ঝিনাইদহ সীমান্তে একজনকে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করল বিজিবি
বিজিবি জানায়, বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছেন।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত দিয়ে বিএসএফের উদ্যোগে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।
রোববার দুপুরে উপজেলার খোশালপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান জানান।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোশালপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি খালিশপুর ৫৮ বিজিবির খোশালপুর বিওপির টহল দলের নজরে এলে তারা তাৎক্ষণিক তা প্রতিহত করে। বিজিবির বাধার মুখে বিএসএফের ‘পুশ ইনের’ চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি জানায়, বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছেন। বিএসএফের এ ধরনের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
