কুমারার ৫ উইকেট, পাকিস্তানের বড় লিডের পর চাপে শ্রীলঙ্কা
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে ফেলেছে লঙ্কানরা।
লাহিরু কুমারার ছোবলে বড় ইনিংস খেলতে পারলেন না পাকিস্তানের কেউ। তবে সম্মিলিত অবদানে সোয়া তিনশ রানের সংগ্রহ গড়ল তারা। পরে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বুধবার পাকিস্তানের প্রথম ইনিংস ৩২৫ রানে গুটিয়ে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে একশ করতে না পারা সফরকারীরা দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৭৪ রান নিয়ে। এখনও ১৫৩ রানে পিছিয়ে আছে তারা।
ভালো শুরু পেয়েছেন পাকিস্তানের কয়েকজন। কিন্তু সেটিকে বড় ইনিংসে রূপান্তর করতে পারেননি কেউই। ইনিংসে একমাত্র ফিফটি করেছেন গাজী ঘরি (৪টি চারে ৫৪)।
ক্যারিয়ারের শুরুর দিকে একবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন কুমারা, সেই ২০১৭ সালে। দীর্ঘ অপেক্ষার পর আবার সেই স্বাদ পেলেন তিনি। ৯৫ রানে ৫ শিকার ধরেন লঙ্কান এই পেসার।
৩ উইকেটে ১২১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান দিনের শুরুতেই হারায় আজান আওয়াইসকে। আগের দিনের ৪৭ রানের সঙ্গে কোনো রান যোগ করার আগে কুমারার বলে কট বিহাইন্ড হন তিনি।
থিতু হয়ে কুমারার বলেই কিপারের গ্লাভসে ধরা পড়েন সাউদ শাকিল। অনেকটা সময় ক্রিজে কাটিয়ে ৩৭ রান করা সাকিব খানও কুমারার শিকার। সালমান আলি আগাও পারেননি দলকে টানতে।
তিনশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া স্বাগতিকদের টানেন ঘরি ও রাজাউল্লাহ। তাদের ৫৬ রানের জুটিতে তিনশ পার করে পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি করে বিদায় নেন তৃতীয় টেস্ট খেলতে নামা ঘরি।
আগ্রাসী ব্যাটিংয়ে তিনটি ছক্কা ও চারটি চারে ৪২ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন রাজাউল্লাহ। ২২৭ রানের বড় লিড পায় পাকিস্তান।
দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে ছোটখাট ধসে পড়ে শ্রীলঙ্কা। আরেকবার দুই অঙ্কে যেতে ব্যর্থ হন লাহিরু উদারা। এবার রানের খাতাই খুলতে পারেননি দিনেশ চান্দিমাল। দুই অঙ্কে গিয়ে বিদায় নেন কামিন্দু মেন্ডিস।
৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে দিনের শেষ দিকে আর উইকেট হারাতে দেননি পাসিন্দু সুরিয়াবান্দারা ও ধানাঞ্জায়া ডি সিলভা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৮
পাকিস্তান ১ম ইনিংস: ৮৭.৫ ওভারে ৩২৫ (আগের দিন ১২১/৩) (আজান ৪৭, সাকিব ৩৭, শাকিল ২৪, সালমান ২১, ঘরি ৫৪, আমের ১২, রাজাউল্লাহ ৪২, আব্বাস ২*; আসিথা ২২-২-৮৮-৩, মিলান ২১-৬-৪৮-১, কুমারা ২১.৫-৫-৯৫-৫, জায়াসুরিয়া ২৩-৪-৭২-১)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২২ ওভার ৭৪/৩ (সুরিয়াবান্দারা ১৮*, উদারা ৭, চান্দিমাল ০, কামিন্দু ১৬, ধানাঞ্জায়া ২৪*; আব্বাস ৮-৩-২৫-০, সাকিব ১.২-০-৬-১, রাজাউল্লাহ ৭.৪-১-২২-১, আমের ৫-১-১৬-১)
