১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

এলইডি বাল্ব দ্রুত নষ্ট হওয়ার কারণ ও দীর্ঘদিন ভালো রাখার উপায়

প্যাকেটের গায়ে লেখা সময়কালের আগেই এলইডি বাল্বের আয়ু ফুরালে বুঝতে হবে ব্যবহারে কোথাও ভুল হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 02:00 PM

Updated : 17 Nov 2026, 12:56 PM

ঘরের আলোর জন্য সাধারণ ‘ইনক্যান্ডিসেন্ট’ বাল্বের চেয়ে ‘এলইডি’ বাল্ব বেশি টেকসই এবং বিদ্যুৎসাশ্রয়ী।

অনেক এলইডি বাল্বের প্যাকেটে ৫ থেকে শুরু করে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত স্থায়িত্বের কথা উল্লেখ থাকে। তবে বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, মাত্র কয়েক বছরের মধ্যেই বাল্ব অকেজো হয়ে পড়ে।

বৈদ্যুতিক বিশেষজ্ঞদের মতে, এলইডি বাল্ব পুরোপুরি ফিউজ না হয়েও এর কর্মক্ষমতা হারাতে পারে এবং ব্যবহারের কিছু ত্রুটির কারণে এর আয়ুষ্কাল দ্রুত কমে যায়।

জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের অনুমোদিত বিদ্যুৎমিস্ত্রি এবং ‘লেভেল ২ ইলেকট্রিশিয়ান’-এর প্রতিষ্ঠাতা ক্রিস মাদিকিয়ান এলইডি বাল্ব দ্রুত নষ্ট হওয়ার কারণ ও দীর্ঘদিন ভালো রাখার কৌশল তুলে ধরেছেন।

এলইডি বাল্ব আসলেই কতদিন টেকে?

ক্রিস মাদিকিয়ান জানান, একটি সাধারণ মানের এলইডি বাল্ব ১৫ হাজার থেকে ২৫ হাজার ঘণ্টা, কম দামি বাল্ব সর্বোচ্চ ১০ হাজার ঘণ্টা এবং উন্নত মানের প্রিমিয়াম বাল্ব প্রায় ৫০ হাজার ঘণ্টা পর্যন্ত চলার উপযোগী করে তৈরি করা হয়।

যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন’-এর নিয়ম অনুযায়ী, প্যাকেটের গায়ে বাল্বের যে স্থায়িত্ব লেখা থাকে, সেটা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ব্যবহারের হিসাব ধরে নির্ধারণ করা হয়।

মূলত বাল্বের মূল আলোর উজ্জ্বলতা কমে ৭০ শতাংশে নেমে আসতে কত সময় লাগবে, তার ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়।

তবে এই পরীক্ষাগুলো অত্যন্ত শীতল ও আদর্শ পরিবেশে করা হয় এবং এতে বাল্বের গোড়ায় থাকা সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রাংশের কথা বিবেচনা করা হয় না।

বাস্তবে এলইডি চিপ ভালো থাকলেও ভেতরের ইলেকট্রনিক সার্কিট আগে নষ্ট হয়ে যাওয়ায়, বাল্ব অকালেই অকেজো হয়ে যায়।

এলইডি বাল্ব দীর্ঘদিন ভালো রাখার ৩টি উপায়

অতিরিক্ত তাপ থেকে দূরে রাখা: এলইডি বাল্ব কম তাপ উৎপন্ন করলেও বাইরের অতিরিক্ত তাপ, এর ‘চিপ’ এবং গোড়ার ইলেকট্রনিক অংশগুলো দ্রুত নষ্ট করে দেয়। তাই বদ্ধ বা বাতাস চলাচল করে না এমন আবদ্ধ জায়গায় এবং চুলা বা ওভেনের খুব কাছাকাছি এলইডি বাল্ব লাগানো উচিত নয়।

সঠিক ডিমার সুইচ ব্যবহার করা: ঘরের আলো কমানো-বাড়ানোর জন্য ব্যবহৃত পুরানো ডিমার সুইচগুলো সাধারণ বাল্বের উপযোগী করে তৈরি। সামঞ্জস্যহীন ডিমারে সাধারণ এলইডি বাল্ব ব্যবহার করলে আলো কাঁপতে থাকে, গুনগুন শব্দ হয় এবং বাল্ব দ্রুত নষ্ট হয়ে যায়।

এজন্য প্যাকেটে ‘ডিমেবল’ লেখা বাল্ব এবং এলইডি-বান্ধব ডিমার ব্যবহার করতে হবে।

সস্তা ও নিম্নমানের বাল্ব এড়িয়ে চলা: খুব কম দামি বাল্বে নিম্নমানের ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে এবং তাপ বের হওয়ার সঠিক ব্যবস্থা না থাকায় সেগুলোর আলো দ্রুত কমে যায়।

তাই সবসময় নির্ভরযোগ্য ও সার্টিফাইড ব্র্যান্ডের বাল্ব কেনা উচিত।

বাল্ব বদলানোর সময় হয়েছে কি না, যেভাবে বুঝবেন

ক্রিস মাদিকিয়ান বলেন, “পুরানো বাল্বের মতো এলইডি বাল্ব হঠাৎ করে ফিউজ হয় না; বরং ধীরে ধীরে এর আলোর উজ্জ্বলতা ও রং বদলে যায়, আলো কাঁপতে থাকে, গুনগুন শব্দ হয় বা বাল্বের গোড়ার দিকে বাদামি কিংবা পোড়া দাগ দেখা দেয়।”

এমন লক্ষণ দেখা দিলেই বাল্বটি দ্রুত বদলে ফেলা জরুরি। তবে বাল্ব বদলানোর পরও যদি সমস্যা থেকে যায় বা সুইচ গরম হয়ে পোড়া গন্ধ বের হয়, তবে দেরি না করে পেশাদার অনুমোদিত বিদ্যুৎমিস্ত্রির সাহায্য নিতে হবে।

পুরনো খবর:

গিজার ছাড়লে শব্দ হচ্ছে? আতঙ্কিত না হয়ে কারণ ও সমাধান জানুন
ব্লেন্ডার ও জুসারের ব্লেড ধারালো রাখার কৌশল
ভুল পদ্ধতিতে স্মার্ট টিভির স্ক্রিন মুছলে দাগ পড়তে পারে
ডিপ ফ্রিজ সুরক্ষায় ৫ নিয়ম