০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

রাবিতে প্রাইভেট কারের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত

সহকারী প্রক্টর জহুরুল ইসলাম বলেন, সিসিটিভি ভিডিও পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 07:17 PM

Updated : 08 Nov 2026, 07:18 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক ব্যক্তির প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী এবং প্রাইভেটকারের চালক রয়েছেন।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাধীন, তার সহযাত্রী এবং প্রাইভেটকার চালক সাফিউল ইসলাম সোহেল।

সোহেল নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার জন্য প্রাইভেটকার চালককে দায়ী করে মোটরসাইকেলচালক স্বাধীন বলেন, “মোটরসাইকেল নিয়ে আমি আমার লেনে আসছিলাম। তিনি (প্রাইভেটকার চালক) আমার লেনে আসছিলেন। সামনে এসে সিগন্যাল দিয়েছি, কিন্তু তিনি না থেমে পিছন থেকে আমার বাইকে ধাক্কা দিয়েছেন।”

তবে মোটরসাইকেল চালকের অসতর্কতায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন প্রাইভেটকার চালক সাফিউল ইসলাম সোহেল।

তিনি বলেন, “বাইকচালক অসতর্কভাবে চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর আমি আমার গাড়িতে থাকা ক্যামেরার কথা বললে তারা তেড়ে আসেন এবং আমার গাড়িতে আঘাত করেন।”

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. জহুরুল ইসলাম বলেন, “সিসিটিভি ভিডিও পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”