১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদ্যুতিক সকেট বা প্লাগ পয়েন্ট গরম হয়ে যাচ্ছে? ৫টি বিপদসংকেত ও করণীয়

দ্রুত ব্যবস্থা না নিলে ঘটতে পারে দুর্ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:21 PM

Updated : 18 Nov 2026, 06:21 PM

ঘরের দরজার কব্জায় শব্দ হওয়া বা তোয়ালে রাখার স্ট্যান্ড কিছুটা ঢিলে হয়ে যাওয়ার মতো ছোটখাটো সমস্যা নিয়ে তেমন দুশ্চিন্তার কিছু থাকে না।

তবে বিষয়টি যখন বৈদ্যুতিক সংযোগ বা প্লাগ পয়েন্টের হয়, তখন সামান্য অবহেলাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

বিশেষ করে ঘরের দেয়ালের বৈদ্যুতিক সকেট হাত দিয়ে স্পর্শ করলে যদি অস্বাভাবিক গরম অনুভূত হয়, তবে তা মোটেও হালকাভাবে নেওয়া উচিত নয়।

সকেট গরম হওয়া কি সবসময় বিপজ্জনক?

জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘মিস্টার স্পার্কি’-র প্রধান কর্মকর্তা এবং পেশাদার বিদ্যুৎমিস্ত্রি স্টিভ ক্লেমেন্টে বলেন, “মোবাইল চার্জ দেওয়া বা বেশি বিদ্যুৎ খরচ করে এমন ভারী যন্ত্রপাতি চলার সময় বিদ্যুৎ প্রবাহের কারণে প্লাগ পয়েন্ট সামান্য গরম হওয়া স্বাভাবিক। তবে যন্ত্রপাতির প্লাগ খুলে ফেলার পরও যদি সকেটটি গরম থেকে যায়, তাহলে বুঝতে হবে দেয়ালের ভেতরের বৈদ্যুতিক সংযোগে বড় কোনও গোলমাল রয়েছে।”

যে ৫টি লক্ষণ দেখলে দ্রুত সতর্ক হতে হবে

স্টিভ ক্লেমেন্টের মতে, নিচের পাঁচটি সংকেত দেখা দিলে দেরি না করে জরুরি পদক্ষেপ নেওয়া আবশ্যক।

  • কোনও যন্ত্র সংযুক্ত না থাকা অবস্থায়ও সকেটটি গরম হয়ে থাকা।

  • সকেট বা সুইচবোর্ডের ভেতর থেকে গুনগুন বা ভনভন শব্দ আসা।

  • সকেটের চারপাশে বা দেয়ালে হলদেটে ভাব বা পোড়া দাগ দেখা দেওয়া।

  • প্লাগ পয়েন্টের কাছ থেকে কোনও কিছু পুড়ে যাওয়ার গন্ধ পাওয়া।

  • প্লাগ লাগানো বা খোলার সময় স্ফুলিঙ্গ বা আগুনের ফুলকি দেখা যাওয়া।

প্লাগ পয়েন্ট গরম হওয়ার কারণ

এই বিশেষজ্ঞের মতে, একটি মাত্র সকেট বা মাল্টিপ্লাগে একসঙ্গে অনেকগুলো ভারী বৈদ্যুতিক যন্ত্র চালালে সার্কিটের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং সকেট গরম হয়ে ওঠে।

এছাড়া ভেতরের তার ঢিলে হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত সুইচ বা পুরানো বাড়ির দুর্বল ‘ওয়্যারিং’ আধুনিক যুগের ভারী ইলেকট্রনিক যন্ত্রপাতির চাপ সামলাতে না পারার কারণেও এমনটা ঘটে।

তাই নিয়মিত বিরতিতে ঘরের সকেট ও সুইচগুলো হাত দিয়ে পরীক্ষা করে দেখা উচিত যে, সেগুলো অস্বাভাবিক গরম হচ্ছে কি-না।

সকেট গরম হলে তাৎক্ষণিক করণীয়

প্রথমেই গরম হয়ে যাওয়া সকেট থেকে সব যন্ত্রপাতির প্লাগ খুলে ফেলে সেটিকে ঠান্ডা হতে দিতে হবে। মাল্টিপ্লাগে একাধিক যন্ত্র চললে তার সংখ্যা কমিয়ে আনতে হবে।

স্টিভ ক্লেমেন্টের পরামর্শ অনুযায়ী, “প্লাগ খুলে রাখার পরও যদি সকেট গরম থাকে বা পোড়া গন্ধ, শব্দ বা রং পরিবর্তনের মতো লক্ষণ দেখা যায়, তবে নিজে নিজে মেরামতের চেষ্টা না করে অবিলম্বে একজন পেশাদার বিদ্যুৎমিস্ত্রি ডাকতে হবে।”

সময়মতো ব্যবস্থা না নিলে, এই বৈদ্যুতিক ত্রুটি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে।

পুরনো খবর:

গিজার ছাড়লে শব্দ হচ্ছে? আতঙ্কিত না হয়ে কারণ ও সমাধান জানুন
এলইডি বাল্ব দ্রুত নষ্ট হওয়ার কারণ ও দীর্ঘদিন ভালো রাখার উপায়
ব্যবহার না করে পুরানো মোবাইল ফোন রেখে দেওয়া ঝুঁকিপূর্ণ