বাস রুট রেশনালাইজেশন: মিরপুর থেকে কাকলী চক্রাকার বাসের কী হল
ডিটিসিএ ও পরিবহন মালিক সমিতি বলছে, ওই রুটে ট্রাস্ট ট্রান্সপোর্টের বাস চালু হয়েছিল, তবে ‘আনুষ্ঠানিকতা ও অভ্যন্তরীণ কারণে’ তা বন্ধ রাখা হয়েছে। বিপরীতে ট্রাস্ট ট্রান্সপোর্ট বলছে, এখনও কোনো বাসই চালু হয়নি।
রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে সাতটি রুটে গত ১ নভেম্বর বাস চালু হলেও এর মধ্যে চক্রাকার রুটে (মিরপুর-১ থেকে কাকলী-বনানী) ওই বাসের দেখা মিলছে না।
রুটটির ২২ দশমিক ৫ কিলোমিটারে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ৩০টি নতুন এসি বাস চলার কথা; তবে ট্রাস্ট ট্রান্সপোর্ট বলছে, এখনও কোনো বাসই চালু হয়নি।
বিপরীতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও পরিবহন মালিক সমিতি বলছে, ওই রুটে ট্রাস্ট ট্রান্সপোর্টের বাস চালু হয়েছিল, তবে ‘আনুষ্ঠানিকতা ও অভ্যন্তরীণ কারণে’ তা বন্ধ রাখা হয়েছে।
আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, চক্রাকার এই বাস সার্ভিসের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি।
চক্রাকার রুটের বাসগুলো মিরপুর-১ আনসার ক্যাম্প থেকে সনি সিনেমা হল, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত ও সৈনিক ক্লাব হয়ে কাকলী পর্যন্ত যাওয়ার কথা। ফেরার পথে মহাখালী, জাহাঙ্গীর গেট, আগারগাঁও, শ্যামলী ও কল্যাণপুর হয়ে আবার আনসার ক্যাম্পে ফেরার কথা ছিল।
বৃহস্পতিবার আনসার ক্যাম্পসংলগ্ন পাইকপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অনেকেই এ বাসের খবর জানেন না। তিন ঘণ্টা সেখানে অবস্থান করেও ট্রাস্ট ট্রান্সপোর্টের কোনো বাসের দেখা মেলেনি।
পাইকপাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারী আবাসিক এলাকার নিরাপত্তাকর্মী, আনসার সদস্য মো. মোজাফফর বলেন, “এদিকে এ রকম কোনো বাস সার্ভিস আছে বলে জানি না। আমি শুনিনি বা দেখিনি।”
এ বাস সার্ভিস আদৌ চালু হয়েছিল কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ওই এলাকার বাসিন্দা আবু সাদাত।
তার ভাষ্য, “এ রকম কিছু শুরু হয়েছিল নাকি? আমার চোখে পড়েনি। আর শুরু হলেও বন্ধ হয়ে যাবে এটা তো ‘না জেনেও জানা উচিত’। অকারণে আপনারা এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। এগুলো তো মুখস্থ হিসাব।”
রুটটিতে বাস চলাচল নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর এমন সমন্বয়হীনতায় ভুগছেন যাত্রীরা। নগর ও পরিবহন বিশেষজ্ঞরা বিষয়টিকে ‘নাগরিক সেবার প্রতি উদাসীনতা’ হিসেবে দেখছেন।
আশার সঞ্চার হয়েছিল যাত্রীদের
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে একাধিক বৈঠক করেন। এর ধারাবাহিকতায় ছয় মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস ব্যবস্থা কার্যক্রম আংশিকভাবে শুরু হয় গত ১ নভেম্বর।
সেদিন বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী, পাবনা-৫ আসনের এ সংসদ সদস্য শিমুল বিশ্বাস।
ওই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, “সড়কে অসুস্থ প্রতিযোগিতা ও দুর্ঘটনা রোধে ঢাকার ৯৮টি বাস রুটকে ৩২টি মূল রুটে নামিয়ে আনা হয়েছে, যার মধ্যে আজ কম-বেশি ১৮টি ব্যানারের বাসকে ছয়টি কোম্পানির অধীনে এনে ছয়টি রুট চালু করা হল।
