১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে চার বছরের মেয়েকে হত্যা: ৩ দিনের রিমান্ডে মা

বনশ্রীর বি-ব্লকের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:19 PM

Updated : 18 Nov 2026, 10:19 PM

রাজধানীর বনশ্রীতে সাড়ে চার বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে করা মামলায় মা মেহেরুন নেছাকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ রিমান্ড আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মমিনুল ইসলাম জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই শাহাদাত হোসেন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এসআই মমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

মঙ্গলবার বিকালে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আসফিয়া জাহান নূর নামের ওই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আশরাফুল হক রামপুরা থানায় মামলা করেন। রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার করা হয় শিশুটির মা মেহেরুন নেছাকে।

মামলায় বিবরণে বলা হয়, ২০২০ সালে বিয়ে করেন আশরাফুল ও মেহেরুন। গত দেড়-দুই মাস ধরে মেহেরুন তার স্বামীকে বলেন, তিনি সংসার করবেন না। বিচ্ছেদ চেয়ে স্বামীকে কাবিনের টাকার জন্য চাপ দেন। বিষয়টি দুই পরিবারের সদস্যরা সমাধানের চেষ্টা করেন। কিন্তু মেহেরুনের পরিবারের সদস্যরা ‘তালবাহানা’ শুরু করে।

আশরাফুল পল্টনে পলওয়েল মার্কেটে কাপড়ের দোকানে কাজ করেন।

এজাহারে অভিযোগ করা হয়, প্রতিদিনের মতো মঙ্গলবার পলওয়েল মার্কেটে কাজে যান আশরাফুল। বিকাল সাড়ে ৫টার দিকে তাকে ভয়েস বার্তা পাঠিয়ে মেয়েকে মেরে ফেলার কথা বলেন মেহেরুন। নিজেও মরে আশরাফুলকে ফাঁসানোর কথা বলেন তিনি। বিষয়টি মেহেরুনের ভাই সিজান শেখকে বলে তাকে বাসায় পাঠান আশরাফুল। এরপর বাসায় গিয়ে সিজান শিশুটির মৃত্যুর খবর দেন আশরাফুলকে। পরে পুলিশ নিয়ে বাসায় যান আশরাফুল।

পুরনো খবর:

বনশ্রীতে চার বছরের শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার