জন্মদিনে হুমায়ূননামা
শত সীমাবদ্ধতা মেনেও আমি মনে করি, হুমায়ূন আহমেদ আমাদের দেশের সেরা লেখকদের অন্যতম; যাঁকে সমালোচনা করা যায়, কিন্তু এড়ানো যায় না, যাবেও না।
হুমায়ূন আহমেদ আমাদের বাংলাদেশের বাঙালির জীবনে কয়েকটি কারণে মুক্তিদূত। তাঁর আগে-পরে স্বনামধন্য, খ্যাতিমান ও কালজয়ী লেখকদের তালিকা দীর্ঘ। তাঁকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে কিংবা অস্বীকার করে তাবড় বড় লেখকেরা যাই বলুন না কেন, তাঁদের সবার জানা—একা হুমায়ূন আহমেদই বদলে দিয়েছিলেন আমাদের লেখার জগৎ। কীভাবে?
একটা গল্প দিয়ে শুরু করি। আমি তখন নবম বা দশম শ্রেণির ছাত্র। চট্টগ্রামের নন্দনকানন থেকে প্রকাশিত হতো ‘দৈনিক মিছিল’ নামের একটি পত্রিকা। সে পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন সজ্জন এক ধনী ব্যবসায়ী। ওই কাগজের ছোটদের পাতার নিয়মিত লেখক ছিলাম আমি। ‘ছোটদের মিছিল’ নামে সে পাতাটি সম্পাদনা করতেন প্রয়াত লেখক, অগ্রজ খন্দকার আখতার আহমদ। একদিন দুপুরবেলায় তিনি গোপন কোনো বইয়ের মতো শার্টের ভেতর থেকে ঘামে ভেজা একটি বই বের করে দিয়েছিলেন আমাকে। চটি একটি উপন্যাস। আদেশ দিলেন, বইটি যেন পড়ার পর অবশ্যই তাঁকে আমার অভিমত জানাই। বুঝতে পারছিলাম না গোপনীয়তা কেন? পরে টের পেয়েছিলাম, আমরা তখনও পাঠজগতে ভারতনির্ভর। হাতে হাতে ঘুরতেন বিমল মিত্র, শংকর, নীহাররঞ্জন, ফাল্গুনী, সুনীল কিংবা শীর্ষেন্দু। লজ্জা-লজ্জা ভাব যায়নি তখনও। ‘নন্দিত নরকে’ নামের বইটি ছিল মুদ্রণপ্রমাদে ভরা, দুর্বল ছাপা। কিন্তু পড়ার পর রাতভর ঘুমাতে দেয়নি সে চটি উপন্যাস। চোখের জলে ভেসে যাওয়া কিশোর বা তরুণ পাঠকের মনে সেই প্রথম হুমায়ূনের প্রবেশ। এরপর আখতার ভাই আমাকে দিয়েছিলেন ‘শঙ্খনীল কারাগার’। এটি পাঠ করার পর আমার কান্না আটকে গিয়েছিল গলার কাছে। সে এক ভয়াবহ কষ্ট। তারপর ‘শ্যামল ছায়া’। এরপর আমি আর তাঁর কোনো উপন্যাসে তেমন কষ্ট বা আনন্দ পাইনি, যা পেয়েছিলাম শুরুর দিকে। কিন্তু তত দিনে তিনি একাই বদলে দিয়েছিলেন আমাদের পাঠকহৃদয়। বাংলাদেশের বাঙালি, যাঁরা কোনো দিন শওকত ওসমান, শওকত আলী, আখতারুজ্জামান ইলিয়াস বা রণেশ দাশগুপ্তের মতো লেখকদের বই উপহার দিতে পারতেন না, তাঁরাই দলে দলে বিবাহ উৎসব বা যেকোনো অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের বই উপহার দিতে শুরু করলেন। এ এক মাইলফলক, এ এক জীবন্ত ইতিহাস, আমরা যার সাক্ষী।
দুই.
হুমায়ূন আহমেদকে নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এই কারণে যে, তিনি নাকি তাঁর অনুজ মুহম্মদ জাফর ইকবালের মতো প্রগতিশীলদের হয়ে লড়াই করেননি। আসুন হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ থেকেই পড়ি:
“রাত ন’টার মতো বাজে। আমি কী যেন লিখছি, হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, ‘বাবা, একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।’ আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায় চকচক করছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বিখ্যাত মানুষরা যে আমাকে একেবারেই টেলিফোন করেন না, তা তো নয়। মেয়ে এত উত্তেজিত কেন?
