ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে কয়েক ডজন শ্রমিক আটকা
প্রবল বর্ষণের পর পাশের একটি নদীর পানি উপচে পড়ে উন্মুক্ত সোনার খনিটি প্লাবিত হয়।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ সোনার খনি পানিতে প্লাবিত হওয়ার পর সেখানে কয়েক ডজন শ্রমিক আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার পুলিশ জানিয়েছে, সোমবারের প্রবল বর্ষণের পর পাশের একটি নদীর পানি উপচে পড়ে জাভার বোগোর জেলার উন্মুক্ত সোনার খনিটি প্লাবিত হয় আর তাতে খনিশ্রমিকরা ভেতরে আটকা পড়েন।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোহমাওয়ান এক বিবৃতিতে বলেন, "এখন পর্যন্ত ২৬ জন আটকা পড়ে আছেন।"
জাকার্তা তল্লাশি ও উদ্ধার দপ্তর জানিয়েছে, শ্রমিকরা ৩২৮ ফুট গভীর একটি খনিতে আটকা পড়ে আছেন। সেখানকার প্রবেশের পথটি অত্যন্ত সরু এবং এলাকাটি পিচ্ছিল ও অন্ধকার হয়ে আছে।
তবে উদ্ধার অভিযানের ব্যাপ্তি বা আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর অগ্রগতি সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
জাকার্তা তল্লাশি ও উদ্ধার দপ্তরের প্রধান দেসিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেন, "পানির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং খনির সুড়ঙ্গে প্রবেশের উপায় মূল্যায়ন করতে আমরা অভিযানে নিয়োজিত সব উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করছি।"
তিনি আরও বলেন, "উদ্ধারকর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারেন, সেজন্য তল্লাশি কৌশল নির্ধারণের ক্ষেত্রে সুড়ঙ্গের গভীরতা, সরু প্রবেশপথ এবং আলোর স্বল্পতার বিষয়গুলো প্রধান বিবেচনা হিসেবে রাখা হয়েছে।"
খনিটি রাজধানী জাকার্তা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বোগোরের পার্বত্য অঞ্চল পংকোর এলাকায় অবস্থিত, যেখানে রাষ্ট্রীয় খনি সংস্থা 'অ্যান্টাম' স্বর্ণ উত্তোলন কার্যক্রম পরিচালনা করে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরে এবং অবৈধভাবে খননকাজের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির খনিজ সম্পদগুলো এমন সব দুর্গম এলাকায় অবস্থিত যে সেখানে কর্তৃপক্ষের পক্ষে নজরদারি চালানো বেশ কঠিন।
সংবাদমাধ্যম 'দেতিক' এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বোগোরেরই পৃথক একটি এলাকায় প্রায় ৩০টি স্বর্ণের খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
