১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সুরে, ছন্দে ও পিঠার ঘ্রাণে রবীন্দ্র সরোবরে 'নবান্ন উৎসব'

“রাজনীতি যার যার ব্যক্তিগত বিষয়। সবাই যেন আমাদের কেবল সংস্কৃতিকর্মী হিসেবেই দেখেন এবং সব বিষয়ে সহযোগিতা করেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:25 AM

Updated : 16 Nov 2026, 11:25 AM

নতুন ধান কাটার উৎসব নবান্ন ঘিরে হেমন্তের সকালে সুর, ছন্দের মুখর হয়ে উঠেছে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ।

সোমবার অগ্রহায়ণের সকালে শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে পর্দা উঠেছে ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’-এর। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এবারের উৎসবের সকালের পর্ব চলেছে সোয়া ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।

সাধারণত চারুকলায় এই উৎসব উদযাপিত হয়ে থাকলেও এবার সেই জায়গায়র বরাদ্দ বাতিল হয় বলে জানিয়েছে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ কর্তৃপক্ষ।

বাঁশির পরে সকাল ৭টা ৩৫ মিনিটে শিশু সংগঠন 'মেঠোকুঁড়ি স্কুল' এর সম্মেলক পরিবেশনা হয়। এরপর একে একে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।

সকালের অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।

নৃত্যের ছন্দে দর্শকদের মাতিয়ে তোলেন দলীয় নৃত্যশিল্পীরা।

দীপা খন্দকারের পরিচালনায় ‘দিব্য’, তামান্না রহমানের পরিচালনায় ‘নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র’, এম আর ওয়াসেকের ‘নন্দন কলা কেন্দ্র’, অনিক বোসের ‘স্পন্দন’, শুভাশীষ চাকমার পরিচালনায় আদিবাসী সংগঠন ‘নৃত্যকানন’ এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ভাবনা’ দলীয় নৃত্য পরিবেশন করে।

এছাড়া একক আবৃত্তিতে ছিলেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।

সকাল থেকেই উৎসবস্থলে নগরবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উৎসবে অংশ নেওয়া তৃপ্তি চক্রবর্তী বলেন, "নবান্ন বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এটি আমাদের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এই যান্ত্রিক জীবনে নবান্ন উৎসব উদযাপনের এমন সুযোগ করে দেওয়ার জন্য 'জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ'-কে ধন্যবাদ জানাই।

“২৮তম জাতীয় নবান্ন উৎসবের এই চমৎকার আয়োজনে 'এসো মিলি সবে নবান্নের উৎসবে' স্লোগানে আমরা সবাই একত্রিত হয়েছি, যা সত্যিই খুব ভালো লাগছে।"

টঙ্গী কলেজ গেইট থেকে উৎসবে অংশ নিতে আসা শিল্পী রোজী দেবনাথ বলেন, "অনেক দূর থেকে এখানে এসেছি। উৎসবে আমার পরিবেশনা ছিল, পারফর্ম করে খুব ভালো লেগেছে। ঢাকায় এসে নবান্ন উৎসবের সবকিছু মিলিয়ে দারুণ লাগছে।

“আমাদের জন্য এখানে পিঠার আয়োজন করা হয়েছে, আর উৎসবের মঞ্চটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলিয়ে এই আয়োজনে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।"

ধানমন্ডি থেকে নবান্ন উৎসবে আসা দর্শনার্থী শেখ সাদী বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। বর্তমান সময়ে শহরের মানুষ ও নতুন প্রজন্মের অনেক বাচ্চারা তো ভুলেই গেছে নবান্ন কী।

“সেই জায়গা থেকে আমাদের ঐতিহ্য ধরে রাখার এই আয়োজনটি খুবই প্রশংসনীয়।”

উৎসবে আসা দর্শনার্থীদের জন্য রাখা হয় গ্রামবাংলার চিরায়ত বিভিন্ন ধরনের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসার আয়োজন।

সকালের পর্বে ‘নবান্ন কথন’ পর্বে অংশ নেন অতিথিরা। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের মাহমুদ সেলিমের সভাপতিত্বে সঙ্গীতা ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা।

সুজা বলেন, “১৪০৬ বঙ্গাব্দে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ এই উৎসবের যাত্রা শুরু করে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ রবীন্দ্র সরোবর মঞ্চে ২৮তম নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল এই অসাম্প্রদায়িক উৎসবটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আজ বাংলাদেশের প্রতিটি জেলার পাশাপাশি বিশ্বের যেসব দেশে বাঙালিরা আছেন, সেখানেও নবান্ন উদযাপিত হচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

স্থান সংকট ও আক্ষেপের কথা জানিয়ে তিনি আরও বলেন, “গর্বের পাশাপাশি আমাদের কিছু দুঃখও আছে। ইদানীং উৎসবের স্থান পেতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। আমরা সাধারণত চারুকলায় এই উৎসব করে থাকি। এবারও তিন-চার মাস আগে আবেদন করে বরাদ্দ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ১ নভেম্বর জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উৎসব করবে, তাই আমাদের বরাদ্দটি বাতিল করা হয়েছে। আমরা মিলেমিশে একসাথে উৎসব করার প্রস্তাব দিলেও সেই সুযোগ পাইনি।”

সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা সংস্কৃতিকর্মী, আমরা রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না; রাজনীতি যার যার ব্যক্তিগত বিষয়। সবাই যেন আমাদের কেবল সংস্কৃতিকর্মী হিসেবেই দেখেন এবং সব বিষয়ে সহযোগিতা করেন। পাশাপাশি রবীন্দ্র সরোবর মঞ্চ ব্যবহারের সুযোগ দেওয়ায় মঞ্চ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম।

তিনি বলেন, "ছোটবেলায় আমন ধানের নতুন আতপ চালের জাউ আর গুড়ের যে সুবাস পেতাম, এখন আমাদের নাতি-নাতনিদের তা দেওয়ার সুযোগ হচ্ছে না। তবে জাতীয় নবান্নোৎসব উদযাপন পরিষদ এই ঐতিহ্যকে জাতির সামনে ধরে রেখেছে, এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। নবান্ন, পহেলা বৈশাখ কিংবা ঋতু উৎসব—এসব লোকজ সংস্কৃতিই বাঙালি জাতির শিকড়। লোকজ সংস্কৃতিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকে না, সবাই মিলেমিশে আনন্দ করে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে এবং দেশ ও সমাজ গড়তে আমাদের এই লোকজ ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।"

আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪টায়, যা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

বিকেলের অংশে শিশু সংগঠন, একক ও দলীয় সংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা থাকবে।

এতে মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি, সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং এস এম মেসবাহ, অবিনাশ বাউল, তামান্না নিগার তুলিসহ একঝাঁক শিল্পী অংশ নেবেন।