২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মেঝেতে রাখলেই ঘটতে পারে বিপদ

যে ৭টি জিনিস কখনই মেঝেতে সংরক্ষণ করা উচিত নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 06:03 PM

Updated : 29 Nov 2026, 06:04 PM

আলমারির নিচের অংশ, স্টোররুম বা ঘরের কোনও ফাঁকা কোণা- জায়গার অভাবে অনেকেই নিত্যপ্রয়োজনীয় নানান জিনিস সরাসরি মেঝেতে রেখে দেন।

তবে গৃহস্থালি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট জিনিস সরাসরি মেঝেতে রাখলে আর্দ্রতা, পানি চুঁইয়ে পড়া বা পোকামাকড়ের আক্রমণে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হয়।

যে ৭টি জিনিস কখনোই মেঝেতে রাখা উচিত নয়:

কাগজপত্র ও কার্ডবোর্ডের বাক্স

জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের ‘সেভিল ক্লাসিকস’-এর ব্যবস্থাপনা পরিচালক ও পেশাদার অর্গানাইজার জেনিফার ইয়াং বলেন, “কাগজ এবং কার্ডবোর্ডের বাক্স সরাসরি মেঝেতে রাখলে তাপমাত্রার পরিবর্তন ও মেঝের আর্দ্রতায় সেগুলোতে দ্রুত ছত্রাক পড়ে এবং তেলাপোকা বা ইঁদুরের উপদ্রব বাড়ে।”

তাই কাপড় বা মৌসুমি জিনিসপত্র কার্ডবোর্ডের বদলে মুখবন্ধ প্লাস্টিকের বাক্সে ভরে উঁচু তাকে সংরক্ষণ করা উচিত।

বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ব্যাটারি

পানি এবং বিদ্যুৎ একে অপরের চরম শত্রু। ঘরের পাইপ ফুটো হয়ে বা মেঝে পরিষ্কারের সময় পানি জমে গেলে মেঝেতে রাখা ইলেকট্রনিক সামগ্রী যেমন নষ্ট হতে পারে, তেমনি বৈদ্যুতিক শক বা অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হয়।

জেনিফার ইয়াংয়ের পরামর্শ অনুযায়ী, “পাওয়ার টুলস, ধাতব যন্ত্র ও ব্যাটারিচালিত যেকোনও সামগ্রী সবসময় মেঝে থেকে উঁচু তাক বা র‌্যাকে রাখা নিরাপদ।”

যন্ত্রপাতি বা টুলস

যুক্তরাষ্ট্রের ‘দ্য ড্যাজল ক্লিনিং কোম্পানি’-র প্রতিষ্ঠাতা লোগান টেইলর সতর্ক করে একই প্রতিবেদনে বলেন, “স্যাঁতসেঁতে বা ভেজা মেঝেতে হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার বা অন্যান্য ধাতব যন্ত্রপাতি রাখলে সেগুলোতে দ্রুত মরিচা ধরে নষ্ট হয়ে যায়। পাশাপাশি অন্ধকারে বা অসাবধানতাবশত পায়ে লেগে গুরুতর আঘাত লাগারও ভয় থাকে।”

তাই এগুলো মজবুত ক্যাবিনেট বা ড্রয়ারে গুছিয়ে রাখা উচিত।

গুরুত্বপূর্ণ নথিপত্র ও ছবির অ্যালবাম

পাসপোর্ট, জমির দলিল, সার্টিফিকেট বা পুরানো ছবির অ্যালবাম কখনই মেঝেতে রাখা যাবে না।

লোগান টেইলরের মতে, “পানির পাইপ ফেটে গেলে, বাথরুমের পানি উপচে পড়লে বা হাত থেকে কোনও তরল পড়ে গেলে এই অমূল্য নথিগুলো চিরতরে নষ্ট হয়ে যেতে পারে।”

এছাড়া বাড়িতে পোষা কুকুর বা বিড়াল থাকলে তারাও হাতের নাগালে পেয়ে এগুলো ছিঁড়ে ফেলতে পারে।

পরিষ্কারক সামগ্রী বা ক্লিনিং প্রোডাক্টস

যুক্তরাষ্ট্রের ‘ইকো মামা গ্রিন ক্লিন’-এর প্রতিষ্ঠাতা সারাহ মিচেল বলেন, “ফ্লোর ক্লিনার বা ডিটারজেন্টের বোতল সরাসরি মেঝেতে রাখলে বোতল চুঁইয়ে রাসায়নিক তরল বের হয়ে মেঝের টাইলস বা কাঠের প্রলেপ স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে।”

একান্তই মেঝেতে রাখতে হলে ধুয়ে নেওয়া যায় এমন মজবুত প্লাস্টিকের ঝুড়ি বা বিনের ভেতরে বোতলগুলো রাখা উচিত।

ঘর মোছার ‘মপ হেড’

ঘর মোছার পর ভেজা মপ বা ঝাড়ু মেঝেতে ফেলে রাখলে সেটি শুকাতে দীর্ঘ সময় নেয় এবং স্যাঁতসেঁতে অবস্থায় দুর্গন্ধ ও জীবাণু তৈরি করে।

লোগান টেইলরের পরামর্শ অনুযায়ী, “মপের হাতল নিচে রেখে মপের মাথাটি ওপরের দিকে উল্টো করে রাখলে বাতাসে তা দ্রুত শুকিয়ে জীবাণুমুক্ত থাকে।”

ভেজা মপ প্যাড ও মোছার কাপড়

সারাহ মিচেল বলেন, “ঘর মোছার পর ভেজা মাইক্রোফাইবার কাপড় বা মপ প্যাড মেঝেতে ফেলে রাখলে, তা মেঝের ক্ষতি করার পাশাপাশি ভ্যাপসা গন্ধ ছড়ায়।”

তাই ব্যবহারের পরপরই এগুলো ধুয়ে ভালোভাবে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে।

পুরনো খবর:

জানালার পাশে ভুলেও রাখবেন না যে ৭টি জিনিস, ঘটতে পারে বড় দুর্ঘটনা
বিপদ এড়াতে সাবধান: ভুলেও ঘরের ভেতর রাখা যাবে না যেসব জিনিস
বৈদ্যুতিক সকেট বা প্লাগ পয়েন্ট গরম হয়ে যাচ্ছে? ৫টি বিপদসংকেত ও করণীয়
যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয়