'সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে' ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত
নিহত যুবকের ‘মোবাইল ফোন ও সঙ্গে থাকা বেতনের টাকাও’ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
ওই সময় নিহত যুবকের মোবাইল ফোন ও সঙ্গে থাকা বেতনের টাকাও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
মঙ্গলবার রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ২৮ বছর বয়সি ইউসুফ আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মফিজুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লা এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি ওয়াশিং কোম্পানির পিকআপ ভ্যান চালাতেন।
নিহতের মামা মো. ফারুক হোসেন বলেন, “রাতে কর্মস্থল থেকে বেতনের টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ইউসুফ। পথে ফতুল্লার চাষাঢ়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং এক পক্ষের লোকজনকে একটি বাড়ি ভাঙচুর করতে দেখেন। এ সময় ইউসুফ তার মোবাইল ফোন বের করে ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করেন।
“বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তার দিকে এগিয়ে আসে এবং মারধর শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও বেতনের নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”
ফারুক হোসেন আরও বলেন, হামলার পর ইউসুফ রক্তাক্ত অবস্থাতেই পাশেই তার কর্মস্থলে যায়। তাৎক্ষণিকভাবে মালিক ও সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান এবং পরিবারকে খবর দেন।
“পরবর্তীতে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই, সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
কোনো রাজনৈতিক সংঘাতের জের ধরে এ ঘটনা ঘটতে পারে, আবার ইউসুফ অপ্রত্যাশিতভাবে পরিস্থিতির শিকার হয়েছেন বলে ধারণা করছে পরিবার। ইউসুফের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ইউসুফের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে বলে পরিদর্শক হাবিবুর জানিয়েছেন।
