১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরীক্ষা শুরু হতে পারে মঙ্গলবার

এই পরীক্ষার পর বোঝা যাবে, কবে চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 09:12 PM

Updated : 16 Nov 2026, 09:12 PM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে দেওয়ার পরীক্ষা চালানো হতে পারে মঙ্গলবার।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক কবীর হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা চালানো হতে পারে।

“পরীক্ষার অংশ হিসাবে কালকে গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। কালকে এটা হবে কিনা, তা অতীতে চালানো পরীক্ষাগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে।”

জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়া মানেই বিদ্যুৎ দেওয়া না বর্ণনা করে তিনি বলেন, “এটা গ্রিড পরীক্ষা-নিরীক্ষার অংশ। ভেতরের কাজ। এই পরীক্ষার পর বোঝা যাবে, কবে চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ যাবে।”

এই পরীক্ষার প্রক্রিয়া ব্যাখ্যা করে প্রকল্প পরিচালক বলেন, “গ্রিড সিনক্রোনাইজেশন হচ্ছে একটা পরীক্ষা। কারণ গ্রিড সিনক্রোনাইজ করলে দেখা যাবে গ্রিডের সঙ্গে নিচ্ছে কিনা, যাকে দিচ্ছি সে নিচ্ছে কিনা। এই পরীক্ষার সময়ও বিদ্যুৎ যাবে। তো এই পরীক্ষা যেহেতু প্রথম যাবে, পাঁচ ঘণ্টার জন্য হোক আর ১০ ঘণ্টার জন্য হোক, তা যাবে। এটা যাওয়ার পরে পরীক্ষা করার পরে বোঝা যাবে, গ্রিডে দেওয়ার উপযোগী কিনা।”

পরীক্ষায় গ্রিডে দেওয়ার উপযোগী হওয়ার ফলাফল মিললে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে দেওয়া হবে বলে তথ্য দেন কবীর হোসেন।