ক্রিকেটময় জীবনে এবার ঋণ শোধের অপেক্ষায় নাবিল সামাদ
২৩ বছরের ক্যারিয়ারের ইতি টেনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ফিরে তাকালেন নিজের দীর্ঘ ক্যারিয়ারে, শোনালেন তরুণ ক্রিকেটার গড়তে ভূমিকা রেখে ঋণ শোধের পরিকল্পনার কথা।
‘আমি কিংবদন্তির ধারেকাছেও নই, খেলাটিকে ভালোবেসে যাওয়া এক সৈনিক মাত্র’- সামাজিক মাধ্যমে বিদায়ীবার্তায় ‘কিংবদন্তি’ সম্বোধন করা একটি মন্তব্যের জবাবে এটি লিখেছেন নাবিল সামাদ। কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, দেশের ক্রিকেটেও তুমুল জনপ্রিয় নন। কিংবদন্তি নন তো বটেই। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে গ্রেটদের কাতারেই রাখতে হবে সদ্য অবসর নেওয়া এই বাঁহাতি স্পিনারকে।
২০০৩-০৪ মৌসুমে মাত্র ১৭ বছরে পথচলা শুরু করে দীর্ঘ ২৩ বছরের পেশাদার ক্যারিয়ার। তিন সংস্করণ মিলিয়ে ৩৬০ ম্যাচে শিকার ৬২৯ উইকেট। ২০০৮-০৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের একই আসরে দুবার ইনিংসে ৮ উইকেট নিয়ে সাড়া জাগিয়েছিলেন দেশের ক্রিকেটে।
তবে এসব পরিসংখ্যান ছাপিয়ে ঘরোয়া ক্রিকেট বিশেষ করে সিলেটের লাল বলের ক্রিকেটের বড় এক বিজ্ঞাপন নাবিল। সীমিত ওভারেও ছিলেন মিতব্যয়ী ও কার্যকর এক স্পিনার। তবে দীর্ঘ পরিসরের ক্রিকেটকে ধ্যানজ্ঞ্যান করেই ৪০ বছর বয়স পর্যন্ত খেলেন পেশাদার ক্রিকেটে। সেই অধ্যায়ের ইতি টানলেন তিনি এবারের জাতীয় লিগ দিয়ে।
অবসরের পর ‘সাবেক ক্রিকেটার’ তকমা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে নাবিল ফিরে তাকালেন নিজের দীর্ঘ ক্যারিয়ারে, শোনালেন তরুণ ক্রিকেটার গড়তে ভূমিকা রেখে ঋণ শোধের পরিকল্পনার কথা।
জীবনের একটা দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন। এই ২৩ বছরের পথচলায় যদি পেছন ফিরে তাকালে কেমন লাগে? পুরো যাত্রাটা কীভাবে মূল্যায়ন করবেন?
নাবিল সামাদ: এই পুরো যাত্রায় আমি সব সময়ই নিজের খেলার প্রতি সৎ ছিলাম। সব সময় চেষ্টা করেছি, যেন পরে কোনো আফসোস না থাকে। অনুশীলন থেকে শুরু করে মাঠের খেলা- সব জায়গাতেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।
বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারা বা না পারাটা আসলে ভাগ্য ও সুযোগের ব্যাপার। আমার ক্ষেত্রে সেটি হয়ে ওঠেনি। তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যেখানেই খেলেছি, সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলে খেলেছি, দীর্ঘদিন এইচপি (হাই পারফরম্যান্স) স্কোয়াডেও ছিলাম। হয়তো জাতীয় দল পর্যন্ত যাওয়াটা আমার ভাগ্যে ছিল না।
খুব সম্ভবত ২০১০-১১ সালের দিকে আপনি জাতীয় টি-টোয়েন্টি দলের খুব কাছাকাছি ছিলেন। আপনাকে দলে নেওয়া হতে পারে- এমন একটা জোর আলোচনাও ছিল তখন...
