শ্রীলঙ্কাকে ৯৮ রানে গুঁড়িয়ে দিল পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে টেস্টে এর চেয়ে কম রানে অলআউট হয়নি কোনো দল।
ম্যাচের চতুর্থ ওভারে শিকার ধরে সুরটা বেঁধে দিলেন সাকিব খান। এরপর দ্যুতি ছড়ালেন মোহাম্মাদ আব্বাস, রাজাউল্লাহ ও আমের জামাল। তাদের চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কাকে একশর আগে গুঁড়িয়ে দিল পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার ৯৮ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। টেস্টে পাকিস্তানের মাঠটিতে এই প্রথম একশর নিচে অলআউট হলো কোনো দল। দুই বছর আগে ইংল্যান্ডকে ১১২ রানে গুটিয়ে দিয়েছিল স্বাগতিকরা।
পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে কম রানে আরও তিন দফায় অলআউট হওয়ার অভিজ্ঞতা অবশ্য আছেন শ্রীলঙ্কার। ১৯৯৪ সালে ক্যান্ডিতে ৭১ রানে গুটিয়ে যায় তার। ২০০৬ সালে একই মাঠে ৭৩ রান অলআউট হয় দলটি। আর ২০১৭ সালে দুবাইয়ে লঙ্কান ইনিংস শেষ হয় ৯৬ রানে।
টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন সংগ্রহ ৪২ রান। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে এই তেতো অভিজ্ঞতা হয়েছিল তাদের।
রাওয়ালপিন্ডিতে এদিন স্রেফ ১৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন আব্বাস। সমান তিনটি করে শিকার ধরেছেন রাজাউল্লাহ (৩/২১) ও আমের জামাল (৩/২৪)। সাকিবের প্রাপ্তি ওই প্রথম উইকেট।
শ্রীলঙ্কার ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল অধিনায়ক কুসাল মেন্ডিস (পাঁচ চারে ৩২) ও সোনাল দিনুশা (চার চারে ২১)।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। পাসিন্দু সুরিয়াবান্দারাকে কট বিহাইন্ড করে শুরুতে দলকে সাফল্য এনে দেন সাকিব। অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে বিদায় করেন আব্বাস।
পরপর দুই ওভারে কামিন্দু মেন্ডিস ও লাহিরু উদারাকে হারায় লঙ্কানরা। আব্বাসের বলে শর্ট কাভারে অসাধারণ ক্যাচ নিয়ে কামিন্দুকে ফেরান তাইয়াব আরিফ। অনেকটা সময় ক্রিজে কাটানো উদারা স্লিপে ধরা পড়েন রাজাউল্লাহর চমৎকার ডেলিভারিতে। রাজাউল্লাহ কয়েক ওভার পর বিদায় করেন ধানাঞ্জায়া ডি সিলভাকে।
৩৬ রানে ৫ উইকেট হারিয়ে তখন কাঁপছে শ্রীলঙ্কা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াইয়ে চেষ্টা করেন মেন্ডিস ও দিনুশা। ৪৯ রানের জুটি গড়েন তারা দুইজন।
তাদের যুগলবন্দিতে ফাটল ধরান আমের জামাল। তার বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক মেন্ডিস। পরের ওভারে রাজাউল্লাহ ভেঙে দেন মিলান রাত্নায়েকের স্টাম্প। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের ইনিংস।
মধ্যাহ্ন বিরতির পর ৬.৩ ওভারে ১৩ রান তুলতেই শেষ চার উইকেট হারায় পাকিস্তান।
