৪ ফিফটিতে দিনটি পাকিস্তানের
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে প্রথম দিনে ২৮১ রান করেছে স্বাগতিকরা।
ঘরের মাঠে টেস্টে চারজনের অভিষেক করাল পাকিস্তান। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন অভিষিক্ত তাইয়াব আরিফ ও মোহাম্মাদ তাহা। ফিফটি করে থামলেন বাবর আজম। সঙ্গে সাউদি শাকিলের অপরাজিত ফিফটিতে তিনশর কাছে পৌঁছে গেল স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সোমবার দিনভর দ্রুত রান তুলেছে পাকিস্তান। ওভারপ্রতি ৪.১৭ করে রান নিয়েছে তারা। আলোকস্বল্পতায় ৬৭.২ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২৮১ রানে প্রথম দিন শেষ করেছে দলটি।
আগ্রাসী ব্যাটিংয়ে একটি ছক্কা ও ৯টি চারে ৫১ বলে ৫৭ রান করেন আরিফ। তার ঠিক উল্টো ঘরানায় ব্যাটিং করেন তাহা, ছয়টি চারে ৫১ রান করেন তিনি ১০৫ বল খেলে।
অধিনায়ক বাবরের ব্যাট থেকে আসে সাতটি চারে ৫৮ বলে ঠিক ৫০ রান। সাতটি চারে ৫৭ রানে খেলছেন শাকিল।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ভালো শুরু এনে দেন আজান আওয়াইস ও আরিফ। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮৬ রান। সাতটি চারে ৩০ রান করা আজানকে কট বিহাইন্ড করে যুগলবন্দিতে ফাটল ধরান মিলান রাত্নায়েকে।
দ্রুত রান বাড়িয়ে ৪৬ বলে ফিফটি স্পর্শ করা আরিফকে পরের ওভারেই বিদায় করেন আসিথা ফার্নান্দো। তিনিও ধরা পড়েন উইকেটের পেছনে। প্রথম সেশনের বাকি অংশ কাটিয়ে দেন তাহা ও বাবর। ২ উইকেটে ১৩৭ রান নিয়ে বিরতিতে যায় পাকিস্তান।
দ্বিতীয় সেশনের প্রথম ওভারে দিলশান মাদুশাঙ্কাকে তিনটি চার মারেন বাবর। দুই ওভার পর ৫৪ বলে পঞ্চাশে পা রাখেন তিনি। নামের পাশে আর কোনো রান যোগ করার আগেই তাকে ড্রেসিং রুমে পাঠান মাদুশাঙ্কা। ভাঙে ৬৯ রানের জুটি।
এরপর শাকিলের সঙ্গে ৬৮ রানের বন্ধন গড়েন ১০১ বলে ফিফটি করা তাহা। সোনাল দিনুশার বাঁহাতি স্পিনে ধানাঞ্জায়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি। সালমান আলি আগাকে টিকতে দেননি আসিথা।
তৃতীয় সেশনের শুরুতে ১০৩ বলে ফিফটি স্পর্শ করেন শাকিল। এর কয়েক ওভার পরই আলোকস্বল্পতায় দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়ার।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
পাকিস্তান: ৬৭.২ ওভারে ২৮১/৫ (আজান ৩০, আরিফ ৫৭, তাহা ৫১, বাবর ৫০, শাকিল ৫৭*, সালমান ১৬, ঘরি ৭*; আসিথা ১৫.২-২-৬৪-২, মাদুশাঙ্কা ১৬-১-৮৭-১, লাহিরু ১৬-১-৭০-০, মিলান ১৬-১-৪৩-১, ধানাঞ্জায়া ১-১-০-০, দিনুশা ৩-০-১০-১)