নাবিল সামাদ: ওই সময়টায় সাকলাইন সজীব জাতীয় দলে ঢুকেছিল। আমি যে ধরনের বোলিং করতাম… একটু জোরের ওপর বল করতাম দেখে সবাই মনে করত, আমার বোলিংটা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বেশি কার্যকর।
তবে ক্যারিয়ারের শুরুতে আমি প্রচুর চার দিনের ম্যাচ খেলেছি। তখন হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে জাতীয় লিগে মৌসুমে প্রায় ১০টি করে ম্যাচ হতো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার আগেই আমি ২০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছিলাম এবং প্রচুর উইকেটও পেয়েছিলাম। আমাকে তাই লাল বলে বোলার হিসেবেই ভাবা হতো বেশি।
অবসরের সিদ্ধান্তটি ঠিক কবে চূড়ান্ত করেছেন? কখন মনে হলো যে এই মৌসুম খেলেই বিদায় নেবেন?
নাবিল সামাদ: ২০১৫-১৬ সালের পর মাঝখানে একটা পর্যায়ে দু-তিন বছর চার দিনের ম্যাচ খেলিনি। তখন লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলছিলাম। ২০২২-২৩ মৌসুমে নাজমুল (হোসেন) আমাকে আবার সিলেটের চার দিনের দলে ফিরিয়ে আনে। গত তিন-চার বছর বেশ ভালো খেলেছি। গত বছর একদিনের ক্রিকেটে না খেলায় কেবল চার দিনের ক্রিকেট নিয়েই ভাবছিলাম।
আমার বয়স এখন ৪০ ছুঁয়েছে, ফিটনেস পরীক্ষায় পাস করে খেললেও একটা সময় তো থামতেই হয়। গত বছর এনসিএলের বিরতিতে সিলেটেই কোচিংয়ের ‘লেভেল ওয়ান’ কোর্সটি সম্পন্ন করেছিলাম। তখন থেকেই মাথায় ছিল কোচিংয়ের ভালো সুযোগ এলে খেলা ছেড়ে দেব।
এই মৌসুমের শুরুতে ফিটনেস ট্রেনিংয়ের সময়ই আমাকে কোচিংয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। তবে দীর্ঘদিন সিলেটের হয়ে খেলেছি বলে বিভাগ থেকেও চাওয়া হচ্ছিল যেন মাঠ থেকেই বিদায় নিই। তাই অনুরোধ করে এই মৌসুমের শুরুতে খেলে মাঠ থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিই।
আপনি ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলেছেন এবারের লিগের তৃতীয় রাউন্ডে। পরের চার ম্যাচে আর একাদশে থাকা হয়নি। মাঠ থেকে খেলে বিদায় নিতে পারলে কি আরেকটু ভালো লাগত?
নাবিল সামাদ: না, আমার তেমন কিছু মনে হয়নি। আসলে আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন সিলেটের স্কোয়াডে এনামুল হক জুনিয়র ছিল। ও ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে, আমি খেলেছি ২০০৬ সালে। এনাম জাতীয় দলে বা ‘এ’ দলে ব্যস্ত থাকলে আমি খেলতাম, আবার ও ফিরলে দুজন একসঙ্গে খেলতাম।
সিলেটের বোলিং বিভাগ বরাবরই খুব শক্তিশালী। আমাদের পর শাকের, জাবেদ আর এখন তো নাসুম আছে। একাদশে সাধারণত দুজন বাঁহাতি স্পিনার খেলানো হয় না; একজন বাঁহাতি স্পিনারের সঙ্গে একজন অফ স্পিনার খেলানো হয়। তা ছাড়া আমাদের পেস আক্রমণ এতটাই শক্তিশালী… (ইকবাল হোসেন) ইমন, তোফায়েল (আহমেদ), (রেজাউর রহমান) রাজার মতো জাতীয় দলের আশপাশে থাকা বোলাররা আছে। যেকোনো উইকেটেই তিনজন পেসার ও দুজন স্পিনার নিয়ে দল সাজানো হয়।
তাই টিম কম্বিনেশনের কারণেই আমার আর খেলা হয়নি। আগে থেকেই জানতাম এটি। সেভাবেই মানসিক প্রস্তুতি ছিল।
এই দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় কোনটি, যেটা মনে পড়লে এখনও এক ধরনের ভালো লাগা কাজ করে?
