২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরুলের স্ত্রী-শ্যালককে নিজেদের মামলায় গ্রেপ্তার দেখাবে দুদক

দুদকের দুই মামলায় ৩৮ কোটি ৬২ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ হাজার ১০৩ কোটি টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে।

মনিরুলের স্ত্রী-শ্যালককে নিজেদের মামলায় গ্রেপ্তার দেখাবে দুদক

সায়লা ফারজানা ও মনিরুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 05:10 PM

Updated : 29 Nov 2026, 05:10 PM

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল আলম শাহীনকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডিবি পুলিশ গ্রেপ্তার দেখানোর পর দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, “সাবেক অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সায়লা ফারজানা উনি সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী এবং তার শ্যালক রেজাউল আলম শাহীন—তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এর আগে মামলা দায়ের করেছে।”

আকতারুল ইসলাম জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করবেন।

গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “দুদকের মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা আবেদন করবেন।”

শনিবার গভীর রাতে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও তার ভাই রেজাউল আলম শাহীনকে মিরপুর ডিওএইচএস থেকে এবং তাদের ভাই বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ডিবি।

পরে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুদকের দুই মামলায় যত অভিযোগ

ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ দেখানোর চেষ্টা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে গত ২৬ অক্টোবর মনিরুল ইসলাম ও তার স্বজনদের বিরুদ্ধে দুটি মামলার অনুমোদন দেয় দুদক।

প্রথম মামলায় আসামি করা হয়েছে মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল আলম শাহীনকে। দ্বিতীয় মামলায় তাদের সঙ্গে শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পাকেও আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ, মনিরুল ইসলাম ও সায়লা ফারজানার ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ দেখানোর চেষ্টায় শাহীনের নামে সম্পদ অর্জন করা হয়েছে।

তার নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পেয়েছে দুদক।

Image

সায়লা ফারজানা, রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন

২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত শাহীনের ৪০টি ব্যাংক হিসাবে ৫২৭ কোটি ৯২ লাখ টাকার বেশি জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ টাকার বেশি উত্তোলনের তথ্য পেয়েছে সংস্থাটি। এসব হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ টাকার বেশি ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের অভিযোগ রয়েছে।

অন্য মামলায় স্বামী রেজাউল আলম শাহীন, স্বামীর বোন সায়লা ফারজানা ও তার স্বামী মনিরুল ইসলামের ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ দেখানোর চেষ্টায় সানজিদা খানম টুম্পার নামে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

টুম্পার নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৫ কোটি ৩০ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পেয়েছে দুদক।

২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত টুম্পার ২৭টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১০ লাখ টাকার বেশি জমা এবং ২৫ কোটি ৫১ লাখ টাকার বেশি উত্তোলনের তথ্য পেয়েছে সংস্থাটি। এসব হিসাবে মোট ৫৮ কোটি ৬২ লাখ টাকার বেশি ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দুই মামলায় সব মিলিয়ে শাহীন ও তার স্ত্রীর নামে ৩৮ কোটি ৬২ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৬৭টি ব্যাংক হিসাবে ১ হাজার ১০৩ কোটি ৯০ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি করা হয়েছে।

আগেই অবরুদ্ধ ৮৩ ব্যাংক হিসাব

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের মধ্যে গত ১৫ অক্টোবর মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন ও শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

এসব হিসাবে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে বলে জানিয়েছিল দুদক।

দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী ওই আদেশ দেন।

ওই আবেদনে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাটের অভিযোগের কথা তুলে ধরে দুদক। এছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামে দুটি বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের কথাও বলা হয়।

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রাথমিক অনুসন্ধানে পাওয়ার কথাও জানিয়েছিল দুদক।

পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০২১ সালের মার্চে এসবি প্রধানের দায়িত্বে আসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সপ্তদশ বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেওয়া সায়লা ফারজানাকে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

পুরনো খবর:

মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মনিরুলের স্ত্রী-শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়