০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘অবৈধ সম্পদ ও অর্থ পাচার’: অসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ এবং অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

‘অবৈধ সম্পদ ও অর্থ পাচার’: অসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

অসীম কুমার উকিল ও অপু উকিল। ফেইসবুক থেকে নেওয়া ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 05:55 PM

Updated : 09 Nov 2026, 05:55 PM

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুদক।

এর মধ্যে নেত্রকোণা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, অসীম কুমার উকিল তার সম্পদ বিবরণীতে ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকার সম্পদ দেখিয়েছিলেন। তবে যাচাইয়ে তার নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭১ টাকার সম্পদ পাওয়া যায়।

দুদকের হিসাবে, তার গ্রহণযোগ্য আয় ৭ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৯২ টাকা। এর বিপরীতে ব্যয় ২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৫৪৪ টাকা।

ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বৈধ উৎস হিসেবে ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা পাওয়া যায়। ফলে তার ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের হিসাবে, অপু উকিলের গ্রহণযোগ্য আয় ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা। অথচ তার ব্যয় ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা।

আয়ের চেয়ে ব্যয় ১ কোটি ২৯ লাখ ৭ হাজার ৮৮৫ টাকা বেশি। এই ঘাটতির সঙ্গে তার নামে থাকা ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৪৯৬ টাকার সম্পদ যোগ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণ করেছে দুদক।

এ ছাড়া অপু উকিলের বিরুদ্ধে স্বামী অসীম কুমার উকিলের সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অভিযোগ, আয়ের গ্রহণযোগ্য উৎস না থাকা সত্ত্বেও অপু উকিল ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষের মধ্যে চার দফায় স্বামীকে এই অর্থ দিয়েছেন। এর মধ্যে ২০১৬-১৭ করবর্ষে ৬১ লাখ ৫০ হাজার, ২০১৭-১৮ করবর্ষে ১৫ লাখ, ২০১৮-১৯ করবর্ষে ১০ লাখ এবং ২০২০-২১ করবর্ষে ৪০ লাখ টাকা দেওয়া হয়।

অসীম কুমার উকিল তার আয়কর নথিতে স্ত্রীর কাছ থেকে এসব অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেছেন।

দুদকের অভিযোগ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস ও মালিকানা গোপন করতে এই অর্থ স্থানান্তর করা হয়েছে।

অসীম কুমার উকিলের বিরুদ্ধে দুদক আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আর অপু উকিল ও তার স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

ইউনিপে টু ইউ এর পরিচালকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহেরের বিরুদ্ধে ১ কোটি ১৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দিয়েছে দুদক।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১১ নভেম্বর এম এ তাহেরের বিরুদ্ধে ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছিল।

মামলার তদন্তে তার নামে ৫০ লাখ টাকার স্থাবর ও ৬৫ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ১ কোটি ১৫ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, বলছে দুদক।

দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য মামলাটি তদন্ত করেন।