২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্টে নেই মুশফিক

পুরোনো চোট মাথাচাড়া দেওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্টে নেই মুশফিক

সেঞ্চুরিয়নে সতীর্থরা যখন ব্যাট করছেন,মুশফিক তখন বসে আসেন হতাশ মুখে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 05:07 PM

Updated : 21 Nov 2026, 07:02 PM

অনুশীলনে এসে বরাবরের সবার আগে মাঠে নামলেন মুশফিকুর রহিম। কিন্তু স্বভাবসুলভ ছুটোছুটি তার দেখা গেল না। দল যখন ট্রেনারের সঙ্গে গা গরম করছে, তাকে দেখা গেল স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে হেঁটে বেড়াতে। কৌতূহল জাগতে শুরু করল তখনই। মুশফিক গা গরম করছেন না, এরকম তো হওয়ার কথা নয়!

পরে যখন নেটে ব্যাটিং সেশন শুরু হলো, তাকে দেখা গেল পেছন দিকে এক জায়গায় বসে থাকতে। অথচ সবসময় শুরুর দিকেই নেটে নামেন তিনি! দলীয় চিকিৎসকের সঙ্গে লম্বা সময় কথা বলতেও দেখা গেল। চিত্র পরিষ্কার হয়ে গেল তখনই। পরে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

মুশফিকের এই কুঁকচির চোট পুরোনো। জোহানেসবার্গ টেস্টে ব্যাটিংয়ের সময় আবার মাথাচাড়া দেয় না। অস্বস্তি নিয়ে ব্যাটিং করে বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হন তিনি ২২ রানে। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন প্রথম বলেই।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আপাতত পুনর্বাসন চলবে তার।

"প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন মুশফিকুর তার বাম কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানান। টেস্টের পর তার এমআরআই স্ক্যান করা হয় এবং ফলাফলে শ্রোণীচক্রের হাড়ের চারপাশে কিছুটা প্রদাহ ও অস্বস্তি নিশ্চিত হয়। শারীরিক চাপের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে এবং অবস্থার আরও অবনতি রোধ করতে তার অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসন প্রয়োজন। এজন্য দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।

বেশ অনেক দিন পর তার এই চোট আবার হানা দিল বলে জানা গেছে।

এই চোটের আগে মুশফিককে নিয়ে আলোচনা ছিল তার ফর্মের কারণে। দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই। সবশেষ ১১ ইনিংসে তার ফিফটি মোটে একটি। ৩৯ বছর বয়সী ব্যাটসম্যানকে একাদশে রাখা উচিত কি না, এসব নিয়েই চলছিল আলোচনার ঝড়। শেষ পর্যন্ত তাকে নেওয়া বা না দেওয়ার দ্বন্দ্বের পড়তে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকে।