১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় এক বাস দুর্ঘটনায় জড়াল ৩২ বাহন, আহত ৫৭

এই দুর্ঘটনায় পড়া যানবাহনগুলোর মধ্যে আছে চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি গাড়ি।

দক্ষিণ কোরিয়ায় এক বাস দুর্ঘটনায় জড়াল ৩২ বাহন, আহত ৫৭

সামনের অংশে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি রাস্তার মাঝখানের বিভাজকের ওপর পড়ে আছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:01 PM

Updated : 11 Nov 2026, 12:01 PM

দক্ষিণ কোরিয়ার বুনদাং জেলায় গণপরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরও অন্তত ৩১টি যানবাহনে আঘাত হানার পর সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে।

দমকল সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে সিউলের দক্ষিণে সংনাম শহরের এ ঘটনায় ৫৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দমকল সংস্থা জানায়, সকাল ৭টা ৩৪ মিনিটে নিয়ন্ত্রণ হারা যাত্রীবাহী বাসটি ওই যানবাহনগুলোকে আঘাত করে, এরমধ্যে কিছু গাড়ি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল। এই দুর্ঘটনায় পড়া যানবাহনগুলোর মধ্যে আছে চারটি বাস, একটি ট্রাক ও ২৭টি গাড়ি।

দমকল সংস্থাটি জানিয়েছে, উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে ৮৮ জন কর্মী ও ৩৩টি গাড়ি মোতায়েন করেছে তারা। সেখানে একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও স্থাপন করেছে।

ছবিতে দেখা গেছে, বাসটির সামনের অংশটি দুমড়েমুচড়ে গেছে আর বাহনটি রাস্তার মাঝখানের বিভাজকের ওপর পড়ে আছে।

সম্প্রচারমাধ্যম কেবিএসের বরাতে রয়টার্স জানিয়েছে, বাসটির চালক আহত হয়েছেন। তাকে বাসটি থেকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করার পরিকল্পনা করেছে পুলিশ। এ জন্য ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ব্ল্যাক্স বক্সের তথ্য ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে তারা।