৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

৬ উইকেট নিয়ে আইরিশ রেকর্ড ভারতীয় বংশোদ্ভূত পেসারের

নামিবিয়ার ব্যাটিং গুঁড়িয়ে ওয়ানডেতে আয়ারল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন জেয় মুন্ড্রা।

৬ উইকেট নিয়ে আইরিশ রেকর্ড ভারতীয় বংশোদ্ভূত পেসারের

রেকর্ড গড়া বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জেয় মুন্ড্রা। ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 12:21 AM

Updated : 31 Oct 2026, 12:27 AM

জেয় মুন্ড্রার ওয়ানডে ক্যারিয়ারের আগের ছয় ম্যাচে উইকেট ছিল মোটে সাতটি। এবার দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচেই তিনি উইকেট নিলেন ছয়টি। নামিবিয়ার ব্যাটিং গুঁড়িয়ে আয়ারল্যান্ডের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত এই পেসার।

উইন্ডহুকে শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ডের বড় জয়ের ম্যাচে ১০ ওভারে স্রেফ ২৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন মুন্ড্রা।

এই সংস্করণে আয়ারল্যান্ডের হয়ে আগের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল জশ লিটলের। ২০২৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

আইরিশদের হয়ে এক ম্যাচে ৬ উইকেট আছে আর কেবল একজনের। ২০১৭ সালে আফগানিস্তানের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন পল স্টার্লিং।

টানা দুই হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে এই ম্যাচ খেলতে নামে আয়ারল্যান্ড। টিম টেক্টর (৭৩), কার্টিস ক্যাম্ফার (৬৬) ও জর্জ ডকরেলের (৪৭*) ব্যাটে ৫০ ওভারে তারা করে ২৯৮ রান।

জবাবে মুন্ড্রার তোপে পড়ে ১৬৮ রানেই গুটিয়ে যায় নামিবিয়া।

১৩০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরায় আইরিশরা।

কোভিডের সময় ভারতের অনিশ্চিত জীবন ছেড়ে পড়াশোনা ও কাজের জন্য মুন্ড্রার আয়ারল্যান্ডে পাড়ি জমানো, এরপর ক্রিকেটে সম্পৃক্ত হওয়ার চমকপ্রদ গল্প ক্রিকেট অনুরাগী সবারই প্রায় জানা এখন।

গত জুনে জন্মভূমি ভারতের বিপক্ষেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। দুই ম্যাচের ওই সিরিজে আয়ারল্যান্ডের ২-০ ব্যবধানের স্মরণীয় জয়ে ৫টি উইকেট নিয়ে তিনিই ছিলেন সিরিজ সেরা।