পল্লবীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
“আমরা তাদের শনাক্ত করতে পেরেছি,” বলছেন ওসি জালাল।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ৬টার পর মিরপুরের ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের বৃষ্টির মধ্যে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাস দুটির একটি বিকল্প পরিবহনের, অন্যটি অভিজাত পরিবহনের।
“আমরা তাদের শনাক্ত করতে পেরেছি। আশা করি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা যাবে।”
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।
এর আগেই বিকল্প পরিবহনের বাসটির সব আসন ও বডি পুড়ে যায়। অন্যদিকে অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কভার পুড়ে যায়।
এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
