২ বছর পর সিরিজ জিতল পাকিস্তান
পঞ্চম দিন প্রথম সেশনে ৮ উইকেটে রাওয়ালপিন্ডি টেস্ট জিতে নিয়েছে বাবর আজমের দল।
জয়ের মঞ্চ তৈরি ছিল আগেই, পঞ্চম ও শেষ দিনে বাকিটা সারতে ৯০ মিনিটেরও কম সময় নিল পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল বাবর আজমের দল।
৯০ রানের ছোট লক্ষ্য ১৩ ওভারেই ছুঁয়ে ফেলে পাকিস্তান। দুই ম্যাচের সিরিজ জেতে ১-০ ব্যবধানে। ২০২৪ সালের অক্টোবরের পর এই প্রথম কোনো সিরিজ জিতল তারা।
৯ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। মাত্র ২ ওভার খেলতে পারে তারা।আসিথা ফার্নান্দোকে এলবিডব্লিউ করে ৩১৬ রানে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন মোহাম্মাদ আব্বাস।
৮৮ বলে ১২ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন মিলান রাত্নায়েকে।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দেওয়া পাকিস্তান পায় ৯০ রানের ছোট লক্ষ্য। ওই রান নিয়ে লড়াইও করতে পারেননি কুসাল মেন্ডিসের দল।
ষষ্ঠ ওভারে স্বাগতিকদের শুরুর জুটি ভাঙেন লাহিরু কুমারা। পরে মোহাম্মাদ তাহাকে ফেরান আসিথা ফার্নান্দো।
প্রমোশন পেয়ে চারে নেমে ঝড় তোলেন আমের জামাল। আজান আওয়াইসের সঙ্গে ৫৩ রানের জুটিতে জয় নিয়ে ফেরেন তিনি। ৩৬ বলে পাঁচ চারে ৩২ রানে অপরাজিত থাকেন আওয়াইস। ২২ বলে এক ছয় ও পাঁচ চারে ৩৪ রান করেন জামাল।
দুই ইনিংসে তিনটি করে উইকেট নেওয়া পেসার আব্বাস জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ৮ উইকেট নিয়ে তিনিই হন সিরিজ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৮
পাকিস্তান ১ম ইনিংস: ৩২৫
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯৫ ওভারে ৩১৬ (আগের দিন ৩০৯/৯) (রাত্নায়েকে ৬৬*, আসিথা ২; আব্বাস ৩৪-১৫-৫৫-৩, সাকিব ১.২-০-৬-১, রাজাউল্লাহ ২৫.৪-২-১১৬-২, আমের ২৪-৫-৬৭-৩, সালমান ৮-০-৩৪-১, বাবর ১-০-৪-০, তাহা ১-০-৯-০)
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৯০) ১৩ ওভারে ৯০/২ (আওয়াইস ৩২*, আরিফ ১৩, তাহা ৪, জামাল ৩৪*; আসিথা ৫-০-৩০-১, লাহিরু ৫-০-২৭-১, রাত্নায়েকে ২-০-১৬-০, জয়াসুরিয়া ১-০-১১-০)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জয়ী পাকিস্তান
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ আব্বাস
ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ আব্বাস
