২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে থান্ডোর জন্য বিপিএলে সুযোগ খুঁজছেন এনটিনি

প্রোটিয়া কিংবদন্তি মাখায়া এনটিনির ছেলে থান্ডো এনটিনি অনূর্ধ্ব১-৯ বিশ্বকাপে খেলে এখন নিয়মিত খেলছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 09:10 AM

Updated : 20 Nov 2026, 09:10 AM

ধরুন, ওয়ান্ডারার্সের প্রেস বক্সে বসে গভীর মনোযোগে কাজ করছেন। হুট করেই বিকট এক চিৎকারে কেঁপে উঠবেন। পেছন ফিরে তাকিয়ে দেখবেন, মাখায়া এনটিনি কারও সঙ্গে মজা করছেন কিংবা গল্প জুড়ে দিয়েছেন। তার আড্ডার ধরনই এমন, সাধারণ কথাই বলেন তিনি গলা ফাটিয়ে! আর যখন অট্টহাসি দিয়ে ওঠেন, তখন যেন পুরো প্রেস বক্স কেঁপে ওঠে। গ্যালারির গর্জনও ছাপিয়ে যায় তার কণ্ঠের তীব্রতায়।

জোহানেসবার্সে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রেসবক্সের দুই পাশেই টিভি-রেডিওর ধারাভাষ্য কক্ষ। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে প্রেস বক্সে এনটিনির পা পড়ে নিয়মিতই। এর সঙ্গে মজা করছেন, ওকে খোঁচাচ্ছেন, চারপাশের তোয়াক্কা না করে নেচে উঠছেন, কিংবা বাজখাই গলায় গান ধরছেন!

শুরুর দিকে কয়েক দফায় তার কণ্ঠের নিনাদে দফায় দফায় কেঁপে উঠতে হয়েছে অনভ্যস্ত বাংলাদেশি সংবাদকর্মীদের। সেটা দেখে পাশে বসা দক্ষিণ আফ্রিকার প্রবীণ সাংবাদিক কেন বোরল্যান্ড হাসতে হাসতে বলেছেন, “আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি অনেক আগেই। তোমরাও হয়ে যাবে কয়েক দিনে। আমাদের এখানে একটি কথা প্রচলিত আছে, মাখায়া এনটিনিকে দেখার আগেই তার কণ্ঠ শোনা যায়...।”

সেই এনটিনিকে বৃহস্পতিবার দেখা গেল, প্রেস বক্সে ঢোকার মুখে এক কিশোরের সঙ্গে গভীর মনোযোগে কথা বলতে। এমন নিচু কণ্ঠে কথা বলছিলেন যে, পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও বোঝা যাচ্ছিল না আলোচনার বিষয়বস্তু।

প্রথম সেশনেই টেস্ট শেষ হওয়ার পর তার কাজের ব্যস্ততা শেষে একটু একা তাকে পাওয়া গেল এবং জিজ্ঞেস করার ফুরসত মিলল, “সকালে আপনাকে দেখা গেল, এক কিশোরের সঙ্গে কথা বলছিলেন…।” স্বভাবসুলভ আন্তরিক ভঙ্গিতে কাঁধে হাত রেখে এনটিনি বললেন, “উঠতি ক্রিকেটার সে, একটু টিপস চাইছিল…।”

সিরিয়াস কোনো প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলার দুয়ার খুলল এবার। “আপনার ছেলেও তো উঠতি ক্রিকেটার, তাকে টিপস দেন কেমন…?” এই প্রশ্ন দিয়েই শুরু হলো তার সঙ্গে সাধারণ আলাপ পর্ব। শুনে তিনি হাসলেন। সেই হাসির অর্থ বোঝা গেল না।

এমনিতে তার সঙ্গে আড্ডা দেওয়া যায় সবসময়ই, সেখানে মজা-ফাজলামো চলে প্রচুর। কিন্তু ইন্টারভিউ চাইতে গেলেই তিনি ব্যাপক পেশাদার, অর্থ ছাড়া ইন্টারভিউ নয়! ছেলের কথা জিজ্ঞেস করায় হয়তো তার মন গলল একটু।

“আপনার ছেলেও কি আপনার মতো হইচই করে?” প্রশ্ন শেষ করার আগেই এনটিনির উত্তর, “মোটেও না, সে খুব মৃদুভাষী, আস্তে আস্তে কথা বলে…।”

মাখায় এনটিনির ছেলের নাম মাসিম্ফুথান্ডো এনটিনি। থান্ডো এনটিনি নামেই পরিচিত তিনি। বাবার মতো তিনিও পেসার। তবে শুধু বোলারই নন, ব্যাটের হাতও তার মন্দ নয়। বয়সভিত্তিক ক্রিকেটে পুরোদস্তুর অলরাউন্ডারই ছিলেন। এখনও ব্যাটিং তার খারাপ নয়।

