০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে ‘জমির বিরোধে’ প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

দুই দিন আগে দুপক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে তার ওপর হামলা চালানো হয় বলে জানান স্বজনরা।

গোপালগঞ্জে ‘জমির বিরোধে’ প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 04:09 PM

Updated : 06 Nov 2026, 04:09 PM

গোপালগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আহত এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শফিউল আলম।

নিহত মিজানুর রহমান (৭৭) উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মনির মোল্লা ছেলে শুভ মোল্লার সঙ্গে জমি-জমা নিয়ে মিজানুর রহমানের বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকালে দুই পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে শুভর পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে মিজানুরের ওপর হামলা চালায়।

এতে তিনি মারাত্মক আহত হন। প্রথমে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একদিন পর বৃহস্পতিবার বিকালে সেখান থেকে তাকে ফিরিয়ে এনে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক শফিউল আলম বলেন, ঘটনার পর থেকে শুভ মোল্লার পরিবার গা-ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি।

রাতে নিহতের দাফন শেষে মামলা হতে পারে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।