মুখের যত্নে আড়ালে না থাকুক গলার ত্বক
বয়সের ছাপ মুখের চাইতে গলায় আগে পড়ে। তাই এই অংশের কোমলতা ধরে রাখতে চাই বিশেষ কৌশল।
মুখের ত্বকের নিয়মিত পরিচর্যায় ময়েশ্চারাইজার, সানস্ক্রিন বা বয়সের ছাপ কমানোর প্রসাধনীতে সবারই বাড়তি মনোযোগ থাকে।
তবে মুখের যত্ন নিতে গিয়ে চোয়ালের নিচে এসেই থেমে যায় হাত; ফলে প্রায়ই অবহেলিত থেকে যায় গলার ত্বক। অথচ মুখের তুলনায় গলার ত্বকে বয়সের ছাপ দ্রুত দৃশ্যমান হয়, ফলে ত্বক ঢিলে হয়ে যাওয়া, শুষ্কতা এবং সূক্ষ্ম বলিরেখার মতো সমস্যা দেখা দেয়।
‘বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার’-এর প্রধান ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, “গলার ত্বক মুখের চেয়ে তুলনামূলক পাতলা এবং এতে তেল উৎপাদনকারী গ্রন্থি কম থাকে। পাশাপাশি নিয়মিত সূর্যের আলো এবং ঘাড়ের নড়াচড়ার কারণে গলায় দ্রুত সূক্ষ্ম রেখা ও কুঁচকে যাওয়া ভাব ফুটে ওঠে।”
গলায় বয়সের ছাপ দ্রুত পড়ার কারণ
বয়স বাড়ার সঙ্গে ত্বকের প্রাকৃতিক কোলাজেন ও স্থিতিস্থাপকতা কমে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এর পাশাপাশি সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব, ত্বকের শুষ্কতা, বংশগত বৈশিষ্ট্য এবং দীর্ঘ সময় মাথা নিচু করে মোবাইল ফোন দেখা বা পড়াশোনা করার অভ্যাসের কারণে গলায় ভাঁজ ও বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে।
মুখের জন্য ব্যবহৃত উপযোগী ময়েশ্চারাইজার ও প্রসাধনী গলা ও তার আশপাশের অংশেও ব্যবহার করা উচিত।
আর্দ্রতা ও ময়েশ্চারাইজারের সঠিক ব্যবহার
গলার ত্বক পাতলা ও সংবেদনশীল হওয়ায় শুষ্কতা দেখা দিলে বলিরেখা দ্রুত ফুটে ওঠে।
শারমিন কচির পরামর্শ অনুযায়ী, “ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে গ্লিসারিন ও সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করা জরুরি।”
সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিহীন ও মৃদু উপাদানের প্রসাধনী বেছে নিতে হবে এবং নতুন যেকোনও পণ্য ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা (প্যাচ টেস্ট) করে নেওয়া নিরাপদ।
রেটিনল ব্যবহারে বাড়তি সতর্কতা
বয়সের ছাপ ও সূক্ষ্ম রেখা কমাতে অনেকেই রেটিনলযুক্ত প্রসাধনী ব্যবহার করেন। তবে গলার ত্বক সংবেদনশীল হওয়ায় শুরুতেই প্রতিদিন রেটিনল না মেখে অল্প পরিমাণে এবং সপ্তাহে কম দিন ব্যবহার করতে হবে।
ত্বকে জ্বালাপোড়া, লালচেভাব, অতিরিক্ত শুষ্কতা বা চুলকানি দেখা দিলে, তা বন্ধ করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
এছাড়া রেটিনল ব্যবহারের সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং দিনের বেলা রোদ থেকে সুরক্ষা নেওয়া আবশ্যক।
রোদ থেকে সুরক্ষাই আসল ঢাল
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে দিয়ে দৃঢ়তা নষ্ট করে ফেলে। মেঘলা দিনেও অতিবেগুনি রশ্মি ত্বকে পৌঁছাতে পারে বলে কেবল রোদ ঝলমলে দিন দেখেই সানস্ক্রিন মাখার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
প্রতিদিন সকালে মুখের পাশাপাশি গলায় সানস্ক্রিন লাগাতে হবে এবং দীর্ঘক্ষণ বাইরে থাকলে নির্দিষ্ট বিরতিতে পুনরায় তা ব্যবহার করতে হবে।
পাশাপাশি ছাতা, টুপি বা গলা ঢেকে রাখে এমন পোশাকও রোদ থেকে সুরক্ষায় দারুণ সহায়ক।
মালিশ কি গলার ত্বক টানটান করে?
রূপবিশেষজ্ঞ শারমিন কচির কথায়, “গলার ত্বকে ম্যাসাজ বা মালিশ করলে সাময়িকভাবে আরাম বোধ হয় এবং রক্তসঞ্চালন বাড়ে। তবে জোরে ঘষা বা টানাটানি করলে পাতলা ত্বকের ক্ষতি হতে পারে।”
তাই পর্যাপ্ত ময়েশ্চারাইজার মেখে খুব হালকা হাতে মালিশ করতে হবে। আর মাঝপথে পরিচর্যা বন্ধ না করে নিয়মিত ত্বকের সুরক্ষা ও যত্ন বজায় রাখলেই দীর্ঘমেয়াদী সুফল পাওয়া সম্ভব।