নাবিল সামাদ: আমার অভিষেক মৌসুমের কথা বলব। সেবার ১০ ম্যাচে ১৮ বা ১৯ ইনিংস বল করে ৪৯টি উইকেট পেয়েছিলাম। পরে নানা সময়ে ৪১-৪২টি উইকেট পেলেও ওই ৪৯ উইকেটের মাইলফলক আর কখনও ছুঁতে পারিনি।
আরেকটি স্মরণীয় সময় ছিল ২০০৮-০৯ সালের দিকে খালেদ মাহমুদ সুজন ভাইয়ের নেতৃত্বে খেলার সময়টা। সেবার প্রথম এবং পঞ্চম বা ষষ্ঠ রাউন্ডে খুলনা ও চট্টগ্রামে দুটি ম্যাচে ১৩টি করে উইকেট নিয়েছিলাম। যেখানে দুটি ইনিংসে আমার ৮টি করে উইকেট ছিল।
ওই সময়টাতে জাতীয় দলের নির্বাচকদের রাডারে ছিলাম। কিন্তু আমাদের সময়ে মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসানের মতো কিংবদন্তি বাঁহাতি স্পিনাররা ছিলেন। ফলে জাতীয় দলে জায়গা করে নেওয়াটা ভীষণ কঠিন ছিল।
জাতীয় দলে ঢোকার এই কঠিন সমীকরণের মধ্যেও আপনাকে কখনো হাল ছেড়ে দিতে দেখা যায়নি। বরং প্রথম শ্রেণির ক্রিকেটকেই আপনি ধ্যানজ্ঞান বানিয়ে নিয়েছিলেন। সিলেটের হয়ে জানপ্রাণ দিয়ে খেলার এই তাড়নাটা কীভাবে ধরে রাখলেন?
নাবিল সামাদ: সিলেটের প্রতি আমার আলাদা একটা টান আছে। আমি ঢাকায় বড় হলেও আমাদের বাসায় সবাই সিলেটি ভাষায় কথা বলে। ঢাকায় তখন রফিক ভাইয়েরা খেলতেন বলে সুযোগ পাওয়ার আশায় ঢাকা ছেড়ে সিলেট থেকে অনূর্ধ্ব-১৯ দলে খেলি। পরের বছরই এনসিএলে সুযোগ পাই এবং সেখানে ভালো করায় প্রিমিয়ার লিগেও দল পেয়ে যাই।
আমি দেশের ক্রিকেটের সব স্তরেই খেলেছি। তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং থেকে শুরু করে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ, বিপিএল সব জায়গায়। আগে এনসিএল খেলার সময় টানা তিন-চার মাস সিলেটে থাকতে হতো। খালার বাসায় থেকে খেলতাম, ওখানে অনেক বন্ধুবান্ধব গড়ে উঠেছিল। জীবনটা খুব উপভোগ করতাম।
বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এনসিএলে নিজের বিভাগকে প্রতিনিধিত্ব করার মধ্যে অন্যরকম একটা গর্ব কাজ করে। (আবু জায়েদ) রাহি, খালেদ (আহমেদ) কিংবা নাসুম (আহমেদ)- জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই ওরা সিলেটের হয়ে খেলতে ছুটে আসে।
এছাড়া রাজিন (সালেহ) ভাইয়ের মতো সিলেটের মানুষেরাই কোচিংয়ে আছেন। এই আঞ্চলিকতার টান ও গর্ব থেকেই সিলেটের জন্য সব সময় জানপ্রাণ দিয়ে খেলেছি। মাঝে আবার দুই বছর সিলেটে সুযোগ না থাকায় দলটির সম্মতিতেই চট্টগ্রামের হয়ে খেলেছি।
সিলেটকে একটি শিরোপা এনে দেওয়ার আক্ষেপ তো অনেক দিনের ছিল; বেশ কয়েকবার রানার্সআপ হওয়ার পর অবশেষে ২০২৪ সালে আপনারা চ্যাম্পিয়ন হলেন। দলের অংশ হিসেবে সেই শিরোপা জয়ের যাত্রাটা কেমন ছিল?
