নেপালে আরিফুলের ঝড়ো ব্যাটিং
এনপিএলে ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
ম্যাচের প্রথম বলে চার মেরে রানের খাতা খুললেন আরিফুল ইসলাম। বিস্ফোরক ব্যাটিংয়ে বাড়ালেন রান, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারলেন না বাংলাদেশের এই ওপেনার।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) রোববার চিতওয়ান রাইনোসের বিপক্ষে ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন আরিফুল। দুটি ছক্কা ও চারটি চারে ১৫ বলে ৩৫ রান করেন কার্নালি ইয়াকসের ওপেনার।
কীর্তিপুরে এদিন প্রথম বলে চারের পর, দ্বিতীয় ওভারে টানা দুটি চার মারেন আরিফুল। পরের ওভারে রিজান ধাকালকে ওড়ান ছক্কায়। চতুর্থ ওভারে সালাহউদ্দিন খানকে টানা চার ও ছক্কা মারেন ২১ বছর বয়সি এই ক্রিকেটার।
সালাহউদ্দিন অবশ্য প্রতিশোধ নিতে দেরি করেননি। পরের বলেই আরিফুলের স্টাম্প ভেঙে দেন নেপারের এই বোলার।
প্রথমবার দেশের বাইরের লিগে খেলতে গিয়ে সময়টা ভালো-খারাপ মিলিয়ে কাটছে আরিফুলের। আসরে নিজের প্রথম তিন ম্যাচে যথাক্রমে ৪২, ৩২ ও ৪৪ রান করেন তিনি। পরের ম্যাচে পান ‘ডাকের’ তেতো স্বাদ।
আর সবশেষ দুই ম্যাচে আরিফুলের ব্যাট থেকে আসে ২৪ ও ৪ রান। ঘুরে দাঁড়িয়ে এবার ভালো কিছুর আভাস দিয়ে ফের ইনিংস বড় করতে ব্যর্থ ডানহাতি এই ব্যাটসম্যান।
কার্নালির ইনিংসে আরিফুলের চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল হুসাইন তালাত। তিনটি ছক্কা ও দুটি চারে ৩৩ বলে ৫১ রান করেন পাকিস্তানের ব্যাটসম্যান। তাদের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৩ রান করে দলটি।
