গান শোভাযাত্রায় ৪৬তম গ্রুপ থিয়েটার দিবস উদযাপন
অন্তত ১২ জেলায় এবার গ্রুপ থিয়েটার দিবস উদযাপিত হচ্ছে।
সারাদেশের নাট্যসংগঠনগুলোকে নিয়ে ১৯৮০ সালের ২৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। দিনটি এখন উদযাপিত হয় ‘গ্রুপ থিয়েটার দিবস’ হিসেবে।
এ উপলক্ষে রোববার আনন্দ শোভাযাত্রা, আলোচনা, নৃত্যনাট্য আর গানে গানে দিবসটি উদযাপন করেছে গ্রুপ থিয়েটার ফেডারেশান।
‘নাটক হোক সত্য সুন্দরের দিশারি’ প্রতিপাদ্য নিয়ে বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা পর্বে ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম বলেন, “৪৬তম জন্মদিনে হাঁটিহাঁটি পা পা করে সংগঠনটি ৪৬ বছর পার করে দিচ্ছে। এটা এক দিক থেকে আমাদের জন্য খুবই গর্বের। কারণ হচ্ছে, গ্রুপ থিয়েটার ফেডারেশান থিয়েটারকে উজ্জীবিত করে। থিয়েটার যারা করেন, তাদেরকে সম্মান জানায়।
“তাদের সুখে-দুঃখে, তাদের কষ্টে, তাদের সমস্যায় এই সংগঠনটি এগিয়ে যায়। ফলে এর গুরুত্ব অপরিসীম। সেই ৮০ সালে আমাদের অগ্রজ নাট্যশিল্পীরা এই সংগঠনটি গড়েছিলেন। আজও আমরা এই সংগঠনটিকে ধরে রেখেছি।”
সংকটময় সময়ে হাল ধরার কথা স্মরণ করে তিনি বলেন, “আমরা এখন যে কমিটিটা আছি, একটি সংকট সময়ে হাল ধরেছিলাম ফেডারেশানের। আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের আশা যে, খুব শিগগিরই একটি সম্মেলন করে নতুন কমিটির হাতে ক্ষমতা দিয়ে যাব। সে জন্যে সবাইকে এগিয়ে আসতে হবে। পুরনো-নতুন সবাই এগিয়ে আসবে, সবাই হাতে হাত মিলিয়ে আমাদের সহযোগিতা করতে হবে।”
ফেডারেশানের অনুষ্ঠান সম্পাদক খন্দকার শাহ আলম জানান, ঝিনাইদহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জসহ অন্তত ১২টি জেলায় এবার গ্রুপ থিয়েটার দিবস উদযাপিত হচ্ছে।
‘থিয়েটার তোপখানার’ হাফিজুর রহমান সুরুজ বলেন, “এখন ঐক্য হওয়া দরকার এবং সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। বেশি করে নাটক করার মধ্য দিয়েই নিজেদের পরিচয় দিতে হবে, আর শিগগিরই সম্মেলন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা আগামীতে আরও ত্বরান্বিত হবে বলে আশা করি।”
তপন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে খোরশেদ আলম, খন্দকার আনোয়ারুল ইসলাম ও আব্দুল আজিজ বক্তব্য দেন।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে নৃত্যনাট্য ‘মেহের নিগার। পরিচালনায় ছিলেন নিলুফার ওয়াহিদ পাপড়ি ও ফারহানা চৌধুরী বেবী।
এরপর গান পরিবেশন করেন সংগীতশিল্পী মৈশাল রাজা, শিশির রহমান ও দোয়েল। সংগীতশিল্পী খুরশীদ আলমের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
