২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

পানিশূন্যতা যেমন রক্তচাপ কমিয়ে মাথা ঘোরাতে পারে, তেমনি রক্তনালি সংকুচিত করে উচ্চ রক্তচাপের ঝুঁকিও তৈরি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:00 AM

Updated : 24 Nov 2026, 11:25 PM

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন পানি পানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে ঠিক কতটুকু পানি পান করলে রক্তচাপ সুস্থ সীমায় থাকে, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।

মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিভেদে পানির চাহিদা ভিন্ন হলেও সাধারণভাবে নারীদের প্রতিদিন প্রায় ৯ কাপ (৭২ আউন্স বা প্রায় ২.১ লিটার) এবং পুরুষদের প্রতিদিন প্রায় ১৩ কাপ (১০৪ আউন্স বা প্রায় ৩ লিটার) পানি পান করা উচিত।

পানি পান যেভাবে রক্তচাপে প্রভাব ফেলে

রক্তের সিংহভাগই পানি। শরীরে পানিশূন্যতা তৈরি হলে রক্তের মোট আয়তন কমে যায় এবং রক্তনালির ওপর চাপ কমে হঠাৎ রক্তচাপ নেমে যেতে পারে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘হেল্থ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘টেক্সাস ভাসকুলার অ্যাসোসিয়েটস’-এর ভাসকুলার সার্জন ড. উইলিয়াম শুটজ বলেন, “পানিশূন্যতার কারণে বিশেষ করে বসা থেকে উঠে দাঁড়ালে রক্তচাপ কমে গিয়ে মাথা হালকা লাগা বা ঝিমঝিম করার মতো সমস্যা দেখা দেয়।”

আবার এর বিপরীত ঘটনাও ঘটতে পারে।

শরীরে পানির ঘাটতি পূরণ করতে মস্তিস্ক ‘ভ্যাসোপ্রেসিন’-এর মতো হরমোন নিঃসরণ করে, যা কিডনিকে পানি ধরে রাখতে সাহায্য করে এবং রক্তনালি সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়।

চিকিৎসা প্রযুক্তি-বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান ‘অ্যাবট’-এর ভাসকুলার বিভাগের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ইথান কর্নগোল্ড বলেন, “পানিশূন্যতা রক্তনালি সরু করে উচ্চ রক্তচাপের অন্যতম উৎসে পরিণত হতে পারে।”

অন্যদিকে, অতিরিক্ত পানি পান করাও সবার জন্য নিরাপদ নয়।

আন্তর্জাতিক জার্নাল ‘ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল হাইপারটেনশন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দুই সপ্তাহ ধরে দৈনিক পানির পরিমাণ দ্বিগুণ করলে রক্তচাপ সামান্য বেড়ে যায়।

ডা. কর্নগোল্ড সতর্ক করে বলেন, “সুস্থ মানুষের ক্ষেত্রে এটি বড় সমস্যা না হলেও প্রবীণ ব্যক্তি এবং যাদের ‘হার্ট ফেইলিউর’, লিভার বা কিডনির রোগ রয়েছে, তাদের জন্য অতিরিক্ত পানি রক্তচাপ বাড়িয়ে বিপদ ডেকে আনতে পারে।”

যুক্তরাষ্ট্রের ‘প্রিকার্ডিয়ন হার্ট হেলথ’-এর প্রতিষ্ঠাতা ও হৃদরোগ বিশেষজ্ঞ ড. তিসা সাহা মন্তব্য করেন, “শরীরের পানির ভারসাম্য ঠিক থাকলে রক্তের আয়তন স্থিতিশীল থাকে এবং রক্তচাপও স্বাভাবিক সীমায় বজায় থাকে।”

সঠিক পরিমাণ পানি পানের ৫টি কার্যকর কৌশল

ব্যক্তিগত চাহিদা বিবেচনা করা: ডা. তিসা সাহা বলেন, “গরম আবহাওয়া, শারীরিক পরিশ্রম, শরীরের গঠন এবং অসুস্থতা ভেদে পানির চাহিদা পরিবর্তিত হয়; তাই নিজের শরীরের অবস্থা বুঝে পানি পান করতে হবে।”

খাবার থেকেও পানি পাওয়া যায়: ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (এএইএ)’-এর তথ্য অনুযায়ী, নারীদের দৈনিক মোট ১১.৪ কাপ এবং পুরুষদের ১৫.৬ কাপ তরলের প্রয়োজন হয়, যার প্রায় ২০ শতাংশ আসে বিভিন্ন ফলমূল ও শাকসবজি থেকে।

ধীরে ধীরে পরিমাণ বাড়ানো: শুরুতেই অনেক পানি পান করতে কষ্ট হলে ডা. শুটজের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন ৮ কাপ পানি দিয়ে শুরু করে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো উচিত।

প্রস্রাবের রং পর্যবেক্ষণ করা: শরীরে পানির পরিমাণ ঠিক আছে কি-না, বোঝার সহজ উপায় হল- তৃষ্ণার অনুভূতি না থাকা, নিয়মিত প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের রং হালকা খড়ের মতো স্বচ্ছ থাকা।

অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলা: ড. সাহা মনে করিয়ে দেন যে, “কেবল পানি পান করাই রক্তচাপ নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়; পাশাপাশি খাবারে লবণ কমানো, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা অপরিহার্য।”

পুরনো খবর:

রক্তচাপ নিয়ন্ত্রণে সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
নিম্ন রক্তচাপের লক্ষণগুলো
মানসিক চাপ থেকে উচ্চ রক্তচাপ