“পাশাপাশি শহরের ভেতরে নির্ধারিত ২৫টি চক্রাকার রুটের মধ্যে প্রাথমিক পর্যায়ে অনুমোদিত পাঁচটির মধ্যে এসি বাস দিয়ে একটি রুট আজ (১ নভেম্বর) চালু হয়েছে; বাকি চারটি রুটের জন্য ২৭ আসনের মিনিবাসের ফরমাশ দেওয়া হয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে চালু হবে।”
চক্রাকার নতুন রুটটিতে বাস চালুর খবরে প্রত্যাশা তৈরি হয়েছিল যাত্রীদের মাঝে। কর্মস্থল বনানীতে রক্তিম বিশ্বাস একজন বলেন, “অফিসে যেতে আমার দুইবার বাস বদলাতে হয়। এই বাসগুলো আসার পর ভেবেছিলাম শান্তিতে এখন চলাচল করতে পারব। কিন্তু শুনলাম বাসই বন্ধ।”
একাধিকবার বাস বদলে যাতায়াত করাকে ভোগান্তি মনে করেন বনানীতে নিয়মিত চলাচলকারী মুনমুন সায়মা।
তার কথায়, “দেশের চলমান অবস্থায় এই বাসটা খুবই প্রয়োজন ছিল। দ্বিতীয়বার বাস বদলানো মানে বৃষ্টিতে ভেজা, আর চলমান রাজনৈতিক অবস্থায় ভয়াবহ কিছু একটা হওয়ার ভয় তো আছেই।”
‘বাস চালুই হয়নি’, দাবি ট্রাস্ট ট্রান্সপোর্টের
চক্রাকার এ রুটের বাস পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের অ্যাডমিন (জেসিও) কামরুজ্জামান বলেন, মিরপুর-১ আনসার ক্যাম্প থেকে কাকলী রুটে তাদের কোনো বাস এখনও চালু হয়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনার কাছে প্রথম শুনলাম ১ তারিখ (নভেম্বর) থেকে আনসার ক্যাম্প থেকে বাস চালু হয়েছে। আমরা চালুই করিনি, বন্ধ করব কখন?”
কবে নাগাদ চালু হতে পারে, এ কামরুজ্জামান বলেন, “এটা এখনও বলতে পারি না। অনুমতি এলে সেক্ষেত্রে সরকার ও আমাদের কর্তৃপক্ষ চিন্তাভাবনা করবে।”
‘নেমেই বন্ধ’, বলছে ডিটিসিএ ও মালিক সমিতি
ট্রাস্ট ট্রান্সপোর্টের ওই কর্মকর্তার বক্তব্যের বিপরীত কথা বলছেন ডিটিসিএ এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন।
ধ্রুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীতে কোনো বাস রুট চালাতে ঢাকার আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হয়, যার সভাপতি ডিএমপি কমিশনার। গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত বাস রুট চালুর প্রয়োজন ছিল। তবে স্বল্প সময়ে আরটিসির আনুষ্ঠানিক সভা করা কঠিন হওয়ায় ১৮ অক্টোবর ডিএমপি কমিশনার তার নিজস্ব ক্ষমতাবলে ডিটিসিএ, পুলিশ কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্তেই ছয়টি সাধারণ ও একটি চক্রাকার রুট চালুর অনুমতি দেওয়া হয়।
ধ্রুব আলম বলেন, “ট্রাস্ট ওই সিদ্ধান্ত ও কার্যবিবরণী পেয়ে বাস চালানো শুরু করেছিল। কিন্তু আইনগতভাবে আরটিসির আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন থাকায় তারা আমাদের কাছে এসে জানায়, আনুষ্ঠানিক অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত কয়েক দিন বাস বন্ধ রাখবে।”
আগামী সপ্তাহে আরটিসির বৈঠক হবে এমন তথ্য দিয়ে তিনি বলেন, “এরপর তারা (ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস) আবার চালু করবে বলে জানিয়েছে।”
তবে ট্রাস্ট কর্তৃপক্ষ কবে থেকে বাস সার্ভিস বন্ধ রেখেছে, সেটি নির্দিষ্ট করে জানাতে পারেননি ডিটিসিএর এ কর্মকর্তা।
চক্রাকার রুটে ট্রাস্ট ট্রান্সপোর্টের বাস নামার পরই বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ।
