০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে ‘পুশ ইনের’ চেষ্টা, বিজিবির বাধায় ভারতে ফেরত

ঠেলে পাঠানো সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 04:29 PM

Updated : 07 Oct 2026, 04:29 PM

পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরে যেতে হয়।

মঙ্গলবার রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

ঠেলে পাঠানোর চেষ্টা করা সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বুধবার সকালে বিজিবি জানায়, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে তারা সীমান্তের কাছাকাছি অবস্থান নেন।

দিনভর সীমান্ত এলাকায় অবস্থানের পর রাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরে যেতে হয় বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ পারাপার, পুশ-ইনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।