১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম বুধবার মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 07:09 PM

Updated : 18 Nov 2026, 07:09 PM

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম বুধবার মামলাটি করেন। কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন এ তথ্য দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, নদভীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, নদভী তার আয়কর রিটার্নে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদের বিপরীতে বেতন-ভাতা থেকে সম্মানি ও বকেয়া বেতন ভাতাদি বাবদ মোট ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেন।

বিশ্ববিদ্যালয়ের রেকর্ডপত্র পর্যালোচনার বরাতে এজাহারে বলা হয়, তিনি ওই অর্থ অবৈধভাবে আইআইইউসি থেকে উত্তোলন করেছেন। নদভীর নামে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকার। দায় দেনা বাদে তার নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকার।

এ ক্ষেত্রে অর্জিত সম্পদের চেয়ে তার বৈধ আয় ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা কম পাওয়া যায়।

অর্থাৎ তিনি অসৎ উদ্দেশ্যে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন।