২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

মেলবোর্নে তিন উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটিতে দলকে জেতালেন নিখিল চৌধুরী। ছবি: অস্ট্রেলিয়ান মেন’স ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 06:09 PM

Updated : 21 Nov 2026, 06:38 PM

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন দাঁড়াল ১১ রান। স্যাম কারানের করা প্রথম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলে দলকে জয়ের কাছে নিলেন জ্যাক এডওয়ার্ডস। আর পঞ্চম বলে এক রানের সমীকরণে বাউন্ডারি হাঁকিয়ে এনে দিলেন দারুণ এক জয়।

মেলবোর্নে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। সফরকারীদের ১৮৭ রান এক বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।

অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক নিখিল চৌধুরি। লেগ স্পিনে ২১ রান খরচায় ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দুটি ছক্কা ও ছয়টি চারে ৩৮ বলে ৬৬ রান করেন তিনি। শেষ দিকে দুটি ছক্কা ও একটি চারে ১১ বলে ২৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন এডওয়ার্ডস।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম বলে আউট হওয়া প্রথম ইংলিশ ব্যাটসম্যান সল্ট। আরেক ওপেনার অ্যানেউরিন ডোনাল্ডকে টিকতে দেননি এডওয়ার্ডস।

১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে এগিয়ে নেন হ্যারি ব্রুক ও টম ব্যান্টন। তাদের ৮৭ রানের জুটিতে অগ্রণী ছিলেন অধিনায়ক ব্রুক। বিস্ফোরক ব্যাটিংয়ে ছয়টি ছক্কা ও চারটি চারে ২৮ বলে ৬৫ রান করে নিখিলের বলে ফেরেন তিনি।

আরেক থিতু ব্যাটসম্যান ব্যান্টনকে পরের ওভারে ফিরিয়ে দেন বেন ডোয়ার্শিস। একটি ছক্কা ও পাঁচটি চারে ২২ বলে ৩৯ রান করেন ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি করা ব্যান্টন। এরপর বাকিদের টুকটাক অবদানে লড়ার মতো পুঁজি গড়ে ইংলিশরা।

স্পিনার লিয়ান ডসনকে দিয়ে বোলিং শুরু করে ইংল্যান্ড। তাদের সেই পরিকল্পনা কাজেও লেগে যায়। না। ইনিংসের ষষ্ঠ বলে জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে বোল্ড করে দেন বাঁহাতি স্পিনার ডসন।

শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে পথে রাখেন মিচেল মার্শ ও স্যাম হার্পার। দুটি ছক্কা ও তিনটি চারে ১৫ বলে ৩২ রান করা অভিষিক্ত হার্পারকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙেন আরেক অভিষিক্ত হেনরি ক্রোকম্বে।

একাদশ ওভারে মার্শের প্রতিরোধ ভাঙেন কারান। একটি ছক্কা ও তিনটি চারে ৩৭ রান করতে ৩২ বল খেলেন মার্শ। এরপর টিম ডেভিডকে নিয়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নেন নিখিল। তাদের জুটিতে আসে ৪৮ রান। একটি করে ছক্কা ও চার মেরে বিদায় নেন ডেভিড।

এক ওভারে জোড়া শিকার ধরে স্বাগতিকদের চেপে ধরেন উইল জ্যাকস। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে ভালো করতে পারেননি ল্যাচলান শ, একটি বাউন্ডারিতে করেন কেবল ৫ রান। জোয়েল ডেভিস ফেরেন এক রানে।

৩২ বলে ফিফটি করা নিখিল যখন বিদায় নেন তখনও ১২ বলে ২০ রান দরকার অস্ট্রেলিয়ার। ১৯তম ওভারের দ্বিতীয় বলে জ্যাকসকে ছক্কা মেরে সমীকরণ কিছুটা সহজ করেন এডওয়ার্ডস। এরপর তো শেষ ওভারে দলকে জয়ই এনে দেন তিনি।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৮৭/৯ (সল্ট ০, ডোনাল্ড ১০, ব্রুক ৬৫, ব্যান্টন ৩৯, কারান ২১, জ্যাকস ৩, কক্স ২৭, ডসন ১৭, ওভারটন ২, রাশিদ ০*; ডেভিস ৩-০-২২-১, মেরেডিথ ৪-০-৪৯-১, এডওয়ার্ডস ৩-০-২৭-২, ডোয়ার্শিস ২-০-২৩-১, জ্যাম্পা ৪-০-৪৩-১, নিখিল ৪-০-২১-২)

অস্ট্রেলিয়া: ১৯.৫ ওভারে ১৯১/৭ (মার্শ ৩৭, ফ্রেজার-ম্যাকগার্ক ১, হার্পার ৩২, নিখিল ৬৬, ডেভিড ২০, শ ৫, দেভিস ১, এডওয়ার্স ২৫*, ডোয়ার্শিস ১*; ডসন ৪-০-৩০-১, ক্রোকম্বে ২.২-০-২০-১, ওভারটন ৩-০-৪৪-১, কারান ৩.৫-০-৩৭-১, জ্যাকস ২.৪-০-২৯-২, রাশিদ ৪-০-৩০-১)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নিখিল চৌধুরি

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া