২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস

ঘর গুছিয়ে রাখার সহজ কৌশল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 01:00 PM

Updated : 23 Nov 2026, 11:45 AM

প্রতিদিনের প্রয়োজনীয় একটি জিনিস খুঁজতে গিয়ে যদি ড্রয়ারের ভেতর হাতড়াতে হয় বা পাঁচটি হাঁড়ি-পাতিল বা বাক্স সরাতে হয়, তবে বুঝতে হবে ঘর গোছানোর পদ্ধতিতে বড় কোনও গলদ রয়েছে।

ঘর পরিপাটি রাখতে গিয়ে অনেকেই প্রয়োজনীয় জিনিসগুলো আলমারি বা ড্রয়ারের গভীরে লুকিয়ে রাখেন, যা দৈনন্দিন কাজকে অহেতুক জটিল ও বিরক্তিকর করে তোলে।

গৃহস্থালি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, ‘টু-টাচ রুল’ বা দুই স্পর্শের নিয়ম মেনে চললে, কোনও ঝামেলা ছাড়াই ঘর গোছানো ও পরিপাটি রাখা সম্ভব।

জীবনধারা ও গৃহস্থালি-বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ঘর গোছানো বিশেষজ্ঞ এবং ‘প্যাশনেট পেনি পিনচার’-এর প্রতিষ্ঠাতা লরি হাইস, সহজ কৌশলটির বিস্তারিত তুলে ধরেছেন।

‘টু-টাচ রুল’ বা দুই স্পর্শের নিয়ম কী?

লরি হাইস বলেন, “এটি মূলত ঘরের জিনিসপত্র কতটা সহজে হাতের নাগালে পাওয়া যাচ্ছে তা যাচাই করার একটি পরীক্ষা। এই নিয়ম অনুযায়ী, আলমারি বা ড্রয়ার থেকে যেকোনও প্রয়োজনীয় জিনিস সর্বোচ্চ দুটি স্পর্শ বা ধাপের মধ্যে বের করতে পারা উচিত।”

যেমন- ড্রয়ারটি খোলা (প্রথম স্পর্শ) এবং ভেতর থেকে নোটবুকটি তুলে নেওয়া (দ্বিতীয় স্পর্শ)।

তবে নোটবুকটি পেতে যদি ড্রয়ার খুলে, একটি ঝুড়ি সরিয়ে, কাগজের স্তূপ তুলে তারপর সেটি বের করতে হয়, তবে বুঝতে হবে সেখানে অপ্রয়োজনীয় জিনিসের জট জমেছে।

যে জিনিসগুলোতে এই নিয়ম জরুরি

রান্নাঘরের সামগ্রী: লরি হাইসের মতে, রান্নাঘরেই বেশি ভোগান্তিতে পড়তে হয়। প্রতিদিন ব্যবহার করা হয় এমন ব্লেন্ডার, টোস্টার, লবণ, গোলমরিচ বা রান্নার তেল, তাকের ভেতরে অন্য জিনিসের পেছনে লুকিয়ে না রেখে চুলার কাছের কেবিনেটে বা কাউন্টারের ওপরেই গুছিয়ে রাখা উচিত।

দৈনন্দিন ছোট সরঞ্জাম ও চার্জার: কাঁচি, মোবাইল চার্জার বা লিন্ট রোলারের মতো জিনিসগুলো প্রায়ই প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না। তাই ঘরের যেসব স্থানে এগুলো নিয়মিত লাগে (যেমন- রান্নাঘর, পড়ার টেবিল বা শোবার ঘর), সেখানে আলাদাভাবে এক সেট করে রাখা বুদ্ধিমানের কাজ।

ঘরজুড়ে ‘টু-টাচ রুল’ প্রয়োগের কৌশল

স্তূপ করে না রাখা: লরি হাইসের পরামর্শ অনুযায়ী, গভীর ড্রয়ার বা তাকে একটি জিনিসের ওপর আরেকটি স্তূপ করে রাখা এড়িয়ে চলতে হবে। যদি রাখতেই হয়, তবে বেশি ব্যবহৃত জিনিসটি সবার ওপরে রাখতে হবে যাতে বারবার গোছাতে না হয়।

অর্গানাইজার ও হুক ব্যবহার: ড্রয়ারের ভেতর জিনিস ছড়িয়ে ছিটিয়ে না রেখে, ছোট ডিভাইডার বা অর্গানাইজার ব্যবহার করতে হবে এবং দেয়ালে হুক বা ছোট ট্রে রেখে প্রতিদিনের জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে।

অপ্রয়োজনীয় জিনিস ছাঁটাই: কোনও তাক বা ড্রয়ারে জিনিস রাখতে গিয়ে যদি অন্য পাঁচটি জিনিস সরাতে হয়, তবে বুঝতে হবে সেখান থেকে অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে ফেলার সময় এসেছে।

কম ব্যবহৃত বাড়তি জিনিসগুলো স্টোররুমে বা অন্য কোথাও সরিয়ে রাখলে দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে ওঠে।

পুরনো খবর:

ছোটখাট অভ্যাসে বাসা-বাড়ি গুছিয়ে রাখা যায় সহজে
অগোছালো ঘর মনের ওপর যে প্রভাব ফেলে
যেসব জিনিস কখনই কাপড় শুকানোর যন্ত্রে দেওয়া যাবে না