১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

ডিওমান্ডেকে দেখে শুরুর সময়ের ভিনিসিউসকে মনে পড়ছে মরিনিয়োর

ইয়ান ডিওমান্ডের সম্ভাবনা দারুণ, তবে তার আরও উন্নতির প্রয়োজন দেখছেন রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়ো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 11:03 AM

Updated : 19 Oct 2026, 11:03 AM

তুমুল প্রতিভা ও তারুণ্যের উচ্ছ্বাস আছে। আছে তীব্র গতি আর তেড়েফুঁড়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা। পাশাপাশি আছে খেই হারানোর ব্যাপারও। ইয়ান ডিওমান্ডেকে দেখে জুজে মরিনিয়ো ফিরে যাচ্ছেন ছয়-সাত বছর আগে, যখন একই রূপে ছিলেন ভিনিসিউজ জুনিয়র। রেয়াল মাদ্রিদ কোচের মতে, ডিওমান্ডের সম্ভাবনা অনেক, তবে তাকে আরও ক্ষুরধার হয়ে উঠতে হবে।

নিষেধাজ্ঞার কারণে ভিনিসিউস না থাকায় সেভিয়ার বিপক্ষে রোববার তার পজিশনেই খেলেছেন ডিওমান্ডে এবং আরো ছড়িয়েছেন দারুণভাবে। ম্যাচজুড়েই প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ রেখেছেন তিনি। হয়ে উঠেছেন দলের অনেক আক্রমণের উৎস। রেয়ালের ৪-১ গোলের জয়ে প্রথম গোলটির উৎস তিনিই। শেষ গোলটিও এসেছে তার দুর্দান্ত শট থেকে।

এই ম্যাচে ডিওমান্ডের পারফরম্যান্সে খুশি মরিনিয়ো। তবে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না কোচ। বরং ১৯ বছর বয়সী উইঙ্গারের ঘাটতির জায়গাগুলো তুলে ধরছেন তিনি। ভিনিসিউসের উদাহরণ তুলে ধরে দেখালেন ভবিষ্যৎ সম্ভাবনার ছবিও।

“তার এখনও অনেক উন্নতি করার আছে। সে তরুণ, অনভিজ্ঞ এবং এখনও পরিপূর্ণ নয়। এখানকার (রেয়াল) চাহিদা অনেক বেশি। তাকে এখনও অনেক উন্নতি করতে হবে। যদিও এই ম্যাচে সে দুর্দান্ত খেলেছে। তবে সে তার ফিনিশিং আরও উন্নত করতে পারে। প্রায়শই বিপজ্জনক জায়গায় পৌঁছে যায়, কিন্তু শেষ মুহূর্তে স্থির থাকতে, মাথা তুলে সতীর্থদের দিকে তাকাতে সে এখনও হিমশিম খায়…

“এসব ঠিক হয়ে যাবে। তাকে দেখে আমার শুরুর সময়ের ভিনিসিউসের কথা মনে পড়ে, যখন সে রেয়ালে এসেছিল। তিন বছর পরই সে বিশ্বের শীর্ষ ফুটবলারদের একজন হয়ে উঠেছিল।”

দারুণ জয়ের এই ম্যাচে রেয়াল মাদ্রিদের জন্য বড় এক স্বস্তি ছিল দীর্ঘ চোট কাটিয়ে এদের মিলিতাওয়ের ফেরা। ম্যাচের শেষ দিকে মাঠে নেমে কিছুটা ঝলক দেখান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাকে ফিরে পেয়ে দারুণ খুশি মরিনিয়ো, তবে তাড়াহুড়ো করতে চান না খুব একটা।

“আমি এই চমৎকার রাতটির কথা ভাবছি এবং মিলিতাওয়ের প্রত্যাবর্তনের কথাও ভাবছি, যা দল হিসেবে আমাদেরকে খুবই রোমাঞ্চিত করছে। গত কয়েক মাস ধরে আমরা তাকে দেখেছি অনেক কষ্ট করতে ও কঠোর পরিশ্রম করতে।

“সে দারুণ এক ফুটবলার। দীর্ঘ অনুপস্থিতির পর গত তিন সপ্তাহ ধরে দলের সঙ্গে অনুশীলন করছে সে। তার সামনে এখনও অনেক পথ বাকি, কিন্তু অনুশীলনে তার সম্ভাবনা চোখে পড়ছে। দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন। আমাদের ধৈর্য ধরতে হবে এবং তাকে এই ছোট ছোট সুযোগগুলো দিতে হবে, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে।”