মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
ধলা রংমহল সীমান্ত দিয়ে বিএসএফ ঠেলে দেওয়া দলটির মধ্যে ৪ জন নারী।
মেহেরপুর জেলার গাংনী সীমান্ত দিয়ে নারীসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
শনিবার ভোর ৫টার দিকে গাংনী উপজেলার ধলা রংমহল সীমান্ত দিয়ে তাদের এই বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ হয় বলে জানিয়েছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাশেদ হাসান রনি।
তিনি বলেন, আন্তজার্তিক সীমান্ত পিলার ১২৭ নং মেইন পিলার এলাকা দিয়ে ৪ নারী ও ২ জন পুরুষকে পুশইন করার চেষ্টা করে ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের সদস্যরা। দিঘলকান্দি ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে এ চেষ্টা করা হয়।
তবে বিষয়টি টের পেয়ে এ সময় সীমান্তে অবস্থান নেয় বিজিবির রংমহল ক্যাম্পের টহল দল। তারা পুশইন ঠেকাতে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। পরে বিজিবির প্রতিরোধের মুখে ঠেলে দেওয়া দলটিকে ফেরত নেয় বিএসএফ।
তিনি আরো জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে কোনভাবেই পুশইন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সমর্থন সহযোগিতা ও সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানান তিনি।
