গিজার ছাড়লে শব্দ হচ্ছে? আতঙ্কিত না হয়ে কারণ ও সমাধান জানুন
সময় মতো ব্যবস্থা নিলে আওয়াজ বন্ধ হওয়ার পাশাপাশি যন্ত্রটি টিকবেও বেশি দিন।
শীতের আমেজ শুরু হতেই বাথরুমে গরম পানির যন্ত্র বা গিজারের ব্যবহার বেড়ে যায়। তবে অনেক সময় এই যন্ত্র চালু করলে, ভেতর থেকে হাতুড়ি পেটার মতো শব্দ বা ‘ঘটং ঘটং’ আওয়াজ শোনা যায়।
ফ্রিজের সাধারণ গুনগুন শব্দের বাইরে যন্ত্রপাতি থেকে এমন অপরিচিত আওয়াজ এলে, অবহেলা করা উচিত নয়।
বিশেষজ্ঞদের মতে, পানি গরম করার যন্ত্রের এই শব্দ সবসময় বড় কোনও বিপদের সংকেত না হলেও দ্রুত ব্যবস্থা না নিলে, যন্ত্রটি বিকল হয়ে যেতে পারে।
জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে গিজার থেকে শব্দ হওয়ার ৩টি প্রধান কারণ এবং বন্ধ করার উপায় সম্পর্কে জানান, যুক্তরাষ্ট্রের গৃহস্থালি রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ ও ‘উইকলি হোম চেক’-এর নির্মাতা কিশন লেন এবং পোর্টল্যান্ডের ‘ব্লুফ্রগ প্লাম্বিং অ্যান্ড ড্রেন’-এর স্বত্বাধিকারী ও পেশাদার মিস্ত্রি মর্গান বাক।
তলানি বা খনিজ পদার্থ জমা
মর্গান বাক জানান, পানিতে থাকা নানান খনিজ পদার্থ দীর্ঘদিন ধরে গিজারের ট্যাংকের নিচে জমে একটি শক্ত স্তর তৈরি করে, যার নিচে সামান্য পানি আটকে থাকে।
হিটার চালু করলে ওই আটকে থাকা পানি গরম হয়ে বাষ্পের বুদবুদ তৈরি করে এবং শক্ত স্তর ভেদ করে ওপরে উঠে আসার সময় পটপট বা কড়কড় শব্দ হয়।
পানির চাপে কম্পন বা ‘ওয়াটার হ্যামার’
কিশন লেনের মতে, “পানির কল বা ওয়াশিং মেশিন হঠাৎ বন্ধ করলে পাইপের ভেতরে পানির প্রবাহ আকস্মিকভাবে থেমে যায় এবং পাইপগুলো কেঁপে ওঠে। ফলে ওয়াটার হিটার বা গিজারের আশপাশের পাইপে হঠাৎ ধাতব কোনও কিছুতে আঘাত লাগার মতো তীক্ষ্ণ শব্দ শোনা যায়।
তাপীয় প্রসারণ ও অতিরিক্ত চাপ
মর্গান বাক ব্যাখ্যা করেন, “পানি গরম হলে আয়তনে কিছুটা বেড়ে যায়। বাড়ির মূল পানির লাইনে চাপ নিয়ন্ত্রক ভাল্ভ থাকলে এবং অতিরিক্ত পানি বের হওয়ার কোনও ব্যবস্থা না থাকলে হিটার চলার সময় ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয়।
এতে ধাতব ট্যাংক প্রসারিত হওয়ার সময় থেমে থেমে টিকটিক বা মটমট শব্দ হতে থাকে।”
এটি কি বিপজ্জনক? করণীয় কী?
কিশন লেন সতর্ক করে বলেন, মাঝেমধ্যে মৃদু শব্দ হলে ভয়ের কিছু নেই। তবে নিয়মিত বিকট শব্দ হতে থাকলে, কখনই অবহেলা করা উচিত নয়।
কারণ খনিজ জমে থাকলে হিটারের কার্যক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত চাপে পানির সংযোগ বা ট্যাংক ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।
সমস্যা শনাক্তকরণ
মর্গান বাকের ব্যাখ্যা অনুযায়ী, “পানির কল বন্ধ করার ঠিক পরপরই শব্দ হলে বুঝতে হবে পাইপে পানির চাপের সমস্যা হচ্ছে; আর কেউ পানি ব্যবহার না করা অবস্থায় হিটার চলার সময় শব্দ হলে ট্যাংকে তলানি জমেছে বলে ধরে নিতে হবে।”
সমাধানের উপায়
ট্যাংকের তলানি দূর করতে পেশাদার মিস্ত্রির সাহায্যে ‘ওয়াটার হিটার’ বা গিজারটি পরিষ্কার বা ‘ফ্লাশ’ করিয়ে নিতে হবে।
এছাড়া পানির চাপ নিয়ন্ত্রণ করতে পাইপে ‘ওয়াটার হ্যামার অ্যারেস্টর’ বা চাপ নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন করা জরুরি।
নতুন হিটার কেনার বদলে সময়মতো সার্ভিসিং করালে অল্প খরচেই যন্ত্রটি দীর্ঘদিন নিরাপদ থাকে।