নাবিল সামাদ: দারুণ আনন্দদায়ক মুহূর্ত! গত চার-পাঁচ বছরে আমরা তিনবার রানার্সআপ হওয়ার পর অবশেষে চ্যাম্পিয়ন হয়েছি। একটি চার দিনের ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে হয়, যে সামর্থ্য আমাদের বোলিং আক্রমণের সব সময়ই ছিল।
পাশাপাশি জাকির (হাসান), অমিতের (হাসান) সঙ্গে (মুবিন আহমেদ) দিশান, (আশরাফুল হাসান) রিহাদের মতো তরুণরা দারুণ ব্যাটিং করায় আমাদের ব্যাটিং বিভাগও শক্তিশালী হয়ে ওঠে। আমাদের আত্মবিশ্বাসটাই এমন ছিল যে প্রথম ইনিংসে ২৫০ রান করতে পারলেই প্রতিপক্ষকে ২০০ রানের মধ্যে অলআউট করে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারব।
এবারের আসরেও তো ঠিক একই কৌশলে একটি ম্যাচ বের করে এনেছিলেন আপনারা...
নাবিল সামাদ: হ্যাঁ। তবে আমি মনে করি, কোকাবুরা বলের চেয়ে ডিউক বলে খেললে বোলাররা আরও বেশি সুবিধা পায় এবং দল হিসেবে আমরা আরও ভয়ংকর হয়ে উঠি। কোকাবুরা বল ১৫-২০ ওভার পরই নরম হয়ে যায়, সিম বসে যায়। তখন পিচ বা বল থেকে বোলাররা তেমন কোনো সাহায্য পায় না। ডিউকটা থাকলে আমাদের সিলেটের বোলিং আক্রমণের জন্য খুব ভালো হয়।
যেহেতু বলের প্রসঙ্গ আনলেন, টানা তিন মৌসুম ডিউক বলে খেলার পর এবার আবার কোকাবুরায় ফেরা হয়েছে। ডিউক বলে ব্যাটসম্যানদের বড় রান কম হতো, পেসাররা দাপট দেখাতেন। এবার কোকাবুরায় ফিরতেই বেশ কয়েকজন অনেক রান করেছেন এবং স্পিনাররা বেশি উইকেট পাচ্ছেন। আপনার দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সামগ্রিক উন্নতির জন্য কোন বলটি বেশি কার্যকর বলে মনে করেন?
