১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে আলেমদের সাক্ষাৎ

“ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে,” বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে আলেমদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সোমবার আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 10:53 PM

Updated : 19 Oct 2026, 10:53 PM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদল।

সোমবার দুপুরে বঙ্গভবনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে বলে জানিয়েছে রাষ্ট্রপতির দপ্তর।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হারুন ইজহার, মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতীব কাউন্সিলের কো-অর্ডিনেটর ফয়সাল ও খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক আফসার মাহমুদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনামলে বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর অকথ্য নির্যাতন ও কারাগারে দুঃসহ বন্দিজীবনের বেদনার স্মৃতি স্মরণ করে বলেন, স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি।

“ফ্যাসিবাদী দুঃশাসন আর যেন দেশে কখনো ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

রাষ্ট্রপতি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ইসলামি পন্ডিত ও আলেম-ওলেমাদের খুব সম্মান করতেন। ইসলামের প্রতি মমতাবোধ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’ সংযোজন করেন। এছাড়া আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, “আমি এখন সম্পূর্ণ অরাজনৈতিক মানুষ। তবে ইসলামী মূল্যবোধ ও শরীয়ায় আঘাত আসে, এমন কোনো কাজ যেন কেউ না করে, তা তিনি লক্ষ্য রাখবেন।”

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা ও ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলো সফরের ও হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন ও প্রেস সচিব সারওয়ার আলম উপস্থিত ছিলেন।