সপ্তাহ স্ক্রলিং বন্ধ রাখলে মনের বিক্ষিপ্ততা কমে আসে এবং বর্তমান মুহূর্তকে গভীরভাবে উপভোগ করতে শুরু করা যায়।

যেমন- ফোন না দেখে সকালের কফিতে চুমুক দিলে কফির আসল স্বাদ ও সুগন্ধ নতুন করে অনুভব করা যায়।

মানসিক চাপ হ্রাস ও কর্মশক্তি বৃদ্ধি: আবেগীয়ভাবে উত্তেজক কনটেন্ট দেখা কমে যাওয়ায় মানসিক চাপ দ্রুত হ্রাস পায়। ফলে সারাদিন শরীরে বাড়তি শক্তি অনুভূত হয়, কাজে মনোযোগ বাড়ে এবং মেজাজ ফুরফুরে থাকে।

ঘুমের ছন্দ ফিরে আসা: স্নায়ুবিজ্ঞানী ডা. রোরশেইবের মতে, “এক সপ্তাহ পর শরীরের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম পুনরায় সুশৃঙ্খল হয়ে ওঠে। সকালে প্রাকৃতিক রোদের সংস্পর্শে এলে দিনের বেলা অনেক বেশি সতেজ লাগে এবং রাতে একটি নির্দিষ্ট সময়ে প্রাকৃতিকভাবেই ঘুম চলে আসে ও গভীর ঘুম হয়।”

নিজের পছন্দের কাজের জন্য বাড়তি সময়: অকারণে স্ক্রল করার সময়টুকু বেঁচে যাওয়ায় বই পড়া, শরীরচর্চা বা প্রিয়জনদের সঙ্গে গল্প করার মতো আনন্দদায়ক কাজের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

স্ক্রলিংয়ের অভ্যাস ভাঙার সহজ কৌশল

মিরান্ডা ডেনিসনের পরামর্শ অনুযায়ী, হঠাৎ করে পুরোপুরি ফোন ছাড়া কঠিন হতে পারে; তাই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে শুরু করা উচিত।

যেমন- সকালের কফি পানের সময় ফোন হাতে না নেওয়া এবং রাতে ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ফোন বিছানা থেকে দূরে সরিয়ে রাখা।

পাশাপাশি মাঝেমধ্যে কোনও কাজ ছাড়া চুপচাপ বসে একঘেয়েমি অনুভব করার সুযোগ দিলে মস্তিস্ক বিশ্রাম পায় এবং অস্থিরতা কমে আসে।

পুরনো খবর:

ফোন মুক্ত শোবার ঘর করলে যেসব উপকার মিলবে
যৌন জীবন নষ্টের পেছনে স্মার্টফোন
পোস্ট করার পর যে কারণে বারবার চোখ চলে যায় ফোনে