বয়সভিত্তিক ক্রিকেটে আরেকটি জায়গায় এগিয়ে ছিলেন থান্ডো। অনূর্ধ্ব-১৩ থেকে দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক ক্রিকেটের সব পর্যায়ে খেলে তিনি ১৭ বছর বয়সে খেলেছেন ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তার বাবা অনূর্ধ্ব-১৯ দলে খেললেও বিশ্বকাপে খেলতে পারেননি।

তবে বাবার চেয়ে এগিয়ে থাকার পালা তার সেখানেই শেষ। মাখায়া এনটিনি শুধু দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা বোলারদের একজন নন বা আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬১ উইকেট শিকারি গ্রেটই নন, দেশের জাতীয় আইকনদের একজন, কৃষ্ণাঙ্গদের গৌরবের প্রতীক ও সবসময়ের প্রেরণা।

বয়স ২৬ হতে হতে মাখায়া জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন, আন্তর্জাতিক ক্রিকেটেও প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কিন্তু ২৬ বছর বয়সী থান্ডো এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হতে লড়াই চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ উইকেট পূর্ণ হয়েছে থান্ডোর। সেই প্রসঙ্গ তুলতেই বললেন, “ছোট্ট একটা মাইলফলক। আরও অনেক দূর যেতে হবে …।”

ছেলের বোলিং অ্যাকশনেও একসময় মিল ছিল বাবার সঙ্গে। পরে পরিশীলিত হয়ে অ্যাকশন বদলে গেছে কিছুটা। “বোলিংয়ের ধরনে কি মিল আছে? ওয়াইড অব দা ক্রিজ থেকে অস্বস্তিকর লেংথে ব্যাটসম্যানের শরীর তাক করে বল করেন তিনি?”, এই প্রশ্নে হো হো করে হেসে উঠে বাবার উত্তর, “আমার ছেলে বলেই কি সব পারবে? ওটা শুধু আমারই স্পেশালিটি ছিল….!”

কিশোর বয়সে থান্ডো অবশ্য একবার বেশ আলোচনায় উঠে এসেছিল। ২০০৯ সালে বাবার শততম টেস্টে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের সিড়ি বেয়ে নেমে এসেছিল সে বাবার সঙ্গে। এখনও তাকে বাবার পরিচয়েই মূলত চেনে। নিজের পরিচিতি সেভাবে গড়তে পারেননি এখনও। ২৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৫০ উইকেট হলো সবে, ফিফটি করেছেন দুটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩১ ম্যাচে উইকেট ৩৭টি, টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে ৩৩টি। এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পাননি এখনও।

বাবার নামের ওজন কি তাহলে ছেলের চলার পথে প্রতিবন্ধকতা হয়েছে? প্রত্যাশার ভারে কাবু হয়েই কি পথচলা এতটা মন্থর?

গত পাঁচ দিনের মধ্যে মাখায়াকে সবচেয়ে গম্ভীর ভঙ্গিতে দেখা গেল এই প্রশ্নের উত্তরেই।

“জানি না… নামের পদবি তো বদলানোর উপায় নেই, তাই না? তবে শুরু থেকেই আমি তাকে বলেছি নিজের নামে পরিচিত হতে। লোকে যাতে তাকে দেখে বলে না যে সে ‘মাখায়ার ছেলে’, বরং লোকে যেন তাকে থান্ডো বলেই জানে। আমি মিডিয়াকেও সবসময় বলতাম, ওকে আলাদা ব্যক্তি হিসেবেই বিবেচনা করতে।

“নামের চাপ যে ওর ছিল না, সেটা অস্বীকার করাও ঠিক হবে না। তবে ও ভালো খেলছে তো, সমস্যা কোথায়? আমার সময় তো কবেই শেষ! এনটিনি মানে এখন থান্ডো এনটিনিই…।”

হুট করেই তার মনে হলো, ভিনদেশি সংবাদকর্মীর কাছে ছেলের জন্য একটু অনুরোধ করা যেতেই পারে, “থান্ডোর প্রয়োজন বিভিন্ন লিগে খেলা। বাংলাদেশের লিগে ওর খেলার ব্যাপারে আলোচনা করতে পারবে? তোমাদের যে টি-টোয়েন্টি লিগটি আছে…!”

তাকে হতাশার খবর দিতে হলো, “বিপিএল? সেটি তো এবার হচ্ছে না..!” তার কৌতূহলী দৃষ্টি আরেকটু যোগ করতেই হলো, “বিপিএলে অনেক বিতর্ক ছিল তো। গুছিয়ে নতুনভাবে পরে শুরু করার কথা জানিয়েছে বোর্ড…।”

“ওহ, ওকে…”, এটুকু বলে হঠাৎ তার খেয়াল হলো, অনেক কথা বলা হয়ে গেছে, “তোমার সঙ্গে আর কিছুক্ষণ কথা বললে তো ইন্টারভিউই হয়ে যাবে…”, এই বলে সামনে তাকিয়ে কাউকে দেখে চিৎকার করে ডাকতে ডাকতে এগিয়ে গেলেন সামনে…।