তিনি বলেন, “বাস নেমেছিল, নামার পর আবার বন্ধ হয়েছে। চালু হয়ে বন্ধ হয়েছে ওনাদের কারণে, আমাদের কারণে নয়। এটি ওনাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়।”
আগামী রোববার বা সোমবার থেকে এই বাস আবার চালুর প্রত্যাশা করে তিনি বলেন, “সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।”
বাস চালু হওয়ার কথা জানলেও বন্ধের খবর জানেন না ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান।
তিনি বলেন, “আমি তো জানি ১ নভেম্বর থেকে ছয়টি লম্বা রুট আর একটি চক্রাকার রুট চালু হয়েছে। এটি যে বন্ধ হয়ে রয়েছে, তা আমি জানিই না। আমি খোঁজ নিয়ে দেখব।”
অপরদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, “চক্রাকার বাস সার্ভিসের জন্য বিশেষ ধরনের ৩০ আসনের বাস প্রয়োজন এবং যেসব সড়কে নিয়মিত বাস নেই, সেখানে এই সার্ভিস চালানোর পরিকল্পনা রয়েছে।
“পুরো বিষয়টি যেভাবে চালু করার কথা, সেটি এখনও আমরা চূড়ান্ত করতে পারিনি। হুট করে সবকিছু প্রস্তুত থাকে না। কীভাবে বাস আনা হবে, কারা পরিচালনা করবে, এসব নিয়ে কাজ চলছে। এ বিষয়ে চূড়ান্ত তথ্য পেতে আরও কমপক্ষে ১৫ দিন অপেক্ষা করতে হবে।”
চক্রাকার রুটে বাস চালু করতে ট্রাস্ট ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, “ওইভাবে একক কারও সঙ্গে কথাবার্তা চলছে না। এটি পুরোটা সমন্বয় করছে পরিবহন মালিক সমিতি, ডিটিসিএ এবং আমরাও। কিন্তু এখন পর্যন্ত ওই জাতীয় চূড়ান্ত কিছু হয়নি।”
‘এক শহরে দুই পৃথিবী’
চক্রাকার রুটে বাস চালু হয়েও বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকে নাগরিকদের প্রতি ‘চরম উদাসীনতা’ ও ‘দায়বদ্ধতার অভাব’ হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান।
তিনি বলেন, “আমাদের কত বড় দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে ঘটা করে উদ্বোধন করা একটি রুটের ৩০টি বাস রাস্তা থেকে হাওয়া হয়ে গেল, অথচ সমন্বয়কারী সংস্থা ডিটিসিএ কর্মকর্তা জানেনই না কবে ও কেন এগুলো বন্ধ হল।
“কোনো সার্ভিস বন্ধ হতেই পারে, কিন্তু নাগরিকদের জানাতে হবে কেন বন্ধ হয়েছে এবং কবে ফিরবে। আমরা যে ‘ঊনমানুষ’ হয়ে গেছি, এগুলো দেখলেই তা বোঝা যায়।”
মেগা প্রকল্পের সঙ্গে সাধারণ গণপরিবহনের তুলনা করে তিনি বলেন, “একই শহরে যেন দুই পৃথিবীর গল্প বলছি আমরা। আড়াই লাখ কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল প্রকল্প হচ্ছে, ১০ মিনিট পরপর মেট্রো চলছে। অথচ একটি শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও ব্যয়সাশ্রয়ী গণপরিবহন হল বাস সার্ভিস, সেটির প্রতি রাষ্ট্রের কোনো নজর নেই।”
পরিবহন পরিকল্পনাবিদ সৈয়দ রাকিব উদ্দিনের মতে, পূর্ণ প্রস্তুতি ছাড়া কোনো সেবা চালু করে হঠাৎ বন্ধ করে দিলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একসঙ্গে অনেকগুলো সার্ভিস চালু করে কয়েকটি বন্ধ হয়ে যাওয়ার চেয়ে টেকসইভাবে চালানো যাবে এমন কয়েকটি রুট ভালো প্রস্তুতি নিয়ে শুরু করা উচিত। এই রুটটি যাত্রীদের জন্য অত্যন্ত উপযোগী।
“সাময়িক কোনো জটিলতা থাকলে তা দ্রুত সমাধান করে, আর বড় কোনো প্রাতিষ্ঠানিক বা সরকারি সহযোগিতার প্রয়োজন হলে সেটি নিশ্চিত করে সার্ভিসটি শিগগির আবার চালু করা উচিত।”
