১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

৩০ বছর বয়সে ক্রিকেট ছাড়লেন স্কটিশ পেসার

বারবার চোটের ছোবলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ব্র্যাড হুইল।

৩০ বছর বয়সে ক্রিকেট ছাড়লেন স্কটিশ পেসার

ব্র্যাড হুইল। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 09:26 PM

Updated : 16 Oct 2026, 09:25 PM

একের পর এক চোটের ছোবলে এখন আর নিজেকে শীর্ষ পর্যায়ে খেলার মতো ফিট মনে করছেন না ব্র্যাড হুইল। এই পেসার বলেছেন, তার শরীর পেস বোলিংয়ের ধকল সামলাতে পারছে না। তাই পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ৩০ বছর বয়সি স্কটিশ ক্রিকেটার।

২০১৬ সালে হংকংয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন হুইল। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে স্কটল্যান্ডের হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচটি হয়ে রইল দেশের হয়ে তার শেষ ম্যাচ।

২০১৫ সালে হ্যাম্পশায়ারের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় হুইলের। কাউন্টি দলটির হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন তিনি। দুটি শিরোপার স্বাদও পেয়েছেন; ২০১৮ সালে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ এবং ২০২২ সালে ভাইটালিটি ব্লাস্ট জয়ী হ্যাম্পশায়ার দলের সদস্য ছিলেন তিনি।

২০১৬ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা বোলিং করেন হুইল। যেখানে ৫১ রানে ৬ উইকেট নেন তিনি। ২০২৩ সালে ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেরা বোলিং। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পান একবার, ৩৮ রান খরচায়।

তবে সদ্য শেষ হওয়া মৌসুমে হ্যাম্পশায়ারের মূল দলের হয়ে কাউন্টিতে একটি ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি হুইল। তখনই বোধহয় অনুভব করেন, সময় ফুরিয়ে এসেছে তার। শুক্রবার অবসর ঘোষণার বিবৃতিতে বললেন বারবার চোটে পড়ার কথা।

“পেশাদার ক্রিকেটার হিসেবে হ্যাম্পশায়ার ও স্কটল্যান্ডের হয়ে কাটানো দিনগুলো দারুণ উপভোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বারবার চোটে পড়ায় আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ক্রিকেট খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

“সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না, তবে এটি নিয়ে আমি এখন শান্তিতে আছি। পিঠে চারবার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে এবং সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে। সত্যি বলতে, আমার শরীর এখন আর ফাস্ট বোলিংয়ের চাপ সহ্য করতে পারছে না। স্কটল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাওয়া আমার ও আমার পরিবারের কাছে সব সময়ই অনেক বড় ব্যাপার ছিল। এ নিয়ে আমি সব সময় ভীষণ গর্বিত থাকব।”

হুইলের ক্যারিয়ারের বড় প্রাপ্তি বোধহয় চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছিল তার বিশ্বকাপ-যাত্রা। সবশেষ ২০২৬ আসরে তিনটি ম্যাচ খেলেন তিনি। এর মধ্যে কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারের ম্যাচটিও ছিল।

আন্তর্জাতিক ক্রিকেটে ৫১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন হুইল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ১৪০টি। লিস্ট ‘এ’-তে নিয়েছেন ৭৭ উইকেট এবং টি-টোয়েন্টিতে প্রাপ্তি ৮৮টি।