১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

স্লিপার বাসের নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাই কোর্ট

“নীতিমালার অভাবেই স্লিপার বাসগুলো এখন ইলিগ্যাল বা আনঅথরাইজড হয়ে বসে আছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 02:23 PM

Updated : 16 Nov 2026, 02:23 PM

স্লিপার বাসের জন্য নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

একইসঙ্গে স্লিপার বাস পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূইয়ার বেঞ্চ এ রুল জারি করে।

রুলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট ৯ বিবাদীকে আগামী ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত ২ নভেম্বর ১৯ জন স্লিপার বাস মালিক এ রিট আবেদন করেন।

রিটকারী পক্ষের আইনজীবী তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্লিপার বাসের নীতিমালা করার যে নিষ্ক্রিয়তা, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছে।”

রিট মামলার প্রেক্ষাপট তুলে ধরে এ আইনজীবী বলেন, “সরকার অলরেডি নীতিমালা করে তা সাপ্রেস করে রেখে দিয়েছিল। এই নীতিমালার অভাবেই স্লিপার বাসগুলো এখন ইলিগ্যাল বা আনঅথরাইজড হয়ে বসে আছে।

“নীতিমালা হলে এগুলো আইনের আওতায় আসবে। আমরা মূলত নীতিমালার নির্দেশনা চেয়েই রিটটি করেছিলাম।”

‘রাস্তায় চলা সব স্লিপার বাস অবৈধ’

কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বা নীতিমালা গোপন রাখার অভিযোগ নাকচ করেছেন বিআরটিএর আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার ইতোমধ্যে স্লিপার বাসের একটি খসড়া নীতিমালা তৈরি করেছে, যা পাবলিক ডকুমেন্ট হিসেবে আদালতেও দাখিল করা হয়েছে। খসড়াটি এখন মন্ত্রণালয়ে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।

“এখানে নিষ্ক্রিয়তার কোনো বিষয় নেই এবং এ কারণেই আদালত কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দেয়নি, কেবল রুল জারি করেছে।”

বর্তমানে চলাচলকারী সব স্লিপার বাসকে ‘অবৈধ’ বর্ণনা করে বিআরটিএর এ আইনজীবী বলেন, “সড়ক পরিবহন আইন-২০১৮ বা ২০২২ সালের নীতিমালায় স্লিপার বাসের কোনো উল্লেখই নেই। সরকার এখন পর্যন্ত কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন (নিবন্ধন) প্রদান করেনি। বর্তমানে যেসব স্লিপার বাস চলছে, সেসব বাস আইন লঙ্ঘন করে অবৈধভাবেই চলছে।”

আদালতে শুনানির প্রসঙ্গ টেনে রাফিউল ইসলাম বলেন, বুয়েটের দেওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব স্লিপার বাসে পর্যাপ্ত অগ্নিপ্রতিরোধক (ফায়ার রিটারডেন্ট) ব্যবস্থা নেই।

“এছাড়া নিরাপত্তা মূল্যায়নের (সেফটি অ্যাসেসমেন্ট) জন্য যে রোলওভার টেস্টিংয়ের পদ্ধতি থাকার কথা, বাংলাদেশে সেই ব্যবস্থাও নেই।”

খসড়া নীতিমালায় এসব যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।