নাবিল সামাদ: আমি সব সময় চাই ব্যাটে-বলে একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হোক, যেখানে ভালো বল করলে বোলার উইকেট পাবেন আর ভালো ব্যাটিং করলে ব্যাটসম্যানরা রান পাবেন।
আমাদের দেশের উইকেটগুলো এতটাই ফ্ল্যাট যে সেখান থেকে বোলাররা কোনো সুবিধাই পান না। উইকেটে সাহায্য না থাকলে এবং বলেও কোনো মুভমেন্ট না থাকলে বোলাররা অসহায় হয়ে পড়েন, কেবল ব্যাটসম্যানের ভুলের অপেক্ষায় থাকতে হয়। সিলেট কিংবা কক্সবাজারের পরিসংখ্যান দেখলেই বুঝবেন, বেশিরভাগ ম্যাচ ড্র হয় কারণ দুই দলই ৬০০-৭০০ রান করে ফেলে।
খেলায় প্রাণ ফেরাতে হলে হয় স্পোর্টিং উইকেট বানিয়ে কোকাবুরা বল দিতে হবে, আর না হলে ফ্ল্যাট উইকেটে অন্তত ডিউক বল ব্যবহার করতে হবে। ডিউক বলে বোলিং করেই আমাদের পেসারদের আত্মবিশ্বাস ও দক্ষতা বেড়েছে, যার সুফল এখন জাতীয় দলও টেস্ট ক্রিকেটে পাচ্ছে।
এর আগে এক মৌসুম পাকিস্তানের ‘অ্যাশলিন’ বলে খেলা হয়েছিল; ওই বলের সিম বেশ খাড়া ও শক্ত ছিল, পেসার-স্পিনার উভয়েই দারুণ সাহায্য পেত। বোলার হিসেবে ওই বলে বোলিং করে আমি খুব উপভোগ করেছিলাম।
যেটা বলছিলাম, আমাদের সিলেট দলে জাতীয় দল ও ‘এ’ দলের প্রিমিয়াম পেসাররাই খেলেন। একদম ফ্ল্যাট উইকেট দেওয়া হলেও আমরা চাইলেই কিন্তু তাদের একাদশের বাইরে রাখতে পারব না। হয়তো আমরা জানি যে, এমন উইকেটে পাঁচ ওভারের বেশি বোলিং করলে কোনো লাভ হবে না, উল্টো কেবল পরিশ্রমই হবে এবং চোটের ঝুঁকি বাড়বে। তবুও তাদের খেলাতেই হবে, কারণ জাতীয় দল, ‘এ’ দল বা এইচপির একজন উদীয়মান বোলারকে না খেলালে আমাদের জবাবদিহি করতে হয়।
কিন্তু এভাবে খেলিয়ে তো কোনো লাভ হচ্ছে না। উইকেটে কোনো সাহায্য নেই, বলেও কোনো মুভমেন্ট নেই- এমন কন্ডিশনে বোলিং করে স্কিল বাড়ানো অসম্ভব, বরং বোলাররা শুরুতেই ডিমোরালাইজড হয়ে যায়। তাই ব্যাটে-বলে ভারসাম্য আনতে অন্তত ভালো উইকেটে খেলা নিশ্চিত করতে হবে।
আবার আপনার ক্যারিয়ারের প্রসঙ্গে ফিরি। যাদের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন—যেমন রাজিন সালেহ, অলক কাপালি কিংবা ইমতিয়াজ হোসেন তান্না- তারা এখন সিলেটের টিম ম্যানেজমেন্টের বিভিন্ন দায়িত্বে আছেন। বিদায়বেলায় পুরোনো সতীর্থদের এভাবে পাশে পাওয়াটা কতটা আবেগের?
নাবিল সামাদ: যাদের সঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম, তাদের মধ্যে একমাত্র আমিই এতদিন খেলা চালিয়ে গেছি। তাপস (বৈশ্য) ভাই, রাজিন ভাই, অলক ভাই, এজাজ, হিমেল- সবাই আমার সিনিয়র হলেও আমাদের সম্পর্কটা ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ।
শুরুর দিকে পারভেজ ভাই ও নাহিদ ভাই আমাদের অভিভাবকের মতো আগলে রেখেছিলেন। রাজিন ভাই যেবার অবসর নেন, সেবার আমি তার রুমমেট ছিলাম। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অসংখ্য সুখস্মৃতি আছে।
বিদায়বেলায় রাজিন ভাইকে কোচ হিসেবে এবং তান্নাকে ম্যানেজার হিসেবে পাশে পাওয়াটা সত্যিই বিশেষ অনুভূতি। আজ আমাদের প্রজন্ম সরে যাচ্ছে, কাল জাকিরদের প্রজন্ম সরে যাবে, আর দিশানদের মতো নতুনরা জায়গা নেবে। এটাই তো নিয়ম।
বিদায়ী পোস্টে আপনি লিখেছেন, সিলেটের ক্রিকেটের ঋণ শোধ করতে যেকোনোভাবে পাশে থাকতে চান। ব্যক্তিগতভাবে সিলেটের ক্রিকেটে কোন ভূমিকায় কাজ করতে আপনি সবচেয়ে বেশি আগ্রহী?