‘বাবা, তুমি কিন্তু আবার বলতে বলবে না যে তুমি বাসায় নেই। তোমার বিশ্রী অভ্যাস আছে—বাসায় থেকেও বলো বাসায় নেই।’ আমি বললাম, ‘টেলিফোন কে করেছে মা?’ আমার মেয়ে ফিসফিস করে বলল, ‘জাহানারা ইমাম।’ ‘এই নাম ফিসফিস করে বলছ কেন? ফিসফিস করে বলার কী হলো?’
‘বাবা, উনি যখন বললেন তাঁর নাম জাহানারা ইমাম, তখন আমি এতই নার্ভাস হয়ে গেছি যে, তাঁকে আসসালামু আলাইকুম বলতে ভুলে গেছি।’
‘বিরাট ভুল হয়েছে।’
তিনি আমাকে বললেন, ‘আমি কিন্তু আপনাকে টেলিফোন করেছি কিছু কঠিন কথা বলার জন্যে।’”
সে কঠিন কথা কোনো সহজ সময়ে আবার লেখা যাবে হয়তো।
তিন.
তাঁর ব্যক্তিজীবন এখনো যে চর্চিত হবে, এটাও স্বাভাবিক। এত বড় একজন সেলিব্রিটি তারকা লেখকের আনুকূল্য যেমন কাম্য ছিল, তেমনি তাঁর জীবনযাত্রা বা যাপিত জীবনের যেকোনো ব্যতিক্রমই ছিল মানুষের নখদর্পণে। জানাশোনা মানুষ থেকে সাধারণ জনগণ—সবাই জানত তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। অসঙ্গতি যেখানে মানুষের নিত্যদিনের স্বভাব, যে সমাজে নানা ধরনের অনৈতিক সম্পর্ক আর অনাচার রোজ নিউজ হয়, ভাইরাল হয়, সে সমাজ তাঁকে গালমন্দ করত—এটা ভাবলেই আমার হাসি পায়। কারণ গুলতেকিন আহমদ বা খানের সঙ্গে তাঁর বনিবনা হয়নি, এটা যেমন বেদনার, তেমনি এটাও সত্য তিনি শাওনকে বিয়ে করেছিলেন। অমর্ত্য সেন থেকে উত্তম কুমার—কে করেননি? অথচ আমাদের সমাজের এক শ্রেণির বুদ্ধিবাজ, চতুর এবং সংকীর্ণ মধ্যবিত্ত এ নিয়ে কথা বলে। তাঁদের মনে হুমায়ূন আহমেদের প্রভাব, তাঁদের প্রিয় লেখকের তালিকায় তিনি, অথচ মুখে বিরোধিতা। এখানেও তিনি অনন্য। নিজের জীবন দিয়েই প্রকাশ্য করে দিয়ে গেছেন আমাদের হিপোক্রেসি।
চার.
ম্যাজিক ছিল তাঁর প্রিয় বিষয়। কোনো দিন বুঝতে দেননি তিনি কি আস্তিক না নাস্তিক। একদিকে যেমন সংস্কার ও আচরণগত ধর্মের বিরুদ্ধে বলেছেন, অন্যদিকে এমন সব গল্প লিখেছেন, এমন সব কাহিনি, যা অলৌকিকতার দিকেই ঝুঁকে আছে। আমার ধারণা, এই দ্বৈততা অথবা সংশয়বাদিতাই হুমায়ূনের মতো লেখকদের ক্রমাগত রহস্যময় ও বড় করে তোলে।
যে যাই বলুক, এখনো তারুণ্যে হিমু একটি আকর্ষণীয় চরিত্র। এখনো হিমু হওয়ার সাধনা করে তরুণেরা। বাংলাদেশের তারুণ্যে প্রেম, ভালোবাসা ও আনন্দের নাম হুমায়ূন আহমেদ। তিনি মাথাভারী গবেষণা করেননি। তিনি আনন্দের সন্তান। আজীবন আমাদের দেশ ও জাতিকে আনন্দ-বেদনার কাব্য, গল্প, নাটক, সিনেমা উপহার দেওয়া বহুমাত্রিক এক প্রতিভা। শত সীমাবদ্ধতা মেনেও আমি মনে করি, হুমায়ূন আহমেদ আমাদের দেশের সেরা লেখকদের অন্যতম; যাঁকে সমালোচনা করা যায়, কিন্তু এড়ানো যায় না, যাবেও না।
হুমায়ূন আহমেদ দেশ, কাল, স্থানের সীমা অতিক্রম করা এক লেখক; যাঁকে উভয় বাংলা লুফে নিয়েছিল। কারণ তিনি এমন এক ধরনের গদ্য লিখতেন, যার স্বাদ আলাদা, আবার সুস্বাদু।
শুভ জন্মদিন, প্রিয় হুমায়ূন আহমেদ।
