২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাইস্টচার্চে ব্যাট-বলের দারুণ লড়াইয়ে কিছুটা এগিয়ে কিউইরা

ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে নিউ জিল্যান্ড।

ক্রাইস্টচার্চে ব্যাট-বলের দারুণ লড়াইয়ে কিছুটা এগিয়ে কিউইরা

ছবি: ব্ল্যাকক্যাপস ফেইবসুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 03:57 PM

Updated : 27 Nov 2026, 03:57 PM

ওয়েলিংটনে ‘পেয়ার’ বা ‘দুই ইনিংসেই শূন্যর’ তেতো স্বাদ পাওয়া টম ল্যাথাম এবার খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। তার ব্যাটে ভালো শুরু পাওয়ার পর হুট করে পথ হারিয়ে ফেলল নিউ জিল্যান্ড। শূন্য রানে তিন ব্যাটসম্যানের বিদায়ে ভীষণ চাপে পড়া দলকে কক্ষপথে ফেরান টম ব্লান্ডেল। ব্যাট-বলের দারুণ লড়াইয়ের দিন শেষে কিছুটা এগিয়ে কিউইরা।

ভারতের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে শুক্রবার ৫ উইকেটে ২৪৬ রান করে প্রথম দিন শেষ করেছে নিউ জিল্যান্ড। ছয়টি চারে ৫৩ রানে খেলছেন ব্লান্ডেল। ক্রিজে তার সঙ্গী গ্লেন ফিলিপস অপরাজিত পাঁচটি চারে ৩৬ রান করে।

ইনিংস শুরু করতে নেমে ছয়টি চারে ৫৯ রান করেন নিউ জিল্যান্ড অধিনায়ক ল্যাথাম। উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় দলটি।

তবে বোলারদের নৈপুণ্যে দিনটি হতে পারত ভারতের। ১১০ রানে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চেপে ধরে তারা। কিন্তু এরপর ড্যারিল মিচেলের সঙ্গে ব্লান্ডেলের ৭৪ রানের জুটি এবং ফিলিপস-ব্লান্ডেলের অবিচ্ছিন্ন ৬২ রানের যুগলবন্দিতে সুবিধা করতে পারেনি সফরকারীরা।

ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দিন জুড়েই যেখানে পেসাররা পান বাউন্স। যা পরীক্ষায় ফেলে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের।

তবে ধৈর্যশীল ব্যাটিংয়ে প্রথম ঘণ্টার কঠিন সময়টা পার করে দেন ল্যাথাম ও ডেভন কনওয়ে। পানি পানের বিরতির পর ল্যাথামকে ফেরানোর সুযোগ হাতছাড়া করে ভারত। আকাশ দিপের বলে স্লিপে ক্যাচ ছাড়েন লোকেশ রাহুল। তখন ২৯ রানে ছিলেন ল্যাথাম।

অন্য প্রান্তে কনওয়ে কেবল সাবলীল হতে শুরু করেছিলেন। এমন সময়ই বাজে তার বিদায় ঘণ্টা। চারটি চারে ৩১ রান করা কনওয়েকে এলবিডব্লিউ করে টেস্টে প্রথম উইকেটের স্বাদ নেন অভিষিক্ত গুরনুর ব্রার। ভাঙে ৭৭ রানের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় সেশনে ফিফটিতে পা রাখেন ল্যাথাম, ৮৮ বলে। এরপর আরও ৪০ বল খেলে কেবল ৯ রান করেন তিনি। আকাশ দিপের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ড্রেসিং রুমে।

পরের ওভারে আগের টেস্টের সেঞ্চুরিয়ান হেনরি নিকোলসকে ফেরান আনশুল কাম্বোজ। রাচিন রাভিন্দ্রাকে রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ড করেন আকাশ। ১১০ রান দাঁড়িয়ে তিন উইকেট হারায় নিউ জিল্যান্ড।

বিপাকে পড়া দলকে টানেন মিচেল ও ব্লান্ডেল। জমে যাওয়া এই জুটির প্রতিরোধ ভাঙেন ওয়াশিংটন সুন্দার। চারটি চারে ৩১ রান করে লেগ স্লিপে ধরা পড়েন মিচেল।

দিনের বাকিটা সময় নিরাপদে কাটিয়ে দেন ব্লান্ডেল ও ফিলিপস। দ্বিতীয় নতুন বল নিয়েও এই জুটি ভাঙতে পারেনি ভারত। ১১৪ বলে ফিফটি করেন ব্লান্ডেল।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

নিউ জিল্যান্ড: ৮৫ ওভারে ২৪৬/৫ (ল্যাথাম ৫৯, কনওয়ে ৩১, নিকোলস ১৬, রাভিন্দ্রা ০, মিচেল ৩১, ব্লান্ডেল ৫৩*, ফিলিপস ৩৬*; বুমরাহ ১৯-৪-৩৭-০, কাম্বোজ ১৭-৫-৫৬-১, আকাশ ২১-৬-৫২-২, ব্রার ১৯-৪-৫২-১, ওয়াশিংটন ৯-১-৩৬-১)