নাবিল সামাদ: আমি আসলে কোনো আনুষ্ঠানিক পদের কথা ভাবিনি। নাসুম এখন সিলেটের মূল স্পিনার। ও জাতীয় দলের দায়িত্বে থাকলে আমাদের স্পিন বিভাগে একটা শূন্যতা তৈরি হয়। টানা ৩০-৪০ ওভার বল করার মতো অভিজ্ঞ স্পিনার আমাদের তরুণদের মধ্যে এখনও তৈরি হয়নি। সজীব নামে একজন নতুন বাঁহাতি স্পিনার এসেছে। তবে এখনও পুরোপুরি তৈরি নয়।
তাই দলের প্রয়োজনে কিংবা সিলেটের স্পিন ক্যাম্পে আমাকে ডাকা হলে আমি সব সময় তরুণদের সাহায্য করতে প্রস্তুত। এছাড়া ঢাকায় নাঈম (আহমেদ) প্রায়ই অনুশীলনে গেলে আমাকে ফোন করে বলে বোলিং দেখতে। রিস্ট পজিশন বা বিভিন্ন বিষয় নিয়ে আমার পরামর্শ চায়। আমি সাধ্যমতো তাদের গাইড করার চেষ্টা করি।
পেশাদার ক্রিকেট তো আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেন। সামনের দিনগুলো নিয়ে আপনার পরিকল্পনা কী? ক্রিকেটের সঙ্গেই কি নতুন কোনো ভূমিকায় যুক্ত হচ্ছেন?
নাবিল সামাদ: আমি কোচিং পেশায় আসছি। এরই মধ্যে বেশ কিছু স্পিন বোলিং ক্যাম্পে কাজ করেছি, মুশতাক আহমেদের সঙ্গেও ক্যাম্পে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। মূলত কোচিংয়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি খুব শীঘ্রই কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করতে পারব।
যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, তা দিয়েই শেষ করি। বিদায়ের পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন অনুভব করলেন নামের পাশে আর ‘ক্রিকেটার’ তকমাটি নেই, সেই সকালটা কেমন ছিল?
নাবিল সামাদ: আমি ভেবেছিলাম হয়তো ভীষণ কষ্ট হবে, কারণ রাজিন ভাইয়ের বিদায়ের সময় খুব কাছ থেকে তার আবেগ দেখেছি। আমার মনে হয়েছিল, আমারও অনেক কষ্ট হবে। তবে সত্যি বলতে অবসরের পরের সকালটাতে আমার অতটা খারাপ লাগেনি, কারণ মানসিকভাবে আগেই প্রস্তুত ছিলাম।
আমার আসল আবেগ কাজ করেছিল চট্টগ্রামে (তৃতীয় রাউন্ডে) রংপুরের বিপক্ষে জেতা ম্যাচটিতে। ওই ম্যাচে নাসুম আর নাঈম দারুণ বোলিং করছিল। আমি দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ ওভার বল করার সুযোগ পেয়েছিলাম। ম্যাচটি খেলার সময়ই ৯০ শতাংশ নিশ্চিত ছিলাম যে, পরের ম্যাচগুলোতে উইকেটের ধরন ও টিম কম্বিনেশনের কারণে আমার আর একাদশে সুযোগ হবে না। তাই এটাই আমার শেষ ম্যাচ। তাই আমার যত আবেগ-অনুভূতি, সব ওই দিনই শেষ হয়ে গিয়েছিল।
