১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবহার না করে পুরানো মোবাইল ফোন রেখে দেওয়া ঝুঁকিপূর্ণ

ব্যবহার করা হয় না বলে পুরানো ফোন ড্রয়ারে পড়ে আছে? সাবধান বিপদ ঘটতে পরে যখন তখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 08:07 PM

Updated : 15 Nov 2026, 08:10 PM

নতুন স্মার্টফোন কেনার পর পুরানো ফোনটি ঘরের কোনও একটি ড্রয়ারে পড়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে অকেজো বা অব্যবহৃত এই ফোনগুলো সরানোর কথা আর মনে থাকে না।

তবে পরিবেশ ও তথ্যনিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, পুরানো ফোন সাধারণ ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া বা দীর্ঘদিন ঘরে জমিয়ে রাখা- দুটোই পরিবেশ ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

পুরানো ফোন ফেলে দেওয়া বা জমিয়ে রাখা যে কারণে বিপজ্জনক

জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ‘টেম্পল ইউনিভার্সিটি’র ‘ম্যাটেরিয়ালস অ্যান্ড এনভায়রনমেন্টাল’ বিজ্ঞানী ডা. আস্থা উপাধ্যায় বলেন, “প্রতিটি মোবাইল ফোনের ভেতর সোনা, রুপা, কোবাল্ট এবং লিথিয়ামের মতো মূল্যবান ও দুর্লভ ধাতু থাকে। ফোন সাধারণ আবর্জনায় ফেলে দিলে এই মূল্যবান খনিজ সম্পদগুলো চিরতরে নষ্ট হয়ে যায় এবং পরিবেশের ক্ষতি করে।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘হান্ট্রেস’-এর বিপণন পরিচালক এইমি সিম্পসন সতর্ক করে বলেন, “পুরানো ফোনে ব্যক্তিগত বার্তা, ছবি, পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো সংবেদনশীল তথ্য জমা থাকে। ফোন ময়লার ঝুড়িতে ফেলে দিলে অসাধু চক্রের হাতে সেই তথ্য চলে যাওয়ার ঝুঁকি থাকে।

এছাড়া দীর্ঘদিন পড়ে থাকা ফোনের লিথিয়াম ব্যাটারি ফুলে গিয়ে যেকোনও সময় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে।

পুরানো ফোন নিরাপদে নিষ্পত্তি করার কার্যকর উপায়

বিক্রি করা বা প্রয়োজনীয় কাউকে দিয়ে দেওয়া: ফোনটি যদি এখনও সচল থাকে, তবে সেটি ড্রয়ারে ফেলে না রেখে অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করে দেওয়া বা এমন কাউকে উপহার দেওয়া উচিত, যার একটি ফোনের প্রয়োজন রয়েছে।

ডা. উপাধ্যায়ের মতে, “এতে ফোনটির আয়ুষ্কাল বাড়ে এবং নতুন ইলেকট্রনিক বর্জ্য কম তৈরি হয়।”

অদল বদল করা: নতুন ফোন কেনার সময় অনেক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ও বিক্রেতা পুরানো ফোনের বিনিময়ে বিশেষ মূল্যছাড় বা ‘ট্রেড-ইন’ সুবিধা দিয়ে থাকে। এই প্রক্রিয়ায় পুরানো ফোনটি দিয়ে যেমন নগদ সাশ্রয় পাওয়া যায়, তেমনি প্রতিষ্ঠানগুলো ফোনটি সংস্কার বা সঠিকভাবে রিসাইকেল করার দায়িত্ব নেয়।

ডা. উপাধ্যায়ের মতে, “সামান্য ত্রুটি দেখা দিলেই নতুন ফোন না কিনে ব্যাটারি বা স্ক্রিন মেরামত করে দীর্ঘদিন ব্যবহার করাই পরিবেশের জন্য টেকসই সিদ্ধান্ত।”

ই-বর্জ্য রিসাইক্লিং প্রোগ্রামে জমা দেওয়া: ফোনটি যদি একেবারেই অকেজো হয়ে যায় এবং বিক্রি বা মেরামতের উপযোগী না থাকে, তবে তা নির্ধারিত ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়া যায়।

বর্তমানে অনেক মোবাইল ব্র্যান্ড, ইলেকট্রনিকস পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী সংগঠন অকেজো ফোন সংগ্রহ করে সেগুলো থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধারের কাজ করে থাকে।

জরুরি সতর্কতা

ফোনটি অন্য কারও হাতে দেওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় ছবির ও তথ্যের ব্যাকআপ নিতে হবে, সব অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করতে হবে এবং সবশেষে ফোনটি ‘ফ্যাক্টরি রিসেট’ দিয়ে সব তথ্য স্থায়ীভাবে ভেতরের তথ্য মুছে ফেলতে হবে।

পুরনো খবর:

ফোন মুক্ত শোবার ঘর করলে যেসব উপকার মিলবে
পোস্ট করার পর যে কারণে বারবার চোখ চলে যায় ফোনে
যৌন জীবন নষ্টের পেছনে স্মার্টফোন