অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত
দৈনন্দিন জীবনের সাধারণ অভ্যাসগুলোই নীরবে বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি।
দৈনন্দিন জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এনে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। খাদ্যাভ্যাস ও শরীরচর্চা থেকে শুরু করে ঘুমের মান- প্রতিটি বিষয়ই হৃদযন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে।
তবে অনেক সময় দৈনন্দিন জীবনের এমন কিছু সাধারণ অভ্যাসে মানুষ অভ্যস্ত হয়ে পড়েন, যা নীরবে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে।
হৃদযন্ত্রের যত্নে অবহেলা করার ৭টি প্রধান লক্ষণ
পর্যাপ্ত ঘুমের অভাব
জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাবট’-এর ‘স্ট্রাকচারাল হার্ট’ বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসা পরিচালক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নাদিম গেলু বলেন, “নিয়মিত ও গভীর ঘুমের অভাবে উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি এবং শরীরে প্রদাহ তৈরি হয়ে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে।”
আরেক মার্কিন চিকিৎসক ‘নর্থওয়েস্টার্ন মেডিসিন ব্লুম কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট’-এর কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজিস্ট’ ডা. রড পাসম্যানের পরামর্শ অনুযায়ী, “প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করা উচিত। এজন্য ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে মোবাইল ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকা, অন্ধকার ও শান্ত পরিবেশে ঘুমানো এবং বিকেলের পর চা-কফি এড়িয়ে চলা জরুরি।”
সূক্ষ্ম শারীরিক উপসর্গগুলোকে অবহেলা করা
অস্বাভাবিক ক্লান্তি, সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়াকে অনেকেই বয়স, মেনোপজ বা মানসিক চাপের লক্ষণ ভেবে এড়িয়ে যান।
তবে যুক্তরাষ্ট্রের ‘রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হসপিটাল’-এর কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের প্রধান ডা. মার্ক জে. রুসো সতর্ক করে বলেন, “এই লক্ষণগুলোর পাশাপাশি বুকে ব্যথা বা চাপ, মাথা হালকা লাগা এবং পায়ের গোড়ালি ফুলে যাওয়া হতে পারে হার্টের ভাল্ভের সমস্যা, করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ফেইলিউরের পূর্বাভাস।”
হঠাৎ বুকে ব্যথার সঙ্গে ঘাম, বমি ভাব বা বাহু ও চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়লে অবিলম্বে জরুরি চিকিৎসা নেওয়া আবশ্যক।
অতিরিক্ত মানসিক চাপ বয়ে বেড়ানো
ডা. নাদিম গেলু বলেন, “দীর্ঘক্ষণ মানসিক চাপের মধ্যে থাকলে শরীর সবসময় ‘ফাইট অর ফ্লাইট’ বা আতঙ্কিত অবস্থায় থাকে, যা সরাসরি উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।”
এছাড়া মানসিক চাপ থেকে অনেকেই ধূমপান বা অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝুঁকে পড়েন।
‘স্ট্রেস’ কমাতে নিয়মিত ধ্যান, যোগব্যায়াম, বাগান করা, হাঁটা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো কার্যকর ভূমিকা রাখে।
নিয়মিত অ্যালকোহল সেবন
ডা. রড পাসম্যানের মতে, “নিয়মিত বা অতিরিক্ত অ্যালকোহল পান হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ নষ্ট করে ‘অ্যাট্রিয়াল ফিব্রিলেইশন’ বা অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়িয়ে দেয়। এমনকি সামান্য পরিমাণ অ্যালকোহলও কারও কারও ক্ষেত্রে হৃদস্পন্দনে জটিলতা তৈরি করতে পারে; তাই এটি যতটা সম্ভব বর্জন করা উচিত।”
শরীরচর্চায় গড়িমসি করা
ডা. গেলু বলেন, “নিয়মিত ব্যায়াম একসঙ্গে দুটি কাজ করে- এটি সারাদিনের জমে থাকা ‘স্ট্রেস হরমোন’ পুড়িয়ে ফেলে এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।”
শুরুতেই কঠিন ব্যায়াম না করে প্রতিবেলা খাবারের পর ১০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ধীরে ধীরে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা মাঝারি শরীরচর্চা নিশ্চিত করতে হবে।
বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা বাদ দেওয়া
ডা. মার্ক জে. রুসো সতর্ক করে বলেন, “উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং রক্তে শর্করা শরীরের বড় ক্ষতি করার আগপর্যন্ত সাধারণত কোনও লক্ষণ প্রকাশ করে না। তাই সুস্থ বোধ করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল এবং ‘এইচবিএ১সি’ পরীক্ষা করানো জরুরি।
প্রক্রিয়াজাত ও বাইরের খাবার বেশি খাওয়া
ডা. পাসম্যানের মতে, “প্যাকেটজাত ও রেস্তোরাঁর খাবারে প্রচুর সোডিয়াম বা লবণ থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ কঠিন করে তোলে। তাই বাইরের প্রক্রিয়াজাত খাবারের বদলে বাড়িতে রান্না করা তাজা শাকসবজি, ফলমূল, পূর্ণ শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বেছে নেওয়া হৃদযন্ত্রের জন্য নিরাপদ।”
